কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দরের সাথে সড়ক যোগাযোগ সহজ করার লক্ষ্যে দুধকুমার নদের ওপর নির্মাণাধীন একটি সেতুর কাজ শুরু হওয়ার সাত বছর পেরিয়ে গেলেও তা শেষ হয়নি। মূল সেতুর প্রায় ৮০ শতাংশ কাজ সম্পন্ন হলেও পূর্ব প্রান্তের সংযোগ সড়ক নির্মাণের জন্য প্রয়োজনীয় জমির মালিকানা নিয়ে বাংলাদেশ রেলওয়ে ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিরোধ সৃষ্টি হওয়ায় আটকে আছে জমি অধিগ্রহণের প্রক্রিয়া।
এদিকে মেয়াদোত্তীর্ণ পুরোনো সেতুর ওপর দিয়ে চরম ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষ ও যানবাহনকে। সম্প্রতি পাথরবোঝাই একটি ট্রাকের চাপে পুরোনো সেতুর পূর্ব প্রান্তের স্টিলের পাটাতনের একটি অংশ ভেঙে যায়। এই ঘটনার পর থেকে সেতুটি দিয়ে ভারী যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রিটিশ আমলে ১৯৮৭ সালে নির্মিত সোনাহাট রেলসেতুটি দীর্ঘদিন ধরে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। স্থলবন্দরের ব্যবসায়িক কার্যক্রম সচল রাখা এবং পণ্য পরিবহন নির্বিঘ্ন করার লক্ষ্যে পুরোনো সেতুর দক্ষিণ পাশে দুধকুমার নদের ওপর নতুন একটি আরসিসি গার্ডার সেতু নির্মাণের উদ্যোগ নেয় কুড়িগ্রাম সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। ২০১৯ সালে ৬৪৫ দশমিক ০১৫ মিটার দীর্ঘ এই সেতুটির নির্মাণকাজ শুরু হয়।
সেতু ও সংযোগ সড়ক নির্মাণের জন্য মোট চুক্তিমূল্য ধরা হয়েছিল ১৩৬ কোটি ৩৩ লাখ টাকা। পরিকল্পনা অনুযায়ী ২০২১ সালেই কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু জমি অধিগ্রহণে জটিলতা, নকশার পরিবর্তন, করোনাকালীন স্থবিরতা এবং নির্মাণকাজে ধীরগতির কারণে নির্ধারিত সময়ে কাজ শেষ করা সম্ভব হয়নি। এ পর্যন্ত চার দফা মেয়াদ বাড়ানোর পাশাপাশি প্রকল্পের ব্যয়ও প্রায় ৭ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। তা সত্ত্বেও পূর্ব প্রান্তের সংযোগ সড়কের কাজ শুরু করা সম্ভব হয়নি।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, সংযোগ সড়ক নির্মাণের জন্য প্রয়োজনীয় প্রায় ছয় একর জমির মালিকানা দাবি করছেন স্থানীয় ব্যক্তিরা। অন্যদিকে বাংলাদেশ রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় কার্যালয়ও ওই জমিগুলো নিজেদের বলে দাবি করেছে। এই বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষ কুড়িগ্রাম জেলা প্রশাসকের কাছে চিঠি পাঠিয়েছে। একই জমির মালিকানা দুই পক্ষ দাবি করায় অধিগ্রহণপ্রক্রিয়া স্থবির হয়ে পড়েছে। বিষয়টি নিয়ে আন্তমন্ত্রণালয়ে একাধিক বৈঠক অনুষ্ঠিত হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর সমাধান আসেনি।
সরেজমিনে জমির কাগজপত্র ও সংশ্লিষ্ট নথি পর্যালোচনা করে দেখা গেছে, উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের গনাইরকুটি মৌজার ৫১২ ও ৫১৩ নম্বর দাগে ১৪১ দশমিক ২৬ শতক এবং ১০০১, ১০০২, ১০০৩ ও ১০০৪ নম্বর দাগে ৪২৯ দশমিক ৯৭ শতক জমি রয়েছে। সব মিলিয়ে মোট ৫৭১ দশমিক ২৩ শতক জমির মালিকানা দাবি করছেন পাঁচ পক্ষের ৩৮ জন অংশীদার। অন্যদিকে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে কর্তৃপক্ষ এসব জমি নিজেদের বলে দাবি করছে।
জমির মালিকানা দাবি করা আবদুল জলিল, আবেদ আলী, শফিকুল ইসলাম ও জাবেদ আলীসহ কয়েকজন বলেন, “জমিগুলো তাদের পৈতৃক সম্পত্তি। তিনটি রেকর্ড তাদের নামে রয়েছে। এরপরও রেলওয়ে জমিগুলো নিজেদের বলে দাবি করছে।” তারা আরও বলেন, “জমির ন্যায্য মূল্য না দিয়ে বাড়িঘর ভেঙে দেওয়া হলে তাদের আশ্রয় নেওয়ার জায়গা থাকবে না। এমনিতেই তাদের মাথা গোঁজার ঠাঁই নেই।”
নির্মাণকাজ বাস্তবায়নকারী ঠিকাদারি প্রতিষ্ঠান এমএম বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের প্রকল্প ব্যবস্থাপক শামীম আহমেদ বলেন, “সেতুর ওপরের অংশ এবং পশ্চিম প্রান্তের সংযোগ সড়কের কাজ শেষ পর্যায়ে রয়েছে। তবে পূর্ব প্রান্তের জমি অধিগ্রহণের জটিলতায় কাজ আটকে আছে। জমি বুঝে পেলে ছয় মাসের মধ্যে বাকি কাজ শেষ করা সম্ভব হবে।”
কুড়িগ্রাম সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মেহেদী হাসান সরকার বলেন, “ইতিমধ্যে সেতুর প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। ভূমি অধিগ্রহণের জটিলতায় পূর্ব প্রান্তের অ্যাপ্রোচ সড়কের কাজ শেষ করা যাচ্ছে না। অধিগ্রহণের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। জমি বুঝে পেলেই দ্রুত নির্মাণকাজ শেষ করা হবে।”
জমির মালিকানা নিয়ে বিরোধের বিষয়ে জানতে বাংলাদেশ রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় কার্যালয়ের ভূ-সম্পত্তি কর্মকর্তা মনজুর আলমের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি। ফলে এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, “জমির মালিকানা নিয়ে রেলওয়ের সঙ্গে জটিলতা তৈরি হয়েছে। এ বিষয়ে আন্তমন্ত্রণালয়ে তিনটি বৈঠক হয়েছে। মানুষের দুর্ভোগ লাঘবে জমি অধিগ্রহণের প্রক্রিয়া দ্রুত শেষ করতে তারা কাজ করছেন।”