ফেনী সদর উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, নিষিদ্ধ পণ্যের ব্যবহার এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে তিন ব্যবসায়ীকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও জেলা নিরাপদ খাদ্য কার্যালয়ের যৌথ উদ্যোগে এই বিশেষ অভিযানটি পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা গেছে, শহরের 'বগুড়ার দই' নামক একটি প্রতিষ্ঠান অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে দই উৎপাদন করছিল। এই অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং নিষিদ্ধ পণ্য ব্যবহারের দায়ে নীরব ঘোষ ও সুভাষ ঘোষ নামের আরও দুই ব্যবসায়ীকে একই আইনের অধীনে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও জেলা নিরাপদ খাদ্য অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, ফেনী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহমিদা আক্তার এবং জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মুহাম্মদ শামসুল আরেফিনের যৌথ নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
বিষয়টি নিশ্চিত করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহমিদা আক্তার মুক্তকণ্ঠকে জানান, “খাদ্যপণ্যের গুণগত মান রক্ষা এবং ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”