মত-পথ, আদর্শ ও দর্শনের ঊর্ধ্বে উঠে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করেছে সরকার। দেশের বিভিন্ন প্রান্তে বোমা বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও সহিংসতার যে পরিস্থিতি তৈরি হয়েছে, তার প্রেক্ষাপটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর এই কথা জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
আজ সোমবার সচিবালয়ে উক্ত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন মাহদী আমিন। তিনি বলেন, “জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়েই ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর মধ্যে দৃঢ় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে। নতুন করে তা গড়ার প্রয়োজন নেই; সরকার সেই ঐক্য আরও সুসংহত করতে চায়।”
বৈঠকে কোনো শর্তের বিষয়ে কথা উঠেনি বলে জানান মাহদী আমিন। তিনি বলেন, “বৈঠকে কোনো ধরনের শর্ত ছিল না। এনসিপির প্রতিনিধিদল তাদের বক্তব্য তুলে ধরেছে, প্রধানমন্ত্রী সরকারের অবস্থান জানিয়েছেন। অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে খোলামেলা আলোচনা হয়েছে।”
মাহদী আমিনের মতে, জুলাইয়ের গণ-অভ্যুত্থানে মানবাধিকার, আইনের শাসন ও বাক্স্বাধীনতাভিত্তিক একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা থেকে সব শ্রেণি, পেশা, ধর্ম, বর্ণ ও মতের মানুষ এক হয়েছিল। প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের এই মতবিনিময়ে সেই একই আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে বলে তিনি উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে স্বনির্ভর বাংলাদেশের যে পথযাত্রা শুরু হয়েছে, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে তা বাস্তবায়ন করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
পতিত ফ্যাসিবাদের সহিংসতা ও নাশকতার বিরুদ্ধে গণতন্ত্রকামী সব রাজনৈতিক দল ও ফ্যাসিবাদবিরোধী শক্তি একজোট হয়ে কাজ করছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র আরও বলেন, পলাতক ফ্যাসিবাদী অপশক্তি বিদেশে আশ্রয় নিয়ে বাংলাদেশে কোনো অস্থিতিশীলতা তৈরি করতে পারবে না। তাদের সব ধরনের নাশকতা মোকাবিলায় সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে।
সংস্কার কার্যক্রম প্রসঙ্গে মাহদী আমিন জানান, জাতীয় জুলাই সনদ বাস্তবায়নে সরকারের অবস্থান অত্যন্ত সুস্পষ্ট। নির্বাচনী ইশতেহার ও নির্বাচনী পথযাত্রায় বিএনপি যেভাবে জুলাই সনদে স্বাক্ষর করেছে, ‘নোট অব ডিসেন্ট’-এর বিষয়গুলোসহ তা শতভাগ বাস্তবায়ন করা হবে; কোনো প্রতিশ্রুতি থেকে সরে আসার সুযোগ নেই।
সংস্কার একটি চলমান প্রক্রিয়া উল্লেখ করে মাহদী আমিন বলেন, সরকার গঠনের পর জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই শতাধিক অধ্যাদেশ আইনে রূপান্তর করা হয়েছে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকার সব সংস্কার বাস্তবায়ন করবে।
এর আগে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বেলা ১টা ২০ মিনিটে শুরু হওয়া প্রায় ৩৫ মিনিটের ওই বৈঠকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন অংশ নেন। বৈঠকে মাহদী আমিন ও জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপুও উপস্থিত ছিলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রী এনসিপির নেতাদের সঙ্গে মধ্যাহ্নভোজে মিলিত হন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী ও এনসিপির নেতাদের মধ্যে আলোচনা হয়েছে।
উল্লেখ্য, ১৮ নভেম্বর জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ আখ্যা দিয়ে সংসদের ভেতরে ও বাইরের গণতান্ত্রিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেন তিনি। সেই সংলাপের প্রথম দিনেই এনসিপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী।