প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আজ সোমবার এক গুরুত্বপূর্ণ সংলাপে বসছে জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্বদানকারী ছাত্রনেতাদের উদ্যোগে গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ বেলা একটায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এই আলোচনা অনুষ্ঠিত হবে।
এনসিপির পক্ষ থেকে এই সংলাপে অংশ নেবেন দলটির আহ্বায়ক এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামসহ মোট তিন নেতা। প্রতিনিধিদলে আরও থাকছেন এনসিপির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন এবং এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
উল্লেখ্য, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ডের প্রেক্ষাপটে গত ১৮ নভেম্বর জাতীয় সংসদে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে একটি অভিন্ন মঞ্চে আসার আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। ওইদিন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমানও দলগুলোর মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তার কথা গুরুত্বের সঙ্গে তুলে ধরেন। এই বিষয়ে প্রধানমন্ত্রী এবং বিরোধীদলীয় নেতা একান্তে আলোচনা করেন। সেই আলোচনার ধারাবাহিকতায় আজ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ প্রক্রিয়া শুরু হচ্ছে।
জাতীয় ঐক্যের লক্ষ্য সামনে রেখে পর্যায়ক্রমে জামায়াতসহ অন্যান্য দলগুলোর সঙ্গেও প্রধানমন্ত্রীর আলোচনার কথা রয়েছে। সেই প্রক্রিয়ার প্রথম দল হিসেবে আজ দুপুরে সরকারপ্রধানের সঙ্গে সংলাপে বসছে এনসিপির নেতারা।
আজ বেলা একটায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির প্রতিনিধিদল আলোচনায় বসবে। এই প্রতিনিধিদলে নাহিদ ইসলাম, আখতার হোসেন ও হাসনাত আবদুল্লাহ থাকছেন।
এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার আজ সকালে মুক্তকণ্ঠকে জানান, “আজ বেলা একটায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির প্রতিনিধিদল আলোচনায় বসবে। প্রতিনিধিদলে থাকছেন নাহিদ ইসলাম, আখতার হোসেন ও হাসনাত আবদুল্লাহ।”
আজকের সংলাপে এনসিপির পক্ষ থেকে কোন বিষয়গুলো উত্থাপন করা হবে, তা গতকাল রোববারই সাংবাদিকদের অবহিত করেছেন নাহিদ ইসলাম। গতকাল সন্ধ্যায় যুক্তরাজ্য থেকে দেশে ফেরার পর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, তাঁরা মূলত শুনতে চাইবেন প্রধানমন্ত্রী আসলে কী চাইছেন, তিনি কীভাবে দেশকে এগিয়ে নিতে চাইছেন এবং বর্তমান পরিস্থিতি মোকাবিলায় তাঁর পরিকল্পনা কী।
নাহিদ ইসলাম আরও বলেন, “আমাদের জায়গা থেকে আমরা তাঁকে (প্রধানমন্ত্রী) সাজেশন দিয়ে আসব—জাতীয় ঐক্যের অবশ্যই সুস্পষ্ট ভিত্তি ও অঙ্গীকার থাকতে হবে এবং বিগত সময়ে যে অঙ্গীকার ভঙ্গ করেছেন, তার জন্য ক্ষমা চাইতে হবে। এমন কিছু করার মাধ্যমেই জাতীয় ঐকমত্যের শুরু করতে হবে, যাতে আমরা আশ্বস্ত হব। সেটার প্রধান ধাপ হচ্ছে সংবিধান সংশোধন কমিটি বাতিল ও সংবিধান সংশোধন পরিষদের শপথ নেওয়া।”