২০২৭ সাল থেকে বাংলাদেশের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই শেখানোর পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এই উদ্যোগটি নিঃসন্দেহে প্রশংসনীয়। তবে এখানে একটি মৌলিক প্রশ্ন সামনে আসে—আমরা শিক্ষার্থীদের ঠিক কী শেখাব? কেবল চ্যাটজিপিটি ব্যবহারের কৌশল, নাকি এমন কিছু যা জানলে তারা বর্তমানের এআই প্রযুক্তির কার্যকারিতা বুঝতে পারবে, এর ভুলগুলো ধরতে পারবে এবং ভবিষ্যতে নতুন প্রযুক্তি উদ্ভাবনে সক্ষম হবে?

কয়েক বছর আগে সবাইকে কোডিং শেখানোর পরিকল্পনা নিয়ে মুক্তকণ্ঠতে একটি লেখা লিখেছিলাম। সেটির শিরোনাম ছিল ‘কোডিং শিখে করাত চালাব, না কাঠমিস্ত্রি হব?’ সেই কথাটি আজও সমানভাবে প্রাসঙ্গিক। শুধু করাত চালাতে জানলেই যেমন কেউ দক্ষ কাঠমিস্ত্রি হতে পারে না, তেমনি এআইয়ের বিভিন্ন সফটওয়্যার ব্যবহার জানলেই এআই-এর প্রকৃত স্বরূপ বোঝা যায় না। সফটওয়্যার সময়ের সাথে পরিবর্তিত হবে, কিন্তু গণিত, যুক্তি, পরিসংখ্যান এবং প্রশ্ন করার অভ্যাস চিরস্থায়ী হবে।

এই বিষয়গুলো শেখানোর জন্য কি প্রতিটি বিদ্যালয়ে অত্যন্ত দামি কম্পিউটারের প্রয়োজন হবে? আমার মনে হয় না। আমি কিছু উদাহরণ দিচ্ছি।

ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের কথা ধরা যাক। বাংলাদেশে গ্রীষ্মকাল মানেই আমের সমারোহ। ল্যাংড়া, হিমসাগর, ফজলি, গোপালভোগ—কত রকমের জাত! কোনোটি লম্বা, কোনোটি গোল; রং এবং গড়নেও থাকে বিস্তর পার্থক্য। অভিজ্ঞ মানুষ অনেক সময় দেখেই আমের জাত বলে দিতে পারেন। কিন্তু তারা এটি কীভাবে করেন?

শিক্ষক যদি কয়েক জাতের আমের ছবি দেন এবং শিক্ষার্থীদের কাজ হয় কোন আমের কী বৈশিষ্ট্য তা কাগজে লেখা, তবে তারা বুঝতে পারবে কোন বৈশিষ্ট্যটি সব আমের মধ্যে আছে আর কোনটি দেখে একটি জাতকে অন্যটি থেকে আলাদা করা যায়। এরপর নতুন একটি আমের ছবি দিলে আগের নিয়ম মেনে তার জাত চিনতে হবে।

এখানে ভুল হতেই পারে। শুধু রং দেখে জাত নির্ধারণ করলে অনেক সময় সঠিক উত্তর মিলবে না। তখন শিক্ষার্থীরা বুঝবে যে, সঠিক বৈশিষ্ট্য বেছে নেওয়া কতটা জরুরি। কম্পিউটারও অনেকটা এই পদ্ধতিতেই ধরন চিনতে শেখে, যাকে বলা হয় প্যাটার্ন রিকগনিশন। আর যদি কম্পিউটারকে প্রচুর আমের ছবি দেখানো হয়, তবে সে নিজেই ছবির ভেতর থেকে প্রয়োজনীয় বৈশিষ্ট্যগুলো শিখে নিতে পারে। এটাই হলো ডিপ লার্নিংয়ের একটি মূল ধারণা। কোনো কম্পিউটার ছাড়াই শিশুরা এই জটিল বিষয়টি বুঝতে শুরু করল।

এবার সপ্তম শ্রেণির কথা বলা যাক। ধরুন, সরকার বন্যা বা ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা মানুষকে পৌঁছে দেওয়ার উপায় ঠিক করতে চায়। শিক্ষার্থীরা তাদের দশজন বন্ধুকে জিজ্ঞেস করল এবং আটজন জানাল যে মোবাইল অ্যাপ সবচেয়ে কার্যকর মাধ্যম।

কিন্তু এখানে উপকূলের জেলেদের কথা কে ভাবল? চরের মানুষ যাদের স্মার্টফোন নেই, তাদের কী হবে? ঝড়ের সময় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে কী ঘটবে?

এআই শিক্ষা বললেই হয়তো অনেকের মনে কেনাকাটার তালিকা তৈরি হবে। কতগুলো কম্পিউটার, কত রোবট, কত এআর-ভিআর যন্ত্র এবং কত সফটওয়্যারের সাবস্ক্রিপশন লাগবে? এরপর শুরু হবে কোটি টাকার প্রকল্প। শিক্ষক প্রশিক্ষণ অবশ্যই প্রয়োজন এবং বাস্তবে এআই ব্যবহারের সুযোগও দিতে হবে। কিন্তু শুরুটা কেন কেবল যন্ত্র কেনা দিয়ে হবে?

শিক্ষক প্রশ্ন করবেন, দশজন বন্ধুর মতামত কি পুরো বাংলাদেশের সামগ্রিক মতামত হতে পারে? শিক্ষার্থীরা তখন বুঝবে যে, শুধু তথ্য সংগ্রহ করলেই হয় না, কার কাছ থেকে তথ্য নেওয়া হচ্ছে সেটিও দেখতে হয়। অন্যথায় সিদ্ধান্তে পক্ষপাতিত্ব ঢুকে পড়তে পারে। এআই-কেও যদি এমন তথ্যের ভিত্তিতে শেখানো হয়, তবে একই সমস্যা দেখা দেবে। আর দুর্যোগের সময়ে এমন ভুল মানুষের জীবনকে চরম ঝুঁকিতে ফেলতে পারে।

অষ্টম শ্রেণির ক্ষেত্রে আরেকটি উদাহরণ দেওয়া যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে একজন পরিচিত চিকিৎসকের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে তিনি দাবি করছেন, ডেঙ্গু হলে চিকিৎসকের কাছে যাওয়ার প্রয়োজন নেই। ভিডিওতে তাঁর মুখ দেখা যাচ্ছে এবং কণ্ঠও শোনা যাচ্ছে। অনেকেই ভিডিওটি শেয়ার করছেন। এখন প্রশ্ন হলো, কথাটি কি সত্যিই সত্য?

শিক্ষক ভিডিওর দাবি এবং কয়েকটি খবরের কাগজের প্রতিবেদন শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করবেন। শিক্ষার্থীরা তখন খুঁজবে ভিডিওটি প্রথম কোথায় প্রকাশিত হয়েছে, চিকিৎসক কি সত্যিই কথাটি বলেছেন, নাকি ভিডিওর কোনো অংশ কেটে দেওয়া হয়েছে অথবা এআই ব্যবহার করে তাঁর মতো মুখ ও কণ্ঠ তৈরি করা হয়েছে?

এমন নকল ভিডিওকে বলা হয় ডিপফেক। তবে সব মিথ্যা ভিডিওই ডিপফেক নয়; অনেক সময় সঠিক ভিডিও ভুল প্রসঙ্গে প্রচার করা হয়। তাই শুধু চোখে দেখে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়, আগে উৎস এবং প্রমাণ যাচাই করতে হবে। ভুল খবরের কারণে কেউ চিকিৎসা নিতে দেরি করলে একটি শেয়ারের মূল্য অনেক বড় হয়ে দাঁড়ায়।

নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য একটি উদাহরণ। একটি হাসপাতালে ১০০ জন রোগী এলেন, যাদের মধ্যে ১০ জনের নিউমোনিয়া আছে এবং বাকি ৯০ জনের নেই। একটি এআই সবাইকে বলল, ‘আপনার নিউমোনিয়া নেই।’ হিসাব করলে দেখা যাবে, ১০০ জনের মধ্যে ৯০ জনের ক্ষেত্রেই তার কথা সঠিক। অর্থাৎ এর নির্ভুলতা ৯০ শতাংশ।

প্রথম দেখায় এটি ভালো ফল মনে হতে পারে, কিন্তু অসুস্থ দশজনের একজনকেও সে শনাক্ত করতে পারল না! এবার অন্য একটি এআই-এর কথা ভাবুন, সেটিও ৯০ শতাংশ সঠিক, তবে অসুস্থ দশজনের আটজনকে ঠিক চিনেছে। যদিও ভুল করে আটজন সুস্থ মানুষকে অসুস্থ বলেছে। এখন প্রশ্ন হলো, কোন এআইটি বেশি কার্যকর? রোগ থাকা সত্ত্বেও ‘নেই’ বলা বেশি বিপজ্জনক, নাকি রোগ না থাকা সত্ত্বেও ‘আছে’ বলা? সব রোগের ক্ষেত্রে কি উত্তর একই হবে?

শিক্ষার্থীরা গাণিতিক হিসাবের মাধ্যমে বুঝবে যে, কেবল একটি শতাংশ দেখে এআই-এর বিচার করা যায় না। কী ভুল হচ্ছে এবং কার ক্ষতি হচ্ছে, সেটিও জানতে হয়। আরও প্রশ্ন উঠবে যে, যুক্তরাষ্ট্রের রোগীদের তথ্য দিয়ে শেখানো এআই বাংলাদেশের রোগীদের ক্ষেত্রে একইভাবে কাজ করবে কেন? এখানেই তথ্যের পার্থক্য, ভুলের ঝুঁকি এবং ন্যায্যতার পাঠ লুকিয়ে আছে।

একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা নিজেরাই ছোট গবেষণা করতে পারে। ধরুন, ফোনে কথা শুনে সাহায্য পাঠাবে এমন একটি এআই তৈরি করা হলো। সেটি কি সিলেট, চট্টগ্রাম, রংপুর এবং ঢাকার মানুষের কথা সমানভাবে বুঝতে পারবে?

প্রতিটি অঞ্চল থেকে পাঁচজন করে মানুষের সম্মতি নিয়ে নির্ধারিত কিছু বাক্য রেকর্ড করা হলো। এআই স্বয়ংক্রিয়ভাবে সেই রেকর্ড করা বাক্যগুলো বাংলায় লিখে দিল। এবার নির্ধারিত বাক্যগুলোর সঙ্গে এআই-এর শনাক্ত করা বাক্যের মিল-অমিল দেখে ভুল গণনা করা হবে। দেখা গেল এক অঞ্চলে প্রতি ১০০ শব্দে পাঁচটি ভুল হয়েছে, অন্য অঞ্চলে ২৫টি। কেন এমন হলো?

কোনো অঞ্চলের উচ্চারণ কি এআই কম শুনেছে? নাকি রেকর্ডিংয়ে শব্দ বেশি ছিল? আর মাত্র ২০ জনের ফলাফল দেখে কি গোটা দেশের সিদ্ধান্ত নেওয়া যায়? এভাবেই শিক্ষার্থীরা গবেষণামূলক প্রশ্ন করা, পরীক্ষা সাজানো, ফলাফল পরিমাপ এবং নিজের গবেষণার দুর্বলতা বুঝতে শিখবে। চাইলে শিক্ষক আগেই রেকর্ড করা অডিওর লিখিত ফলাফল দিয়েও এই কাজটি করাতে পারেন।

এই পাঠক্রমের পরীক্ষাও হবে ভিন্ন ধরনের। কে কত সংজ্ঞা মুখস্থ করল তা দেখা হবে না, বরং কে ভুল ধরতে পারল, কে নিজের যুক্তি স্পষ্টভাবে বোঝাতে পারল এবং নতুন তথ্য পেলে কে সিদ্ধান্ত পরিবর্তন করতে পারল, তা দেখা হবে।

এআই শিক্ষা শুনলেই হয়তো শুরু হবে কেনাকাটার তালিকা। কত কম্পিউটার, কত রোবট, কত এআর-ভিআর যন্ত্র, কত সফটওয়্যারের সাবস্ক্রিপশন? তারপর কোটি টাকার প্রকল্প। শিক্ষক প্রশিক্ষণ অবশ্যই দরকার। বাস্তবে এআই ব্যবহারের সুযোগও দিতে হবে। কিন্তু শুরুটা কেন যন্ত্র কেনা দিয়ে হবে?

আমরা চাইলে বিদ্যমান গণিত, বিজ্ঞান এবং সমাজবিজ্ঞানের ক্লাসেই এসব অনুশীলন যোগ করতে পারি। এর জন্য প্রয়োজন শিক্ষকের জন্য সহজ নির্দেশনা এবং এমন কিছু প্রশ্ন, যা শিক্ষার্থীদের চিন্তা করতে বাধ্য করবে। আজ চ্যাটজিপিটি আছে, কাল আরও নতুন কিছু আসবে। প্রতিবার নতুন প্রযুক্তি এলেই কি আমরা নতুন করে পাঠ্যবই লিখব? নাকি এমন এক প্রজন্ম তৈরি করব, যারা প্রযুক্তি চালানোর পাশাপাশি তাকে প্রশ্নও করতে পারবে? সেই যাত্রার শুরু হতে পারে একটি শ্রেণিকক্ষ, কয়েকটি আমের ছবি আর কাগজ-কলম দিয়ে।

—এহসান হক, অধ্যাপক, কম্পিউটারবিজ্ঞান, ইউনিভার্সিটি অব রচেস্টার, যুক্তরাষ্ট্র।