দেশের ইতিহাসে প্রথমবারের মতো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশ বিশ্বের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশগুলোর তালিকায় ৩৩তম স্থানে উঠে এল। তবে কেন্দ্রটি এখনই পূর্ণ বাণিজ্যিক উৎপাদনে যাচ্ছে না; বরং সক্ষমতা ও নিরাপত্তা যাচাইয়ের লক্ষ্যে আপাতত পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ করা হবে।
গত মঙ্গলবার বেলা ৩টা ১৬ মিনিটে রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩৫০ মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। বিদ্যুৎকেন্দ্রের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এই পরীক্ষামূলক উৎপাদন প্রক্রিয়া টানা কয়েক মাস চলতে পারে। যদিও গ্রিডে বিদ্যুৎ পৌঁছানোর মধ্য দিয়ে বাংলাদেশ পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের তালিকায় ৩৩তম দেশ হিসেবে গণ্য হলো, তবে এর আনুষ্ঠানিক স্বীকৃতি আসবে সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা শেষে পুরোদমে বিদ্যুৎ সরবরাহ শুরু হলে।
এর আগে ২০২৩ সালের অক্টোবরে প্রকল্প এলাকায় পারমাণবিক জ্বালানি পৌঁছানোর পর রূপপুর বিদ্যুৎকেন্দ্র পারমাণবিক স্থাপনা হিসেবে স্বীকৃতি পায়। জ্বালানি বুঝে নেওয়ার সাথে সাথেই বাংলাদেশ পারমাণবিক শক্তির অধিকারী দেশগুলোর তালিকায় নাম অন্তর্ভুক্ত করে।
জাতীয় গ্রিডে পারমাণবিক বিদ্যুৎ সরবরাহের বিষয়ে গতকাল পাবনার রূপপুর বিদ্যুৎকেন্দ্রের সামনে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম সাংবাদিকদের বলেন, “পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সর্বোচ্চ ৩৫০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। ফলাফল অত্যন্ত সন্তোষজনক। পরবর্তী সময়ে গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখতে তা কমিয়ে ৩০০ মেগাওয়াটে স্থির রাখা হয়।”
রূপপুর কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, রাশিয়ার ঠিকাদারের সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী ১০ মাসের পরীক্ষামূলক পরিচালনা সম্পন্ন হলে স্থায়ীভাবে পূর্ণ ক্ষমতায় প্রথম ইউনিট থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ করা হবে।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পর্যবেক্ষণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, “সংস্থাটির প্রতিনিধিদল প্রকল্পের সার্বিক অগ্রগতি ও নিরাপত্তাব্যবস্থায় অত্যন্ত সন্তুষ্ট। এ কারণেই আজকের এই সফল গ্রিড সিনক্রোনাইজেশন পরীক্ষা সম্পন্ন করা সম্ভব হয়েছে। গ্রিডে যুক্ত হওয়ার মাধ্যমে বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করল, যা পুরো জাতির জন্য এক অত্যন্ত আনন্দের সংবাদ।”
এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক জাহেদুল হাছান এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের পরিচালক মো. কবীর হোসেন।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ নির্মাণ প্রকল্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরীক্ষামূলক সংযোগের আওতায় উৎপাদিত বিদ্যুৎ গতকাল ৮ থেকে ১০ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহ করার কথা ছিল। এই সময়ে বিদ্যুৎকেন্দ্রের টারবাইন, জেনারেটর এবং গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালন ব্যবস্থার কার্যকারিতা ও স্থিতিশীলতা পর্যবেক্ষণসহ গুরুত্বপূর্ণ কারিগরি পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হবে। পরবর্তী সময়ে বিভিন্ন কারিগরি পরীক্ষার জন্য বিদ্যুৎকেন্দ্রটিকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। এরপর প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর পুনরায় ৪ থেকে ৬ ঘণ্টার জন্য গ্রিডে সংযুক্ত করে প্রয়োজনীয় কারিগরি ও পরিচালনসংক্রান্ত পরীক্ষা সম্পন্ন করা হবে।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, রাশিয়ার ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুযায়ী ১০ মাসের পরীক্ষামূলক পরিচালনা সম্পন্ন হলে স্থায়ীভাবে পূর্ণ ক্ষমতায় প্রথম ইউনিট থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ করা হবে। এর মধ্য দিয়ে ঠিকাদারের কাছ থেকে পরমাণু শক্তি কমিশনের কাছে রূপপুরের প্রথম ইউনিটের দায়িত্ব হস্তান্তর হবে। পরবর্তীতে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে পরিচালনাকারী সংস্থা হিসেবে এনপিসিবিএলের কার্যক্রম শুরু হবে।
বাণিজ্যিক উৎপাদন আগামী বছর
পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সূত্রমতে, পরীক্ষামূলক পর্যায়ে জাতীয় গ্রিডে নিরবচ্ছিন্ন ও স্থিতিশীল বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে না। রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের সাময়িক বন্ধ রাখা এবং বিদ্যুৎ সরবরাহের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে জাতীয় গ্রিডের ভারসাম্য বজায় রাখতে গ্রিড পরিচালনাকারী কোম্পানি পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। পাশাপাশি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কর্মকর্তারাও সরবরাহ পরিস্থিতির ওপর নজরদারি করবেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পারমাণবিক বিকিরণের মাধ্যমে শক্তি উৎপাদন প্রক্রিয়া সেপ্টেম্বরে শুরুর পরিকল্পনা থাকলেও নিরাপত্তা ভালভের পরীক্ষায় ত্রুটি ধরা পড়ায় তা পিছিয়ে যায়। পরবর্তীতে সফলভাবে পরীক্ষা শেষ করে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) অনুমতি নিয়ে গত ১১ অক্টোবর পারমাণবিক বিক্রিয়া শুরু হয়।
২৯ অক্টোবর ভৌত পরীক্ষার ফল বায়েরার অনুমোদনের পর রূপপুর প্রকল্পের কাজ পরের ধাপে (সি স্টেজে) প্রবেশ করে। এরপর গতকাল জাতীয় গ্রিডে প্রথমবারের মতো সীমিত পরিসরে বিদ্যুৎ সরবরাহের পর্যায়ে প্রবেশ করল কেন্দ্রটি। এই দফায় সফল পরীক্ষার পর কেন্দ্রটি চূড়ান্ত ধাপ অর্থাৎ ‘ডি ধাপে’ যাবে।
উৎপাদন সক্ষমতা পর্যায়ক্রমে ১০০ শতাংশে উন্নীত করার জন্য বায়েরার কাছ থেকে প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন নিতে হবে। তাই পরীক্ষা শেষে প্রাপ্ত ফলাফলের প্রতিবেদনটি বায়েরার কাছে জমা দেবে রূপপুর কর্তৃপক্ষ। তাদের অনুমোদনের পর সক্ষমতা বাড়ানোর কার্যক্রম শুরু হবে এবং একই সঙ্গে গ্রিডে পরীক্ষামূলক সরবরাহ চলবে। উৎপাদন সক্ষমতা ধাপে ধাপে ১০০ শতাংশে উন্নীত করতে কয়েক মাস সময় লাগতে পারে।
রূপপুর বিদ্যুৎকেন্দ্র সূত্র বলছে, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে ২৪ ঘণ্টা সমান হারে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়া যাবে। প্রতি দেড় বছর পর নতুন জ্বালানি দিতে হবে।
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেবে রূপপুর
দেশের ইতিহাসে সবচেয়ে বড় একক প্রকল্প হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। এখানে ১ হাজার ২০০ মেগাওয়াটের দুটি ইউনিট নির্মাণ করছে রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন পরমাণু শক্তি কমিশন এই প্রকল্পটি বাস্তবায়ন করছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, রূপপুরে প্রতিটি ধাপ সর্বোচ্চ নিরাপত্তা মান, অনুমোদিত পদ্ধতি এবং নিয়ন্ত্রক বিধিবিধান অনুসরণ করা হবে। পারমাণবিক জ্বালানির বিক্রিয়ার মাধ্যমে তাপশক্তি উৎপাদন হয় এবং সেই তাপ দিয়ে বাষ্প তৈরি করে টারবাইন ঘোরানোর মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন হয়। চুল্লিপাত্রে শক্তি উৎপাদন শুরুর পর উৎপাদন ক্ষমতা ধাপে ধাপে ৩০ শতাংশে উন্নীত হওয়ার পর জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়েছে।
রূপপুর বিদ্যুৎকেন্দ্র সূত্র বলছে, “পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে ২৪ ঘণ্টা সমান হারে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়া যাবে। প্রতি দেড় বছর পর নতুন জ্বালানি দিতে হবে।” জ্বালানি বর্জ্য অপসারণ, নতুন জ্বালানি সংযোজন ও রক্ষণাবেক্ষণ মিলিয়ে একটি ইউনিট সর্বোচ্চ দুই মাস বন্ধ থাকতে পারে। রূপপুরের একটি ইউনিট চালু হলে বছরে ১০০ কোটি ডলারের জ্বালানি আমদানি সাশ্রয় করা যাবে, যদিও প্রকল্পটি সাড়ে তিন বছর পিছিয়ে গেছে।
২০১১ সালে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে একটি আন্তরাষ্ট্রীয় সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়। সেই চুক্তির আওতায় ২০১৫ সালের ডিসেম্বরে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এবং রাশিয়ার রোসাটমের ইঞ্জিনিয়ারিং কোম্পানি অ্যাটমস্ট্রয়এক্সপোটের মধ্যে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের চুক্তি সই হয়।
রূপপুর প্রকল্পের মেয়াদ ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ছিল, যা দুই দফায় বাড়িয়ে ২০২৮ সালের জুন পর্যন্ত করা হয়েছে। ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুযায়ী মেয়াদ বাড়লেও প্রকল্পের খরচ বাড়ানোর সুযোগ নেই। তবে ডলারের দাম বাড়ায় প্রকল্পের খরচ ২৬ হাজার কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। সব মিলিয়ে রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ১ লাখ ৩৮ হাজার ৬৮৬ কোটি টাকা খরচ হবে।
দেশের বিদ্যুৎ সঞ্চালন গ্রিড বর্তমানে স্মার্ট নয়; এটি চাহিদা অনুমানের ভিত্তিতে সনাতনী প্রক্রিয়ায় চলে। এর মধ্যেই বিভিন্ন উৎস থেকে বিদ্যুৎ যুক্ত হচ্ছে এবং সৌরবিদ্যুতের পরিমাণও বাড়ছে। এখন সেখানে পরীক্ষামূলকভাবে পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হলো।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শফিকুল ইসলাম মুক্তকণ্ঠকে বলেন, “স্মার্ট গ্রিড হলে অত ঝুঁকি ছিল না। সনাতনী পদ্ধতিতে চাহিদা-সরবরাহ ব্যবস্থাপনায় গ্রিড বিপর্যয়ের ঝুঁকি থেকে যায়। কেননা রূপপুর বিদ্যুৎকেন্দ্র বেশি হারে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেবে। তাই চাহিদা ব্যবস্থাপনা করাটা খুবই জরুরি। গ্রিডে সঞ্চালনের পরীক্ষা দক্ষতার সঙ্গে শেষ করতে হবে।”