ইনস্টাগ্রামের ফিড স্ক্রল করার সময় সাহেরা আশরাফের নজর কাড়ল গেরুয়া বসন পরিহিত এক বয়স্ক পূর্ব এশীয় সন্ন্যাসীর ভিডিও। শান্ত চেহারার সেই ইয়াং মুন ক্যামেরার সামনে বসে তাঁর অনুসারীদের ক্ষমার গুরুত্ব সম্পর্কে দীক্ষা দিচ্ছিলেন। তাঁর কথা ছিল, চার ধরনের মানুষকে ক্ষমা করা প্রয়োজন—নিজের মা-বাবা, সাবেক সঙ্গী, যাঁরা তাঁদের আঘাত করেছেন এবং সবশেষে নিজেকে।

মুনের পেজে এমন শত শত ভিডিও রয়েছে। সাধারণত মৃদু আলোয় কোনো মন্দির বা বুদ্ধমূর্তির পাশে বসে তিনি সম্পর্ক, উদ্বেগ, খাদ্যাভ্যাস এবং অতিচঞ্চল মনকে শান্ত করার বিষয়ে পরামর্শ দেন। ৩২ বছর বয়সী সাহেরার কাছে মুনকে মনে হয়েছিল একজন অভিজ্ঞ শিক্ষক, যিনি জীবনভর অর্জিত শিক্ষা মানুষের মাঝে ছড়িয়ে দিচ্ছেন। সাহেরা বলেন, ‘আমি তাঁর বেশ কয়েকটি পোস্ট সেভ করে রেখেছি।’

ইনস্টাগ্রামে মুনের অনুসারীর সংখ্যা ২৫ লাখ ছাড়িয়েছে। লাখ লাখ মানুষ তাঁর ভিডিও দেখে কৃতজ্ঞতা জানিয়ে মন্তব্য করেন। তাঁর ওয়েবসাইটে তাঁকে ঐতিহ্যবাহী প্রাচ্য দর্শনের শিক্ষক হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। তবে বাস্তব সত্যটি হলো, এই সন্ন্যাসীর কোনো অস্তিত্বই নেই। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে ইয়াং মুন চরিত্রটি তৈরি করা হয়েছে। পর্দার এই বয়স্ক চেহারার পেছনে বৌদ্ধধর্মের কোনো বিশেষজ্ঞ নেই, যদিও তাঁর ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টগুলো থেকে তাঁর শিক্ষার ওপর ভিত্তি করে বই এবং ‘গাইডেড হিলিং প্রোগ্রাম’ বিক্রি করা হচ্ছে।

এমন এআই চরিত্রগুলোর কেউ কেউ নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তা হিসেবে পরিচয় দিলেও, অনেকে এমনভাবে ধর্মীয় ব্যক্তিত্বের অনুকরণ করেন যে তাঁদের আলাদা করা কঠিন হয়ে পড়ে। ইয়াং মুনই একমাত্র নন; ‘রাব্বি গোল্ডম্যান’ নামের এক এআই-নির্মিত গোঁড়া ইহুদি রাব্বি ‘ষড়যন্ত্রতত্ত্ব’ নিয়ে আলোচনা করতেন। প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলার আগে ইনস্টাগ্রামে তাঁর অনুসারীর সংখ্যা ছিল ১৫ লাখের বেশি। অন্যদিকে, ক্যাথলিক যাজক হিসেবে তৈরি ‘ফাদার জাস্টিন’ বিশ্বাস সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দিতেন। একইভাবে ‘বেদগুরু’ ও ‘শায়েখ’ এআই যথাক্রমে হিন্দু ও মুসলমানদের ধর্মীয় দিকনির্দেশনা দিয়ে থাকে।

এই প্রবণতা এআই-কে এমন সব ধর্মীয় চর্চার ভেতরে ঢুকিয়ে দিচ্ছে, যা মূলত মানুষের পারস্পরিক সম্পর্ক ও অভিজ্ঞতার মাধ্যমে সংজ্ঞায়িত হয়। ফলে আধ্যাত্মিক শিক্ষার জায়গা দখল করছে পণ্য বিক্রি, ষড়যন্ত্রের প্রচার এবং বাস্তব কোনো নেতা ছাড়াই আধ্যাত্মিকতা ছড়ানোর প্রচেষ্টা। সান ফ্রান্সিসকো বে এরিয়াভিত্তিক বৌদ্ধ শিক্ষক এবং এআই বিজ্ঞানী নিকি মিরগাফোরি বলেন, ‘মানুষ ভাবছে তারা একজন মানুষের কাছ থেকে শিক্ষা পাচ্ছে—প্রায় এমন প্রতারণার বিষয়টি আমাকে দারুণভাবে ব্যথিত করে।’

একটি সাক্ষাৎকারের সময় মুনের ইনস্টাগ্রাম পেজ পর্যবেক্ষণ করে নিকি জানান, এই সন্ন্যাসী যে কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি, তা লাখ লাখ অনুসারীকে জানানোর মতো কোনো তথ্য সেখানে নেই। এরপর তিনি একটি ভিডিও চালু করেন, যেখানে মুন কোমর ও পিঠে ব্যথায় ভোগা অনুসারীদের নারকেলের পানি, জলপাই তেল ও লেবুর রস মিশিয়ে টানা তিন দিন পান করার পরামর্শ দিচ্ছিলেন। নিকি বলেন, ‘এটা মোটেও বৌদ্ধদের রীতি নয়।’ তিনি আরও বলেন, ‘সে মূলত ভণ্ডামি করে ওষুধ বিক্রি করছে। আপনি চাইলেই একটা আলখাল্লা গায়ে জড়িয়ে শিক্ষা দেওয়া শুরু করতে পারেন না।’

ইসরায়েলের বাসিন্দা, প্রকৌশলী এবং গোঁড়া ইহুদি রাব্বি মোয়েস নাভন রাব্বি গোল্ডম্যান চরিত্রের মধ্যে ভিন্ন এক সমস্যা লক্ষ্য করেন। লম্বা ধূসর দাড়ি, কালো টুপি ও কোট পরা গোল্ডম্যান ভিডিওতে ইহুদিরা কেন ধনী বা টাকা-পয়সা নিয়ে তারা কী বিশেষ রহস্য জানে, তা ব্যাখ্যা করার প্রতিশ্রুতি দিতেন। নাভন জানান, অর্থ ও আর্থিক ক্ষমতার সঙ্গে ইহুদিদের যুক্ত করার শত বছরের পুরোনো একটি ইহুদিবিদ্বেষী ধারণাকে নতুন মোড়কে উপস্থাপন করা হচ্ছিল এবং তার জন্য একজন রাব্বির অবয়ব ব্যবহার করা হচ্ছিল। নাভন বলেন, ‘রাব্বি গোল্ডম্যান মূলত ইহুদিবিদ্বেষ ছড়ানোর একটি ডিপফেক ছিল। এটি চাতুর্যপূর্ণ, প্রতারণামূলক এবং খুবই জঘন্য বিষয়।’

মেটা প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলার আগে এই চরিত্রটি ইনস্টাগ্রামে ১৫ লাখের বেশি অনুসারী পেয়েছিল। এর ভিডিওগুলো দর্শকদের ৯ ডলার মূল্যের একটি গাইডবুকের দিকে নিয়ে যেত, যার নাম ছিল ‘কীভাবে ইহুদিদের মতো অর্থ উপার্জন ও বিনিয়োগ করবেন’।

নিউইয়র্কের ম্যানহাটনে অবস্থিত বেদান্ত সোসাইটির আবাসিক মন্ত্রী এবং হিন্দু সন্ন্যাসী স্বামী সর্বপ্রিয়ানন্দর অভিজ্ঞতা ছিল ভিন্ন। বছর দুয়েক আগে তিনি নিজেরই একটি এআই সংস্করণের মুখোমুখি হন। ইউনিভার্সিটি অব টেক্সাসের একটি কম্পিউটার বিজ্ঞান প্রজেক্টে তাঁর রেকর্ড করা ১ হাজার ঘণ্টার বেশি ক্লাস ও বক্তৃতার মাধ্যমে একটি সিস্টেমকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। গবেষকদের আমন্ত্রণে সেটি পরীক্ষা করে সর্বপ্রিয়ানন্দ বলেন, ‘আমাকে স্বীকার করতেই হবে যে এআই খুব ভালো কাজ করেছে।’ তিনি জানান, সিস্টেমটি তাঁর বলা কথাগুলো নির্দিষ্ট ভিডিও এবং টাইমস্ট্যাম্পসহ নিখুঁতভাবে বের করে দিতে পারত। তিনি যোগ করেন, ‘এটি নিয়ে বিতর্ক করা খুব কঠিন।’

সর্বপ্রিয়ানন্দ নিজেও এআই ব্যবহার করেন এবং মনে করেন এটি গবেষকদের বিশাল ধর্মীয় গ্রন্থাবলি অনুসন্ধানে সাহায্য করতে পারে। তবে ‘এআই গুরু’দের বাজারজাতকরণ তাঁকে দ্বিধায় ফেলেছে। সর্বপ্রিয়ানন্দ বলেন, ‘শিক্ষক নিজেই শিক্ষার মূর্ত প্রতীক।’ তাঁর মতে, গুরু শুধু সঠিক অনুচ্ছেদ বা উত্তর খুঁজে দেওয়ার মাধ্যম নন; তিনি যে আধ্যাত্মিক ও নৈতিক শিক্ষা দেন, তা নিজের জীবনেও ধারণ করেন বলে আশা করা হয়।

তবে সব এআই নির্দেশকই পরিচয় গোপন করে না। ভ্যাঙ্কুভারভিত্তিক সুফি মুসলিম শিক্ষক শায়েখ নুরজান মিরআহমাদির শিক্ষার ওপর ভিত্তি করে তৈরি চ্যাটবট ‘শায়েখ এআই’ শুরুতেই নিজের পরিচয় দেয়। নিজেকে ‘সহানুভূতিশীল সুফি নির্দেশক’ হিসেবে বর্ণনা করে চ্যাটবটটি বলে, ‘আমি নিজে কোনো মানুষ বা আধ্যাত্মিক কর্তৃপক্ষ নই।’ এটি স্পষ্ট করে যে, এর উত্তরগুলো কেবল মিরাহমাদির অনুমোদিত শিক্ষা এবং আনুষ্ঠানিক উৎস থেকে নেওয়া।

খ্রিষ্টান ধর্মাবলম্বীরাও দেখেছেন এই সীমারেখা কত দ্রুত ঝাপসা হয়ে যায়। ২০২৪ সালের এপ্রিলে ‘ক্যাথলিক অ্যানসারস’ নামের একটি ওয়েবসাইট ‘ফাদার জাস্টিন’ নামে একটি থ্রিডি এআই চরিত্র আনে, যা দেখতে এবং কথা বলতে একজন ক্যাথলিক যাজকের মতো। একটি কথোপকথনে চ্যাটবটটি এক ব্যবহারকারীর পাপস্বীকার শুনে এমন উত্তর দেয় যা ক্যাথলিকদের পাপমোচনের (অ্যাবসোলিউশন) মতো শোনায়। অথচ ক্যাথলিক ধর্মমতে, কেবল একজন যাজকই এই ক্ষমা প্রদান করতে পারেন। সমালোচনার মুখে ক্যাথলিক অ্যানসারস ‘ফাদার’ উপাধিটি সরিয়ে নেয় এবং স্বীকার করে যে ব্যবহারকারীরা চ্যাটবটের কাছে পাপমোচন চাইবেন, তা তারা ধারণা করেনি।

শ্রীলঙ্কাভিত্তিক প্রফেট জেরোমি ফার্নান্দো মিনিস্ট্রিজের ভাইস প্রেসিডেন্ট এবং যাজক কুশল পেরেরা বলেন, এ ধরনের ঘটনা একটি যন্ত্রকে ধর্মীয় কর্তৃপক্ষের রূপ দেওয়ার বিপদ স্পষ্ট করে দেয়। তিনি বলেন, ‘এটি অত্যন্ত বিপজ্জনক একটি ব্যাপার। কারণ, আপনাকে দেখতে বাস্তবের মতো মনে হতে পারে এবং আপনি ভুল তথ্য দিতে পারেন।’ তিনি সতর্ক করেন যে, কেউ হয়তো এমন কিছু শুনতে পারেন যা ‘পুরোপুরি বাইবেলের বাইরের’, ‘আর মানুষ হয়তো তা-ই বিশ্বাস করবে।’

পেরেরা বাইবেলের শ্লোক খোঁজার জন্য এআই ব্যবহার করলেও মনে করেন, যাজকের দায়িত্ব বিয়ে, মৃত্যু এবং পারিবারিক সংকটের মতো মানবিক সম্পর্কের সঙ্গে জড়িত। তিনি বলেন, ‘একটি সম্পর্ক সর্বদা আত্মার সঙ্গেই বিকশিত হয়।’ এআই হয়তো সম্পর্কের কিছু অংশ অনুকরণ করতে পারে, ‘কিন্তু তা বাস্তব নয়।’

সাক্ষাৎকার দেওয়া ধর্মীয় নেতারা এআই-কে পুরোপুরি প্রত্যাখ্যান করেননি। নাভন ইহুদি আইন জানতে, পেরেরা ধর্মগ্রন্থ খুঁজতে এবং সর্বপ্রিয়ানন্দ নিজের শিক্ষার এআই সংস্করণ দেখে মুগ্ধ হয়েছেন। তবে সর্বপ্রিয়ানন্দর কাছে তথ্য জানা আর আধ্যাত্মিক শিক্ষক হওয়া সম্পূর্ণ আলাদা। হিন্দু ঐতিহ্যের মাটির প্রদীপের (দিয়া) উদাহরণ দিয়ে তিনি বলেন, একটি জ্বলন্ত প্রদীপ যেমন অন্য প্রদীপকে জ্বালাতে পারে, তেমনি একজন শিক্ষক শিক্ষার্থীর মাঝে আলো ছড়িয়ে দেন। সর্বপ্রিয়ানন্দ বলেন, ‘তথ্য, প্রশিক্ষণ ও অন্তর্দৃষ্টির ক্ষেত্রে এআই হয়তো সাহায্য করতে পারে, কিন্তু এটি আসলে আধ্যাত্মিকতা ছড়াতে পারে না।’

সূত্র: রিলিজিয়ন নিউজ সার্ভিস