তিন হাজার বছরেরও বেশি আগে চীনের শাসকরা অনুধাবন করেছিলেন যে, একটি রাষ্ট্র সঠিকভাবে পরিচালনার জন্য জনসংখ্যার সঠিক হিসাব অত্যন্ত জরুরি। পশ্চিম চৌ রাজবংশের সময়ে প্রতি বছর একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হতো, যেখানে কর্মকর্তারা রাজাকে জনসংখ্যার সর্বশেষ হিসাব প্রদান করতেন। তৎকালীন সময়ে তাঁদের বিশ্বাস ছিল যে, একটি বিশেষ নক্ষত্র জনসংখ্যা নিয়ন্ত্রণ করে।

পরবর্তী সময়ে ছি রাজ্যের প্রধানমন্ত্রী গুয়ান জং একটি গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন, “জনসংখ্যার নির্ভরযোগ্য হিসাব ছাড়া দেশ চালানো মানে নৌকা ও দাঁড় ছাড়া নদী পার হওয়া।” খ্রিষ্টপূর্ব ২২১ সালে চীনকে একীভূত করে ছিন সাম্রাজ্য প্রতিষ্ঠার ক্ষেত্রে নির্ভরযোগ্য জনসংখ্যার হিসাব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সেই সময়ে হিসাবের ক্ষেত্রে জালিয়াতি করার শাস্তি ছিল রাষ্ট্রত্যাগের মতোই কঠোর।

অন্যদিকে, সোভিয়েত ইউনিয়নে রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য জনসংখ্যার হিসাব বিকৃত করা হয়েছিল। ১৯২৯ সালে জোসেফ স্তালিনের কৃষি সমবায় কর্মসূচির কারণে সেখানে এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। স্তালিন দাবি করেছিলেন, “১৯৩৩ সালে সোভিয়েত ইউনিয়নের জনসংখ্যা ছিল ১৬ কোটি ৮০ লাখ।” তাঁর প্রত্যাশা ছিল, ১৯৩৭ সালের আদমশুমারিতে এই সংখ্যা ১৮ কোটিতে পৌঁছাবে। কিন্তু প্রকৃত হিসাবে তা পাওয়া যায় ১৬ কোটি ২০ লাখ। স্তালিন এই ফলাফলকে একটি রাজনৈতিক বিপর্যয় হিসেবে গণ্য করেন।

এর ফলে আদমশুমারি বিভাগের প্রধান অলিম্পি কভিটকিনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। সরকারি পত্রিকা প্রাভদা তাঁদের বিরুদ্ধে জনসংখ্যা কম দেখানোর অভিযোগ তোলে। পরবর্তীতে কভিটকিনকে গুলি করে হত্যা করা হয় এবং আদমশুমারির ফলাফল প্রকাশ বন্ধ করে দেওয়া হয়। ১৯৩৯ সালের নতুন আদমশুমারিতে জনসংখ্যা দেখানো হয় ১৭ কোটি ৫ লাখ, তবে অসংগতির কারণে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হয়নি।

রাশিয়ায় ষাটের দশকেই জন্মহার জনসংখ্যা স্থিতিশীল রাখার প্রয়োজনীয় মাত্রার নিচে নেমে গিয়েছিল। জনসংখ্যাবিদ আনাতোলি বিশনেভস্কির মতে, কর্মকর্তারা বিভিন্ন কৌশলে এই সমস্যাটি আড়াল করে রেখেছিলেন। আশির দশকে কর্মক্ষম মানুষের সংখ্যা কমতে শুরু করলেও সোভিয়েত নেতারা তা বুঝতে পারেননি। বরং তাঁরা আফগানিস্তানের যুদ্ধসহ বিদেশে ব্যয়বহুল কর্মকাণ্ডে অর্থ ব্যয় করে গেছেন।

সোভিয়েত মডেল অনুসরণ করে চীনও পরিসংখ্যান বিকৃতির পথে হাঁটে। মাও সে-তুংয়ের ‘গ্রেট লিপ ফরোয়ার্ড’ কর্মসূচির সময় স্থানীয় কর্মকর্তারা শস্য উৎপাদনের পরিমাণ বাড়িয়ে দেখান। তাঁদের লক্ষ্য ছিল যুক্তরাজ্যকে ছাড়িয়ে যুক্তরাষ্ট্রের সমকক্ষ হওয়া।

দীর্ঘদিন ভুল পরিসংখ্যানের ওপর নির্ভর করার ফলে চীনা সরকারের পক্ষে সত্য স্বীকার করা কঠিন হয়ে পড়ে। এতে সরকারের বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হতো এবং এক সন্তান নীতির ভয়াবহ ভুলগুলো সামনে চলে আসত। পাশাপাশি বিদেশি বিনিয়োগকারী ও বিভিন্ন সরকার যে ভুল তথ্যের ভিত্তিতে চীন সম্পর্কে কৌশল নির্ধারণ করেছে, তা প্রকাশ হয়ে পড়ত।

চীনের এক সন্তান নীতির পেছনে ছিল অতিরঞ্জিত জনসংখ্যার পূর্বাভাস। ১৯৭৯ সালে এই নীতি চালুর প্রস্তাব এলেও এর পেছনে কোনো বৈজ্ঞানিক ভিত্তি ছিল না। তখন রকেটবিজ্ঞানী ছিয়ান সুয়েসেনের শিষ্য সং জিয়ান পূর্বাভাস দেন, জনসংখ্যা নিয়ন্ত্রণ না করলে ২০৮০ সালে চীনের জনসংখ্যা ৪৩০ কোটিতে পৌঁছাতে পারে। এই হিসাবের ওপর ভিত্তি করেই ১৯৮০ সালে এক সন্তান নীতি চালু করা হয়।

১৯৯১ সালের দিকে চীনের জন্মহার প্রয়োজনীয় মাত্রার নিচে নেমে গেলেও সরকার জন্মসংক্রান্ত পরিসংখ্যান বাড়িয়ে দেখাতে থাকে। ২০০০ সালের আদমশুমারিতে এক বছরের কম বয়সী শিশুর সংখ্যা পাওয়া যায় ১ কোটি ৩৮ লাখ, অথচ সরকারি হিসাবে ওই বছর জন্ম হয়েছিল ১ কোটি ৭৭ লাখ শিশুর। ২০০২ সালে পরিবার পরিকল্পনা বিভাগের এক কর্মকর্তা লেখেন, আদমশুমারির হিসাব সঠিক হলে পরিবার পরিকল্পনা নীতির আর প্রয়োজন থাকার কথা নয়। ২০১৪ সালে চীনের জনসংখ্যা সমিতির সভাপতি ঝাই ঝেনউ দাবি করেন, দুই সন্তান নীতি চালু হলে জন্মহার ৪ দশমিক ৫-এ উঠবে এবং বছরে প্রায় পাঁচ কোটি শিশুর জন্ম হবে।

দীর্ঘদিন ভুল পরিসংখ্যানের ওপর নির্ভর করার ফলে চীনা সরকারের পক্ষে সত্য স্বীকার করা কঠিন হয়ে পড়ে। এতে সরকারের বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হতো। এক সন্তান নীতির ভয়াবহ ভুলও স্বীকার করতে হতো। পাশাপাশি বিদেশি বিনিয়োগকারী ও সরকারগুলো যে ভুল তথ্যের ভিত্তিতে চীন সম্পর্কে কৌশল নির্ধারণ করেছে, তা প্রকাশ পেত।

সম্প্রতি কনটেম্পোরারি চায়না রিভিউ সাময়িকীতে প্রকাশিত আমার গবেষণায় দেখিয়েছি, চীনের সরকারি জনসংখ্যার হিসাব অন্তত ১৩ কোটি বেশি। এই অসংগতির বড় অংশ ১৯৯০ সালের পর জন্ম নেওয়া মানুষদের নিয়ে। অতিরঞ্জিত জনসংখ্যার হিসাব চীনের অর্থনীতি যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাওয়ার পূর্বাভাস তৈরি করেছে। এতে চীনা নেতাদের মধ্যে বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য নিজেদের দিকে চলে আসছে বলে আত্মবিশ্বাস জন্মেছে।

চীনের অর্থনৈতিক শক্তি নিয়ে যুক্তরাষ্ট্রেও অতিরঞ্জিত মূল্যায়ন হয়েছে। এর ফলে দুই দেশের মধ্যে সংঘাত অনিবার্য—এমন ‘থুসিডাইডিস ফাঁদ’ তত্ত্ব জনপ্রিয়তা পেয়েছে। অথচ উভয় দেশের নীতিনির্ধারকেরাই চীনের জনসংখ্যাগত দুর্বলতা উপেক্ষা করেছেন। দেশটির কর্মক্ষম মানুষের সংখ্যা কমছে, যার ফলে অর্থনীতির গতিও দুর্বল হচ্ছে। স্বৈরশাসকেরা রাজনৈতিক স্বার্থে জনসংখ্যার প্রকৃত চিত্র আড়াল করতে পারেন, কিন্তু সেই বাস্তবতা একসময় রাষ্ট্রের জন্য বড় সংকট হয়ে দেখা দেয়।

— ই ফুসিয়ান, যুক্তরাষ্ট্রের উইসকনসিন-ম্যাডিসন বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ বিজ্ঞানী।

স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট। ইংরেজি থেকে অনূদিত।