কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে চলমান নাশকতার প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী তারেক রহমান যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন, সেটিকে ইতিবাচক হিসেবে মূল্যায়ন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। প্রধানমন্ত্রীর করা আমন্ত্রণে সাড়া দিয়ে আগামীকাল সোমবার দুপুরে তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছে এনসিপির একটি প্রতিনিধিদল।
আগামীকাল অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশেষ সাক্ষাতে এনসিপির আহ্বায়ক এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে দলটির চার সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেবে বলে জানা গেছে।
যুক্তরাজ্য সফর শেষে নাহিদ ইসলাম আজ রোববার বিকেলে দেশে ফিরবেন। এনসিপি সূত্রে জানা গেছে, নাহিদ ইসলাম দেশে ফেরার পর তাঁর সঙ্গে আলোচনা করে প্রতিনিধিদলের বাকি সদস্যদের নাম চূড়ান্ত করা হবে।
এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সদস্য ও দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার গতকাল শনিবার দিবাগত রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় জানিয়েছেন, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ২৩ নভেম্বর এনসিপির একটি প্রতিনিধিদল তাঁর সঙ্গে সাক্ষাৎ করবে।
বার্তায় উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রীর এই আমন্ত্রণকে এনসিপি ইতিবাচক হিসেবে গ্রহণ করেছে। একই সঙ্গে বার্তায় আরও বলা হয়, “গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার এবং জুলাই গণহত্যার বিচার জাতীয় ঐক্যের ভিত্তি হতে হবে বলে মনে করে এনসিপি।”
সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে, ইতিমধ্যে ক্ষমতাসীন দল বিএনপি এবং প্রধানমন্ত্রীর কার্যালয় এই সংলাপ আয়োজনের প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছে।