জুলাই গণ-অভ্যুত্থানে সক্রিয় থাকা ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারের উচ্চপর্যায় এবং প্রধানমন্ত্রীর দপ্তরের দায়িত্বশীল একাধিক সূত্র থেকে জানা গেছে যে, খুব শীঘ্রই এই সংলাপের প্রক্রিয়া শুরু হতে পারে।
সংশ্লিষ্ট সূত্রগুলো আরও জানিয়েছে, বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ডের যে প্রেক্ষাপট তৈরি হয়েছে, তার বিপরীতে জাতীয় ঐক্যের লক্ষ্য সামনে রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে পৃথক পৃথক মতবিনিময় বা সংলাপের প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। জানা গেছে, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই গুরুত্বপূর্ণ সংলাপগুলো অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।