১৯ নভেম্বর উপকূল এক্সপ্রেসের ঢাকা–ব্রাহ্মণবাড়িয়া রুটে স্নিগ্ধা শ্রেণির যাত্রী হিসেবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বাংলাদেশ রেলওয়ের একটি দীর্ঘস্থায়ী ও গভীর ব্যবস্থাগত ব্যর্থতারই বহিঃপ্রকাশ। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা পর ট্রেনটি ছেড়ে যায়। এরপর শুরু হয় চরম বিশৃঙ্খলা। দেখা গেল, স্ট্যান্ডিং টিকিটধারী এবং এমনকি টিকিটবিহীন যাত্রীরাও শীতাতপনিয়ন্ত্রিত কামরায় ঢুকে পড়েছেন। যার ফলে আসনপ্রাপ্ত যাত্রীরা নিজেদের সিটে বসতে না পেরে দাঁড়িয়ে যেতে বাধ্য হন। অতিরিক্ত ভিড়ের কারণে অনেক টিকিটধারী যাত্রী তাদের নির্দিষ্ট আসনে পৌঁছাতে পারেন না এবং দাঁড়িয়ে থাকা যাত্রীদের কটু কথার শিকার হতে হয়। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, এমন চরম বিশৃঙ্খলার সময়ে কোনো রেলকর্মী বা রেলওয়ে পুলিশের উপস্থিতি ছিল না। এই পুরো পরিস্থিতি প্রমাণ করে যে, বর্ধিত ভাড়ার বিনিময়ে যাত্রীদের যে সেবার প্রতিশ্রুতি দেওয়া হয়, তা প্রদানে রেলওয়ে সম্পূর্ণ ব্যর্থ।
কৌতূহলবশত একজন যাত্রী এই ধরনের পরিস্থিতিতে কী কী আইনি প্রতিকার পেতে পারেন, তা খতিয়ে দেখার চেষ্টা করি। বাংলাদেশ রেলওয়ে আইন, ১৮৯০-এর ধারা ১১৩এ-তে স্পষ্টভাবে উল্লেখ আছে, ‘কোনো ব্যক্তি যদি তার ক্রয়কৃত টিকিটের চেয়ে উচ্চ শ্রেণির কামরায় ভ্রমণ করেন বা ভ্রমণের চেষ্টা করেন, তবে রেলওয়ে কর্মচারী তাকে সেই কামরা থেকে অপসারণ করতে পারবেন, যদি না তিনি তৎক্ষণাৎ অতিরিক্ত ভাড়া ও জরিমানা পরিশোধ করেন।’ এছাড়া রেলপথ মন্ত্রণালয়ের নির্দেশনাও অত্যন্ত স্পষ্ট— যাত্রার দিনে ২৫% স্ট্যান্ডিং টিকিট বিক্রি করা হলেও, সেই স্ট্যান্ডিং টিকিট ব্যবহার করে উচ্চ শ্রেণির কোচে (যেমন স্নিগ্ধা বা এসি সিট) ভ্রমণ করা সম্পূর্ণ নিষিদ্ধ।
এমতাবস্থায় প্রশ্ন জাগে, যখন স্নিগ্ধা বগিতে স্ট্যান্ডিং টিকিটধারী ও টিকিটবিহীন যাত্রীরা অনায়াসে উঠে পড়ছেন, তখন ধারা ১১৩এ-র প্রয়োগ কোথায়? রেলওয়ে কর্মীর অনুপস্থিতি কেবল নিয়মের লঙ্ঘনই নয়, বরং এটি রেলওয়ের সেবা প্রদানের চুক্তির সরাসরি পরিপন্থী। একজন যাত্রী প্রায় দ্বিগুণ ভাড়া প্রদান করেন শীতাতপনিয়ন্ত্রিত পরিবেশ, রিক্লাইনিং আসন (আরাম করে বসা বা শোয়ার জন্য পেছনের দিকে হেলানো অবস্থা) এবং নির্ধারিত মানসম্মত সেবা পাওয়ার আশায়। কিন্তু বাস্তবে তিনি পান অসহনীয় ভিড়, দাঁড়িয়ে থাকা যাত্রী এবং কর্মীবিহীন একটি বগি, যেখানে অতিরিক্ত ভিড়ের কারণে শীতাতপনিয়ন্ত্রিত যন্ত্রটিও ঠিকমতো কাজ করে না। প্রতিশ্রুত সেবা যথাযথভাবে সরবরাহ না করায় এটি সরাসরি রেলওয়ের সঙ্গে যাত্রীর সেবা প্রদানের চুক্তিভঙ্গের শামিল।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী, পরিবহন একটি ‘সেবা’। অর্থের বিনিময়ে এই সেবা গ্রহণকারী যে কেউই আইনের দৃষ্টিতে একজন ‘ভোক্তা’। ফলে স্নিগ্ধা শ্রেণির টিকিটধারী একজন যাত্রী কেবল রেলের যাত্রী নন, তিনি একজন ভোক্তা। একজন যাত্রী যখন প্রায় দ্বিগুণ দামে স্নিগ্ধা শ্রেণির টিকেট ক্রয় করেন, তিনি শুধু একটি আসনই কেনেন না, বরং কেনেন নিরাপদ, মানসম্মত, নির্ধারিত মূল্য ও সময় অনুযায়ী সেবা পাওয়ার অধিকার। কিন্তু যখন সেই সেবা সরবরাহ করা হয় না, তখন ভোক্তা হিসেবে সংশ্লিষ্ট যাত্রীর প্রতিকার পাওয়ার পূর্ণ অধিকার রয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ধারা ৪৫ অনুযায়ী, ‘প্রদত্ত মূল্যের বিনিময়ে প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করিলে অনূর্ধ্ব এক বৎসর কারাদণ্ড, বা অনধিক পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড, বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন।’ স্নিগ্ধা শ্রেণির ক্ষেত্রে প্রতিশ্রুত সেবা (এসি পরিবেশ, নির্ধারিত আসন, কর্মীর উপস্থিতি) সরবরাহ না হওয়া রেলওয়ের সরাসরি অবহেলা এবং এটি এই ধারার আওতায় পড়ে।
যদি অধিকার লঙ্ঘিত হয়, তবে একজন যাত্রী রেলওয়ের অভ্যন্তরীণ অভিযোগ ব্যবস্থা এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে প্রতিকার চাইতে পারেন।
একজন যাত্রী ট্রেন থেকে নেমে স্টেশনমাস্টারের কাছে লিখিত অভিযোগ জানাতে পারেন। এছাড়া রেলওয়ের হটলাইন ১৩১-এ ফোন করেও অভিযোগ জানানো সম্ভব। অনলাইন টিকিটের ক্ষেত্রে অভিযোগের জন্য [email protected]তে ই–মেইল করা যায়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগের ক্ষেত্রে একজন যাত্রী অধিদপ্তরের সহকারী পরিচালকের কাছে লিখিত আবেদন করতে পারেন। আবেদনের সাথে ক্রয়কৃত টিকিট, ভ্রমণের তারিখ এবং ঘটনার বিস্তারিত বিবরণ সংযুক্ত করতে হবে। অভিযোগ প্রমাণিত হলে রেলওয়ের বিরুদ্ধে জরিমানা আরোপ করা হতে পারে এবং অভিযোগকারী সেই জরিমানার ২৫ শতাংশ পাওয়ার অধিকারী হবেন।
ভোক্তা অধিকার আইন ও রেলওয়ে আইন—উভয়ই যাত্রীদের অধিকার রক্ষায় যথেষ্ট; তবে সমস্যা হলো জবাবদিহিতা এবং প্রয়োগের চরম ঘাটতি। সুষ্ঠু ব্যবস্থাপনা এবং আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে রেলওয়ের স্নিগ্ধা শ্রেণির টিকিট কেটে অস্নিগ্ধ যাত্রা করার দিন শেষ হোক।