রাজধানীর কুতুবখালী খালটি বারবার পরিষ্কার করার পরেও পলিথিন ও নানা ধরনের ময়লা-আবর্জনায় ভরাট হয়ে যাচ্ছে। এই দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার সমস্যা নিরসনে খালটির দক্ষিণ ও উত্তর অংশে পুনরায় পরিষ্কার এবং পুনঃখননের কাজ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আগামী দুই মাসের মধ্যে এই খাল থেকে প্রায় ১১ হাজার ১৪৫ ঘনমিটার বর্জ্য ও পলি অপসারণ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কর্তৃপক্ষ।
আজ সোমবার দুপুরে উত্তর যাত্রাবাড়ী এলাকায় এই বিশেষ কার্যক্রমের উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম। প্রকল্পের আওতায় দক্ষিণ কুতুবখালী খালের দোলাইরপাড়ের গোলাপবাগসংলগ্ন এলাকা থেকে শুরু করে যাত্রাবাড়ীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পর্যন্ত এবং উত্তর কুতুবখালী খালের মহাসড়ক থেকে শনির আখড়া আন্ডারপাস পর্যন্ত মোট ১ দশমিক ৯৭৫ কিলোমিটার অংশ পরিষ্কার ও পুনঃখনন করা হবে। এছাড়া খালের দুই পাড়ে বৃক্ষরোপণের পরিকল্পনাও রয়েছে সিটি করপোরেশনের।
ডিএসসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫০ ও ৬২ নম্বর ওয়ার্ডের এই কাজগুলো সম্পন্ন হলে খালের পানিপ্রবাহ স্বাভাবিক হবে, যার ফলে এলাকার জলাবদ্ধতা অনেকাংশে হ্রাস পাবে। সংস্থাটির হিসাব অনুযায়ী, এই উদ্যোগের ফলে ওই এলাকার প্রায় ১৫ লাখ মানুষ উপকৃত হবেন। পাশাপাশি জমে থাকা আবর্জনা সরিয়ে ফেলার মাধ্যমে মশার প্রজননস্থল কমিয়ে জনস্বাস্থ্য ঝুঁকি কমানোর লক্ষ্যও রাখা হয়েছে এই কর্মসূচিতে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক মো. আবদুস সালাম বলেন, “কুতুবখালী খাল আগেও একাধিকবার পরিষ্কার করা হয়েছে। কিন্তু পলিথিন ও আবর্জনা ফেলায় সেটি বারবার ভরাট হচ্ছে। নাগরিকেরা সচেতন না হলে শুধু সিটি করপোরেশনের পক্ষে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।”
তিনি আরও আহ্বান জানান যে, খনন কাজ শেষ হওয়ার পর যেন খালে পুনরায় আবর্জনা ফেলা না হয় এবং খালের জায়গা দখল করে কোনো দোকানপাট বসানো না হয়। একইসঙ্গে খাল ও নালা পরিষ্কারের এই মহৎ কাজে দলমত-নির্বিশেষে সবাইকে অংশ নেওয়ার অনুরোধ জানান ডিএসসিসি প্রশাসক।
উল্লেখ্য যে, ডিএসসিসির আওতাধীন মোট ২২টি খাল পুনরুদ্ধার, পরিষ্কার ও পুনঃখননের একটি বিশেষ কর্মসূচি গত ১৬ নভেম্বর থেকে শুরু হয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে ওই দিন কোনাপাড়া-কদমতলা এবং ১৮ নভেম্বর ডগাইর-বামৈল খালের কাজের উদ্বোধন করা হয়েছিল।