চূড়ান্ত হওয়ার পথে রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রতি ইউনিট বিদ্যুতের দাম। এক সময় প্রতি ইউনিট পাঁচ থেকে ছয় টাকায় পাওয়ার প্রত্যাশা থাকলেও, বর্তমানে এত সস্তায় বিদ্যুৎ পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। বিদ্যুৎকেন্দ্রটির বর্তমান হিসাব অনুযায়ী ইউনিটপ্রতি খরচ দাঁড়িয়েছে প্রায় ১০ টাকার মতো। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, সরকারের যথাযথ নীতি সহায়তার মাধ্যমে এই খরচ কমানোর সুযোগ রয়েছে।

দেশের সব বিদ্যুৎকেন্দ্র থেকে চুক্তি অনুযায়ী বিদ্যুৎ ক্রয় করে থাকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে খুব শীঘ্রই বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে এক দফায় পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। বাণিজ্যিক উৎপাদন শুরু হওয়ার আগেই রূপপুর বিদ্যুৎকেন্দ্রের সঙ্গে বিদ্যুৎ ক্রয়ের চুক্তি সম্পন্ন করবে পিডিবি। বর্তমানে দাম নির্ধারণের বিষয়ে চূড়ান্ত আলোচনা চলছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দেশের ইতিহাসে একক বৃহত্তম প্রকল্প। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন পরমাণু শক্তি কমিশন এই প্রকল্পটি বাস্তবায়ন করছে। কমিশনের অধীনে পরিচালনার দায়িত্ব পালন করছে সরকারি কোম্পানি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)। রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট এখানে ১ হাজার ২০০ মেগাওয়াটের দুটি ইউনিট নির্মাণ করছে।

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের পক্ষ থেকে ইতিমধ্যে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনের একটি সম্ভাব্য খরচ বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে জমা দেওয়া হয়েছে। এনপিসিবিএল সূত্র জানায়, একটি বিদ্যুৎকেন্দ্রের মোট আয়ুষ্কালে সব ধরনের খরচকে সম্ভাব্য মোট উৎপাদিত বিদ্যুৎ দিয়ে ভাগ করে প্রতি ইউনিটের গড় খরচ হিসাব করা হয়। তবে বিভিন্ন উপাদানের ওপর ভিত্তি করে এই খরচ বাড়তে বা কমতে পারে। তাই আলাদা আলাদা হিসাব করে প্রস্তাবটি তৈরি করা হয়েছে। এখন বিষয়টি সরকারের নীতি সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। আগামী সপ্তাহে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে এ বিষয়ে একটি নীতিগত সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

গত বছরের নভেম্বরে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের খরচ হিসাব করার জন্য ১৭ ধরনের তথ্যের অনুরোধ জানিয়ে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনকে একটি চিঠি দিয়েছিল পিডিবি। সূত্রমতে, অধিকাংশ তথ্য দেওয়া হলেও কিছু তথ্য রূপপুর কর্তৃপক্ষ দিতে পারেনি। তবে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তারা দাবি করছেন, প্রয়োজনীয় সব তথ্যই প্রদান করা হয়েছে। তাদের মতে, কেন্দ্রটি মেয়াদ শেষে স্থায়ীভাবে বন্ধ করার বা ডিকমিশনিং খরচ এখন বলা সম্ভব নয়। এছাড়া ব্যবহৃত জ্বালানিবর্জ্য অপসারণের বিষয়ে এখনো কোনো বাণিজ্যিক চুক্তি হয়নি, তাই এই খরচগুলো এখন নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তবে আন্তর্জাতিক মান বজায় রেখে একটি আনুমানিক খরচ হিসাব করা হয়েছে। বিদ্যুৎকেন্দ্রের খরচ বৈদেশিক মুদ্রায় হওয়ায় দামও ডলারে নির্ধারণ করা হয়েছে, যা প্রতি ইউনিট ৮ সেন্টের কিছু বেশি এবং বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ টাকার মতো।

পিডিবির চেয়ারম্যান মো. রেজাউল করিম মুক্তকণ্ঠকে বলেন, “রূপপুর থেকে সব তথ্য পাওয়া যায়নি, কিছু এখনো বাকি আছে। বিদ্যুৎকেন্দ্রটির মেয়াদ ৬০ বছর ধরে খরচ হিসাব করতে বলা হয়েছে, তারা শুরুতে ৫০ বছর ধরে করতে চেয়েছিল। ৬০ বছর ধরায় ইউনিটপ্রতি খরচ কমবে। খরচ যত কমানো যায়—পিডিবির সেটিই চিন্তা।”

অন্যদিকে, ভারতের রাষ্ট্রায়ত্ত সংস্থা নিউক্লিয়ার পাওয়ার করপোরেশন অব ইন্ডিয়া লিমিটেডের ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক প্রতিবেদনে দেখা যায়, ভারতে মোট চারটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রয়েছে। ১৯৬৯ সালে চালু হওয়া মহারাষ্ট্রের তারাপুর কেন্দ্রের প্রতি ইউনিট বিদ্যুতের দাম ২ দশমিক ৭৩ রুপি। আর ২০১৭ সালে উৎপাদনে আসা তামিলনাড়ুর কুদানকুলাম কেন্দ্রে প্রতি ইউনিটের দাম ৩ দশমিক ৮৮ রুপি। সব মিলিয়ে গড়ে প্রতি ইউনিটের দাম ৩ দশমিক ৮৩ রুপি এবং করসহ বিক্রি করা হয়েছে গড়ে ৩ দশমিক ৯০ রুপিতে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৫ টাকার সমান।

বিশেষজ্ঞদের মতে, ভারত বাণিজ্যিক অর্থায়নের মাধ্যমে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করেছে, আর বাংলাদেশ সরকারি পর্যায়ে বিনিয়োগ করেছে। তাই ভারতের চেয়ে খরচ বেশি হওয়ার কোনো যৌক্তিক কারণ নেই।

বর্তমানে দেশে কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদনের গড় খরচ প্রতি ইউনিট ১১ টাকা, যদিও মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রে এই খরচ ৮ টাকা ৪৫ পয়সা। গ্যাসচালিত কেন্দ্রে খরচ ৭ টাকা এবং তেলচালিত কেন্দ্রে ২২ টাকার বেশি। পিডিবির নিজস্ব উৎপাদন খরচ গড়ে ১১ টাকার বেশি হলেও পাইকারি পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুৎ ৮ টাকা ১৮ পয়সায় বিক্রি করে সংস্থাটি, যার ফলে প্রতিবছর তাদের লোকসান বাড়ছে। তাই পারমাণবিক বিদ্যুৎ কিনে এই লোকসান আরও বাড়াতে চায় না পিডিবি।

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, ২০১৫ সালে চুক্তির সময় ইউনিটপ্রতি খরচ পাঁচ থেকে ছয় টাকা ধরা হয়েছিল। কিন্তু গত ১১ বছরে ডলারের দাম বেড়েছে প্রায় ৮০ শতাংশ। শুধু এই হিসাবেই খরচ বেড়ে ৯ টাকা হওয়ার কথা। এছাড়া অভিজ্ঞতা কম থাকায় উৎপাদন সক্ষমতার হার বা প্ল্যান্ট ফ্যাক্টর কিছুটা কমিয়ে দেখানো হয়েছে, যা খরচ বাড়িয়ে দিয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর মুনাফা এবং পারমাণবিক দুর্ঘটনার ঝুঁকিবিমার কথা চিন্তা করা হলে খরচ আরও বাড়বে।

এনপিসিবিএলের কর্মকর্তারা দাবি করছেন, ভারতের সঙ্গে তুলনা করার সুযোগ নেই কারণ তারা ২০১৭ সালে উৎপাদনে এসেছে। আন্তর্জাতিক পারমাণবিক সংস্থার নির্দেশনা মেনেই দাম নির্ধারণ করা হবে এবং এতে সামান্য তারতম্য হতে পারে, তবে খুব বেশি হওয়ার সম্ভাবনা নেই। অনেক দেশেই বাংলাদেশের চেয়ে বেশি খরচে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেন মুক্তকণ্ঠকে বলেন, “বিদ্যুতের ট্যারিফ নির্ধারণে বেশ কিছু প্যারামিটার এখনো চূড়ান্ত করা যায়নি। বিদ্যুৎকেন্দ্র পরিচালনার সঙ্গে জড়িত কিছু চুক্তি এখনো বাকি, খরচ নিশ্চিত নয়। এর একটি আন্তর্জাতিক কাঠামো আছে। সেটি মেনেই কাজ চলছে। পিডিবি, এনপিসিবিএল ও পরমাণু শক্তি কমিশন আলোচনা করছে। দাম চূড়ান্ত করতে আরও সময় লাগবে।”

রূপপুর প্রকল্পের মেয়াদ ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ছিল, যা দুই দফায় বাড়িয়ে ২০২৮ সালের জুন পর্যন্ত করা হয়েছে। চুক্তির শর্ত অনুযায়ী মেয়াদ বাড়লেও প্রকল্পের খরচ বাড়ানোর সুযোগ নেই, তবে ডলারের মূল্যবৃদ্ধির কারণে প্রকল্পের খরচ ২৬ হাজার কোটি টাকা বেড়েছে। মোট ১ লাখ ৩৮ হাজার ৬৮৬ কোটি টাকা ব্যয়ে এই বিদ্যুৎকেন্দ্র নির্মিত হচ্ছে।

পারমাণবিক বিদ্যুৎ-বিশেষজ্ঞদের মতে, এই ধরনের কেন্দ্রের ৭০ শতাংশ খরচ হয় মূলধনি খাতে এবং বাকি ৩০ শতাংশ দিয়ে কেন্দ্রটি পরিচালিত হয়। ইউনিটপ্রতি উৎপাদন খরচ মূলত তিনটি বিষয়ের ওপর নির্ভর করে: মোট আয়ুষ্কাল, প্ল্যান্ট ফ্যাক্টর এবং ডিসকাউন্ট রেট। রূপপুরের ক্ষেত্রে আয়ুষ্কাল ৬০ বছরের পরিবর্তে ৮০ বছর ধরার সুযোগ আছে। আন্তর্জাতিকভাবে প্ল্যান্ট ফ্যাক্টর ৯২ শতাংশ ধরা হয়, যা রূপপুরেও প্রয়োগ করা সম্ভব। এছাড়া ডিসকাউন্ট রেট সাধারণত ৫ থেকে ৬ শতাংশ হয়, যদিও বাংলাদেশে অন্যান্য প্রকল্পে ১২ শতাংশ ধরা হয়। রূপপুরের জন্য ৬ থেকে ১২ শতাংশের আলাদা হিসাব দেওয়া হয়েছে, যা কমিয়ে ৫ থেকে ৬ শতাংশে আনা সম্ভব।

দুজন বিশেষজ্ঞ জানিয়েছেন, আয়ুষ্কাল ও প্ল্যান্ট ফ্যাক্টর ঠিক থাকার পরও যদি ডিসকাউন্ট রেট ৫ শতাংশের বদলে ১২ শতাংশ ধরা হয়, তবে প্রতি ইউনিট খরচ চার টাকার বেশি বেড়ে যেতে পারে।

রূপপুর বিদ্যুৎকেন্দ্র সূত্র জানায়, পরিচ্ছন্ন ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের উৎস হিসেবে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আলাদা গুরুত্ব রয়েছে। তাই দাম নিয়ন্ত্রণে রাখতে সরকারের বিশেষ নীতি সহায়তা প্রয়োজন, অন্যথায় পিডিবি ও এনপিসিবিএল এককভাবে এটি সমাধান করতে পারবে না। সরকার যদি মূল তিন সূচকের বিষয়ে সিদ্ধান্ত নেয়, তবে খরচ উল্লেখযোগ্যভাবে কমবে এবং দাম সহনীয় পর্যায়ে রাখা সম্ভব হবে।

রাশিয়ার দেওয়া ঋণের পরিশোধকাল ২০ বছর। এর ফলে শুরুতে কোম্পানির খরচ বাড়বে এবং দাম বেশি রাখতে হবে। তবে সরকার চাইলে ঋণ পরিশোধের মেয়াদ ৪০ বা ৬০ বছর করতে পারে এবং প্রথম ২০ বছর ভর্তুকি প্রদান করতে পারে, যা প্রতি ইউনিটের দাম কমিয়ে আনবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শফিকুল ইসলাম মুক্তকণ্ঠকে বলেন, “পরিচালন, রক্ষণাবেক্ষণ, বর্জ্য অপসারণ ও বিদ্যুৎকেন্দ্র পুরোপুরি বন্ধ করার খরচ আন্তর্জাতিক মান ধরে হিসাব করা যেতে পারে। বিশেষজ্ঞ দিয়ে সব খরচ বিশ্লেষণ করা দরকার। ডলারের কারণে কিছুটা খরচ বেড়েছে। সব মিলে রূপপুরের ক্ষেত্রে প্রতি ইউনিটে খরচ হতে পারে বড়জোর আট টাকা। তবে সরকার সহায়তা দিলে এটি ছয় থেকে সাত টাকার মধ্যে রাখা সম্ভব।”