ঢাকার একটি পাঁচ তারকা হোটেলের ছোট একটি কক্ষ। সময়টি ২০১৫ সালের জুনের এক রাত। সেখানে খাটে এবং মেঝেতে গাদাগাদি করে বসে আছেন ভারতীয় ক্রিকেট দলের বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। তাঁদের সামনে সাজানো হোটেলের বাইরে থেকে লুকিয়ে আনা রাতের খাবার। হোটেলের কঠোর নিয়ম ছিল যে বাইরের কোনো খাবার ভেতরে ঢোকানো যাবে না। কিন্তু সেই রাতে ঘরের ভেতরেই চলছিল সেই নিয়ম ভাঙার এক উৎসব।

এই ভিড়ের মাঝে একজন মানুষ ছিলেন সম্পূর্ণ আলাদা। তিনি ছিলেন দলের সবচেয়ে বয়স্ক সদস্য, তবে তিনি কোনো ক্রিকেটার ছিলেন না। সেই মুহূর্তে তাঁর হাতে ছিল খাবারের প্লেট, যদিও একসময় তাঁর হাতে থাকত গুরুত্বপূর্ণ ফাইল এবং তাঁর সামনে বসে কাঁপত অপরাধীরা। তিনি হলেন নীরাজ কুমার। ভারতীয় পুলিশ সার্ভিসের ১৯৭৬ ব্যাচের একজন কর্মকর্তা। দীর্ঘ ৩৭ বছরের পুলিশ জীবনের অভিজ্ঞতা শেষে তিনি দিল্লি পুলিশের কমিশনার হিসেবে অবসর গ্রহণ করেছিলেন।

নীরাজ কুমারের কমিশনার হিসেবে কাটানো তেরোটি মাসের মধ্যে দুটি ঘটনা ভারতীয়দের স্মৃতিতে গভীরভাবে গেঁথে আছে। প্রথমটি ছিল নির্ভয়া কাণ্ড। সেই সময় দিল্লির রাস্তায় বিক্ষোভের ঢেউ আছড়ে পড়ছিল। মুখ্যমন্ত্রী তাঁর পদত্যাগ চাইছিলেন এবং ইন্ডিয়া গেটে জড়ো হওয়া জনতা তাঁর মাথা দাবি করছিল। তবে মাত্র ১০ দিনের মধ্যে চার্জশিট জমা দিয়ে এবং রেকর্ড সময়ে বিচার প্রক্রিয়া শেষ করে তিনি সেই উত্তাল পরিস্থিতি সামলেছিলেন।

দ্বিতীয় ঘটনাটি ছিল ২০১৩ সালের আইপিএল স্পট ফিক্সিং। রাজস্থান রয়্যালসের তিন ক্রিকেটার শ্রীশান্ত, অজিত চান্দিলা ও অঙ্কিত চাভান তখন ধরা পড়েন। তিন মাসব্যাপী এক অভিযানে মোট ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়। ফোনের কথোপকথন এবং টেলিভিশনের ক্যামেরার ফুটেজ সবকিছুই ছিল অকাট্য প্রমাণ। দিল্লি পুলিশ ভেবেছিল মামলাটি একেবারে ‘ওপেন অ্যান্ড শাট’। কিন্তু দুই বছর পর আদালত সবাইকে খালাস করে দেয়। আদালতের যুক্তি ছিল, ম্যাচ ও স্পট ফিক্সিং সংক্রান্ত বিষয়ে ভারতের আইনেই বিশাল শূন্যতা রয়েছে।

নীরাজ কুমার নিজেই লিখেছেন, পুলিশের জীবনে মানুষ চেনা যায় তার সর্বশেষ বড় মামলায়। আজও সামাজিক অনুষ্ঠানে তাঁর পরিচয় হয় ‘নির্ভয়া কমিশনার’, নয়তো ‘আইপিএল ফিক্সিং ধরা লোক’ হিসেবে। তিনি তিনটি বই লিখেছেন— ‘ডায়াল ডি ফর ডন’, ‘খাকি ফাইলস’ ও ‘আ কপ ইন ক্রিকেট’। ঢাকার হোটেলের সেই বিশেষ গল্পটি তাঁর ‘আ কপ ইন ক্রিকেট’ বইটিতে স্থান পেয়েছে।

২০১৫ সালের এপ্রিলে তাঁর কাছে একটি ফোন আসে। ওপাশে ছিলেন বিসিসিআই-এর তৎকালীন সচিব অনুরাগ ঠাকুর। প্রস্তাবটি ছিল বোর্ডের দুর্নীতি দমন ইউনিটের (এসিইউ) প্রধান হওয়ার। নীরাজ কুমার তখন অবসরের আনন্দ উপভোগ করছিলেন। সকালে দেরি করে ঘুম থেকে ওঠা, সারাদিন বই পড়া বা সিনেমা দেখা, দুপুরে গলফ খেলা এবং শীতে রোদে গা এলিয়ে দেওয়ার এক জীবন। জীবনে প্রথমবার তিনি কারও কাছে জবাবদিহি করছিলেন না, কেবল তাঁর স্ত্রীর কাছে ছাড়া। ফোনটি তাঁর কাছে এক ধরণের ‘ধাক্কা’র মতো মনে হয়েছিল। দিল্লি ছেড়ে মুম্বাই যেতে অনিচ্ছা থাকায় তিনি প্রস্তাবটি এড়িয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু অনুরাগ ঠাকুর ছিলেন অত্যন্ত দৃঢ়প্রতিজ্ঞ। তিনি আশ্বাস দিলেন যে দিল্লিতে থেকেই কাজ করা যাবে। শেষ পর্যন্ত রাজি হন নীরাজ কুমার এবং ১ জুন তিনি কাজে যোগ দেন। পরে তিনি লিখেছেন, বিসিসিআই-তে ঢোকার সময় তিনি ‘কিছুই জানতেন না’ যে সামনে কী ঘটতে যাচ্ছে।

৮৫ হাজার সদস্যের পুলিশ বাহিনীর প্রধান হয়ে তিনি কাজ শুরু করলেন মাত্র দুজন সহকর্মীকে নিয়ে। কিছুদিন পর তাঁর অফিসের জায়গাটুকুও কেড়ে নেওয়া হয়, এমনকি জানানোর সৌজন্যটুকুও দেখানো হয়নি। সেই কাহিনী অন্য দিনের জন্য তোলা থাক।

তাহলে এই মানুষটি ভারতীয় দলের সঙ্গে ঢাকায় কী করছিলেন? এসিইউ প্রধানের কাজের একটি বড় অংশ হলো খেলোয়াড়দের খুব কাছাকাছি থাকা। ড্রেসিংরুমে বুকি বা ফিক্সারদের প্রবেশ ঠেকানো, মুঠোফোন জমা নেওয়া এবং খেলোয়াড়দের বোঝানো যে কোনো সন্দেহজনক যোগাযোগ হলে তা সঙ্গে সঙ্গে জানাতে হবে। তবে নীরাজ কুমারের মতে, এই কাজের আসল জায়গা হলো মাঠের বাইরে। যে খেলোয়াড় তাঁকে বিশ্বাস করবেন, বিপদ দেখলে তিনিই আগে কথা বলবেন।

বিসিসিআই-তে যোগ দেওয়ার এক সপ্তাহের মধ্যেই তাই বাংলাদেশ সফর শুরু হয়। নিজের ভাষায়, কাজটা হাতেকলমে শেখার সুযোগ। দলের সঙ্গে সফর করার অর্থ হলো ধীরে ধীরে পরিবারের একজন হয়ে ওঠা। একই হোটেলে থাকা, একসঙ্গে নাশতা করা এবং একই বাসে স্টেডিয়ামে যাওয়া। তবে হোটেলের খাবার কারও পছন্দ হয়নি।

বিদেশ সফরে ক্রিকেটাররা সাধারণত সন্ধ্যায় বাইরে কোনো রেস্তোরাঁয় খেয়ে আসেন। নীরাজ তাঁর বইতে লিখেছেন, ঢাকায় ভারতীয় দলের ক্রিকেটারদের জন্য ‘পেট ভরে খাওয়ার মতো’ কোনো জায়গাই ছিল না।

এর সমাধান এল স্টেডিয়াম থেকে। সেখানে দুপুরের খাবার সরবরাহ করতেন উত্তর ভারতীয় বংশোদ্ভূত এক ক্যাটারার, যাঁর রান্না মোটামুটি মুখে রোচার মতো ছিল। দলের কয়েকজন উদ্যোগী সদস্য তাঁকে রাজি করালেন যাতে রাতের খাবারও হোটেলে পাঠানো হয়। কিন্তু সমস্যা হয়ে দাঁড়াল হোটেলের নিয়মে, কারণ বাইরের খাবার ঢোকানো নিষিদ্ধ ছিল।

এই গোপন অপারেশনের দায়িত্ব পড়ল একজনের ওপর। তিনি ছিলেন দলের ম্যাসাজ থেরাপিস্ট, যাঁকে সবাই ‘কাকা’ বলে ডাকতেন। মানুষের পেশির চিকিৎসা করা যাঁর কাজ, তিনি হয়ে গেলেন গোপন খাদ্য-সরবরাহের প্রধান। উত্তর ভারতীয় সেই ক্যাটারার রাতের খাবার তৈরি করে দিতেন এবং ‘কাকা’ সেগুলো লুকিয়ে হোটেলে নিয়ে আসতেন। কাকার ঘর, নীরাজ কুমারের ভাষায়, ছিল ‘পুরো দলের সাধারণ ডাইনিং এরিয়া’। খাবার এলে খেলোয়াড়েরা তাঁকেও ডাকতেন, ‘স্যার, আসুন।’

তিনিও যেতেন। ছোট ঘরে ঠাসাঠাসি অবস্থা, অনেকে মেঝেতে বসে এমনভাবে খাচ্ছেন, ‘যেন কয়েক সপ্তাহ কিছু খাননি।’ বিশ্বের ব্যস্ততম ক্রিকেট দলের তারকারা প্লেট হাতে মেঝেতে বসে খাচ্ছিলেন। এক পাশে ছিলেন নীরাজ কুমার, যাঁর সামনে একসময় দিল্লির অপরাধজগৎ কাঁপত। নিজের বইয়ে তিনি লিখেছেন, ওই ডিনারের স্মৃতি তাঁর সঙ্গে ‘সব সময় থাকবে’।

বইয়ের শেষ দিকে স্মৃতিচারণায় তিনি আবারও ফিরে গেছেন ঢাকার সেই হোটেলে। তিন বছরে তারকা ক্রিকেটারদের খুব কাছ থেকে দেখার অনেক মুহূর্ত তাঁর মনে জমেছে। তার প্রথম স্মৃতি হিসেবেই তিনি ঢাকার ‘চোরাই খাবার ভাগ করে খাওয়া’র কথা উল্লেখ করেছেন। সেই সফরে বিরাট কোহলির সঙ্গে তাঁর একটি ছোট্ট রসিকতা চালু হয়েছিল। ওজন একটু কমলেই পাঞ্জাবিরা বলেন ‘কমজোর হয়ে গেছ’। তাই বিরাটকে দেখলেই তিনি বলতেন, ‘জনাব, আপ তো বহুত কমজোর হো গ্যায়ে হো!’

নীরাজ কুমারের বইয়ের পাতায় পাতায় রয়েছে ফিক্সার, বুকি এবং ক্ষমতাবান কর্তাদের অন্দরমহলের অন্ধকার কাহিনী। বিসিসিআই-এর ক্ষত তিনি গোপন করেননি। অথচ সবচেয়ে উজ্জ্বল স্মৃতি হয়ে আছে ঢাকার একটি হোটেলের মেঝে এবং এক ‘অবৈধ’ নৈশভোজ।

দুর্নীতির সব ফাইল তিনি খুঁটিয়ে দেখেছেন। তবে ‘কাকা’র ঘরের ওই রাতটি কোনো ফাইলে নেই। ওই ‘অপরাধের’ একমাত্র সাক্ষী কেবল পেট আর স্মৃতি।