দেশের ইতিহাসে দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো পারমাণবিক বিদ্যুৎ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে পুনরায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের প্রক্রিয়া শুরু করা হয়েছে। তবে কেন্দ্রটি এখনই বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদনে যাচ্ছে না; মূলত কারিগরি পরীক্ষা-নিরীক্ষার উদ্দেশ্যেই এই বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম চালানো হচ্ছে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প পরিচালক মো. কবীর হোসেন মুক্তকণ্ঠকে বলেন, “দ্বিতীয়বারের মতো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু করা হলো আজ সোমবার সকাল ১০টা ২০ মিনিটে। এবার ১০ থেকে ২৪ ঘণ্টা পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ করা হবে। এ পর্যায়ে ৩০০-৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হবে।”
এর আগে গত মঙ্গলবার বেলা ৩টা ১৬ মিনিটে রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩৫০ মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছিল। পরবর্তীতে সেই পরিমাণ কমিয়ে ৩০০ মেগাওয়াটে নামিয়ে আনা হয়। টানা ৮ ঘণ্টা ৩৪ মিনিট বিদ্যুৎ সরবরাহের পর কেন্দ্রটি থেকে সরবরাহ বন্ধ করা হয়েছিল।
এই পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের সময়ে বিদ্যুৎকেন্দ্রের টারবাইন, জেনারেটর এবং গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালন ব্যবস্থার কার্যকারিতা ও স্থিতিশীলতা পর্যবেক্ষণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কারিগরি পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হবে। এসব পরীক্ষার প্রয়োজনে পরবর্তীতে বিদ্যুৎকেন্দ্রটিকে পুনরায় জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। উল্লেখ্য, আগের দফায়ও এই ধরনের কিছু পরীক্ষা চালানো হয়েছে।
রূপপুর বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার নির্দেশিকা ও মানদণ্ড অনুসরণ করে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ধাপে ধাপে বাড়ানোর পরীক্ষামূলক পর্যায় গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে। নকশাগত ও নিয়ন্ত্রক শর্ত অনুসরণ করে বিদ্যুৎ সরবরাহ শুরুর পর পারমাণবিক চুল্লিপাত্র, টারবাইন, জেনারেটরসহ বেশ কিছু যন্ত্রপাতি ও স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থার কার্যকারিতা যাচাই করা হবে। এসব পরীক্ষার প্রয়োজনে প্রথম ইউনিটটি বিভিন্ন সময়ে সাময়িকভাবে বন্ধ রাখা হতে পারে এবং বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহের পরিমাণে হ্রাস-বৃদ্ধি করা হবে। তবে পুরো সময়জুড়েই গ্রিডে সরবরাহকৃত বিদ্যুৎ ব্যবহারের সুযোগ পাবেন গ্রাহকেরা।
পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সূত্র আরও জানাচ্ছে যে, পরীক্ষামূলক পর্যায়ে জাতীয় গ্রিডে নিরবচ্ছিন্ন ও স্থিতিশীল বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে না। রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের সাময়িক বন্ধ রাখা এবং বিদ্যুৎ সরবরাহের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে জাতীয় গ্রিডের ভারসাম্য বজায় রাখতে গ্রিড পরিচালনাকারী কোম্পানি পিজিসিবি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। পাশাপাশি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কর্মকর্তারাও সরবরাহ পরিস্থিতির ওপর নজরদারি চালাবেন।
উৎপাদন সক্ষমতা পর্যায়ক্রমে ১০০ শতাংশে উন্নীত করার জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) কাছ থেকে প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন নিতে হবে। তাই পরীক্ষা শেষে প্রাপ্ত ফলাফলের প্রতিবেদনটি রূপপুর কর্তৃপক্ষ বায়েরার কাছে জমা দেবে। তাদের অনুমোদনের পর সক্ষমতা বাড়ানোর কার্যক্রম শুরু হবে এবং একই সঙ্গে গ্রিডে পরীক্ষামূলক সরবরাহ অব্যাহত থাকবে। বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ধাপে ধাপে ১০০ শতাংশে উন্নীত করতে কয়েক মাস সময় লাগতে পারে। রাশিয়ার ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুযায়ী ১০ মাসের পরীক্ষামূলক পরিচালনা সম্পন্ন হলে স্থায়ীভাবে পূর্ণ ক্ষমতায় প্রথম ইউনিট থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ করা হবে।
বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তাদের মতে, কার্যক্রম শুরুর পর টানা কয়েক মাস পরীক্ষামূলক উৎপাদন চলতে পারে। তবে গ্রিডে বিদ্যুৎ পৌঁছানোর মধ্য দিয়ে বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশ হিসেবে গণ্য হলো বাংলাদেশ। যদিও এর আনুষ্ঠানিক স্বীকৃতি আসবে পরীক্ষা-নিরীক্ষার পর পুরোদমে সরবরাহ শুরু হলে। এর আগে ২০২৩ সালের অক্টোবরে প্রকল্প এলাকায় পারমাণবিক জ্বালানি আসার পর রূপপুর বিদ্যুৎকেন্দ্র পারমাণবিক স্থাপনা হিসেবে স্বীকৃতি পায়। জ্বালানি বুঝে নেওয়ার সঙ্গে সঙ্গেই পারমাণবিক শক্তির অধিকারী দেশের তালিকায় নাম ওঠে বাংলাদেশের।
দেশের ইতিহাসে সবচেয়ে বড় একক প্রকল্প হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন পরমাণু শক্তি কমিশন এই প্রকল্পটি বাস্তবায়ন করছে। কমিশনের অধীনে পরিচালনার দায়িত্ব পালন করছে সরকারি কোম্পানি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)। রূপপুরে ১ হাজার ২০০ মেগাওয়াটের দুটি ইউনিট নির্মাণ করছে রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট।
প্রকল্পটির মেয়াদ ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ছিল, যা দুই দফায় বাড়িয়ে ২০২৮ সালের জুন পর্যন্ত করা হয়েছে। ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুযায়ী মেয়াদ বাড়লেও প্রকল্পের খরচ বাড়ানোর সুযোগ নেই। তবে ডলারের দাম বৃদ্ধির কারণে প্রকল্পের খরচ ২৬ হাজার কোটি টাকা বেড়েছে। সব মিলিয়ে রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ১ লাখ ৩৮ হাজার ৬৮৬ কোটি টাকা খরচ হবে।