পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে আজ মঙ্গলবার প্রথমবারের মতো জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে। তবে এই প্রক্রিয়াটি মূলত পরীক্ষামূলক, যার মূল লক্ষ্য হলো ‘গ্রিড সিনক্রোনাইজেশন’ সম্পন্ন করা। এই পরীক্ষার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহের সক্ষমতা, ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সি যাচাই করে জাতীয় গ্রিডের সামর্থ্য পরখ করা হবে। একই সাথে পারমাণবিক চুল্লিপাত্র, টারবাইনসহ কেন্দ্রের অন্যান্য গুরুত্বপূর্ণ যন্ত্রপাতির কার্যকারিতাও পরীক্ষা করা হবে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা গেছে, আজ বিকেলে এই প্রক্রিয়াটি শুরু করার কথা রয়েছে। এই গুরুত্বপূর্ণ মুহূর্তে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম উপস্থিত থাকতে পারেন। এছাড়া রূপপুর বিদ্যুৎকেন্দ্রের শীর্ষ কর্মকর্তাদের পাশাপাশি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এবং পাওয়ার গ্রিড কোম্পানি পিজিসিবির দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

বিশেষজ্ঞদের মতে, গ্রিড সিনক্রোনাইজেশন একটি অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ ধাপ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শফিকুল ইসলাম মুক্তকণ্ঠকে বলেন, “গ্রিড সিনক্রোনাইজেশন খুবই গুরুত্বপূর্ণ ধাপ। স্মার্ট গ্রিড হলে অত ঝুঁকি ছিল না। খুবই নিবিড়ভাবে পরীক্ষা করতে হবে। সব ঠিকঠাক থাকলে এটি দুই দিনে শেষ হতে পারে। কোনো ত্রুটি দেখা দিলে আবার একইভাবে পরীক্ষা করতে হবে। ভবিষ্যতের যেকোনো বিপর্যয় এড়াতে গুণগত মানে ছাড় দেওয়া যাবে না।”

উল্লেখ্য যে, বাংলাদেশের বিদ্যুৎ সঞ্চালন গ্রিডটি সনাতনী প্রক্রিয়ায় চলে এবং এটি মূলত চাহিদার অনুমানের ওপর ভিত্তি করে পরিচালিত হয়। এটি স্মার্ট গ্রিড না হওয়ায় পারমাণবিক বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে কিছু ঝুঁকি থেকে যায়। এই কারণে গ্রিডে বিদ্যুৎ সরবরাহের পরীক্ষা-নিরীক্ষা কয়েক দফা চালানো হতে পারে। পরীক্ষার সময় আনুমানিক ২৪০ থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে সরবরাহ করা হতে পারে। এরপর উৎপাদন সাময়িকভাবে বন্ধ করে পরীক্ষার বিস্তারিত প্রতিবেদন বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) কাছে পাঠানো হবে। পিডিবি ও পিজিসিবির উপস্থিতিতে গ্রিডে বিদ্যুৎ সরবরাহের এই পরীক্ষার জন্য বায়েরার নির্দেশনা রয়েছে। বায়েরার অনুমোদন দিলেই রূপপুর পরবর্তী ধাপে অগ্রসর হবে এবং পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ অব্যাহত থাকবে। পরবর্তীতে বিদ্যুৎকেন্দ্রের সঙ্গে পিডিবির ক্রয় চুক্তি সম্পন্ন হলে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সূত্র আরও জানায়, গত সেপ্টেম্বরে পারমাণবিক বিকিরণের মাধ্যমে শক্তি উৎপাদন প্রক্রিয়া শুরুর পরিকল্পনা থাকলেও নিরাপত্তা ভালভের পরীক্ষায় ত্রুটি ধরা পড়ায় তা পিছিয়ে যায়। পরবর্তীতে ত্রুটি সংশোধন করে বায়েরার অনুমতি নিয়ে গত ১১ অক্টোবর পারমাণবিক বিক্রিয়া শুরু করা হয়। ২৯ অক্টোবর ভৌত পরীক্ষার ফলাফল বায়েরার অনুমোদন দেওয়ার পর এখন রূপপুর তার পরবর্তী ধাপ বা ‘সি স্টেজে’ প্রবেশ করতে যাচ্ছে। এর মাধ্যমে জাতীয় গ্রিডে সীমিত পরিসরে বিদ্যুৎ সরবরাহের পর্যায়ে পৌঁছাবে কেন্দ্রটি। এই ধাপ সফল হলে কেন্দ্রটি চূড়ান্ত ধাপ বা ‘ডি স্টেজে’ উন্নীত হবে।

দেশের ইতিহাসে সবচেয়ে বড় একক প্রকল্প হিসেবে পরিচিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন পরমাণু শক্তি কমিশন বাস্তবায়ন করছে। কমিশনের অধীনে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল) নামক সরকারি কোম্পানিটি পরিচালনার দায়িত্ব পালন করছে। রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট এখানে ১ হাজার ২০০ মেগাওয়াটের দুটি ইউনিট নির্মাণ করছে।

বিদ্যুৎকেন্দ্র সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ জানিয়েছেন, রূপপুরের প্রতিটি স্তরে সর্বোচ্চ নিরাপত্তা মান, অনুমোদিত পদ্ধতি এবং নিয়ন্ত্রক বিধিবিধান কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে। পারমাণবিক জ্বালানির বিক্রিয়ার মাধ্যমে প্রথমে তাপশক্তি উৎপন্ন হয় এবং সেই তাপ দিয়ে বাষ্প তৈরি করে টারবাইন ঘোরানোর মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হয়। চুল্লিপাত্রে শক্তি উৎপাদন শুরুর পর উৎপাদনক্ষমতা ধাপে ধাপে বাড়িয়ে ৩০ শতাংশে উন্নীত হলে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়, যা রূপপুর ইতিমধ্যেই অর্জন করেছে।

কেন্দ্রের কর্মকর্তারা জানান, সরবরাহ শুরু হওয়ার পর টানা কয়েক মাস পরীক্ষামূলক উৎপাদন চলতে পারে। তবে গ্রিডে বিদ্যুৎ পৌঁছানোর সাথে সাথেই বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশে পরিণত হবে। এর আগে ২০২৩ সালের অক্টোবরে প্রকল্প এলাকায় পারমাণবিক জ্বালানি পৌঁছানোর পর রূপপুর বিদ্যুৎকেন্দ্র পারমাণবিক স্থাপনা হিসেবে স্বীকৃতি পায় এবং বাংলাদেশ পারমাণবিক শক্তির অধিকারী দেশের তালিকায় নাম লেখায়।

প্রকল্পটির মেয়াদ ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত থাকলেও তা দুই দফায় বাড়িয়ে ২০২৮ সালের জুন পর্যন্ত করা হয়েছে। ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুযায়ী মেয়াদ বাড়লেও প্রকল্পের খরচ বাড়ানোর সুযোগ নেই। তবে ডলারের মূল্যবৃদ্ধির কারণে প্রকল্পের খরচ ২৬ হাজার কোটি টাকা বেড়েছে। সব মিলিয়ে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ১ লাখ ৩৮ হাজার ৬৮৬ কোটি টাকা ব্যয় হবে।