ব্যাটে বল লাগার পর এক অদ্ভুত ঝটকা, আর মুহূর্তেই বল ছুটে যায় সীমানার বাইরে। মহেন্দ্র সিং ধোনির ব্যাটিং শৈলীর কথা চিন্তা করলে চোখের সামনে ঠিক এই দৃশ্যটিই ভেসে ওঠে। ২০০৪ সালের ২৬ ডিসেম্বর ঢাকায় ধোনির ব্যাটিং দেখে শচীন টেন্ডুলকারের মনেও ঠিক এমনই অনুভূতি হয়েছিল। সেই মুহূর্তের মুগ্ধতা এতটাই প্রবল ছিল যে, পাশে থাকা ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলীকে তিনি বলেছিলেন, ‘দাদা, ছেলেটার হাতে একটা বিশেষ ঝটকা আছে। ব্যাট চালানোর সময় যেভাবে বল মারে, দেখার মতো।’
প্রায় ২২ বছর আগের সেই বাংলাদেশ সফরটিই ছিল ভারতীয় দলের হয়ে ধোনির প্রথম আন্তর্জাতিক সফর। তবে ক্যারিয়ারের শুরুটা খুব একটা সুখকর ছিল না। ২৩ ডিসেম্বর চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে অভিষেক হয় তাঁর। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার ব্যাটিংয়ে নেমে মোহাম্মদ রফিকের বলে রান নিতে গিয়েছিলেন ধোনি। কিন্তু ফাইন লেগ থেকে আসা তাপস বৈশ্যের নিখুঁত থ্রো ধরে উইকেটকিপার খালেদ মাসুদ স্টাম্প ভেঙে দেন। প্রথম বলেই শূন্য রানে রানআউট হয়ে মাঠ ছাড়েন তিনি। অভিষেকের খাতায় নাম উঠলেও ব্যাট হাতে কিছু করার সুযোগ পাননি তিনি।
এরপর ২৬ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হয় সিরিজের দ্বিতীয় ম্যাচ। সেই ম্যাচে ১১ বলে ১২ রান করেন ধোনি, যার মধ্যে ছিল দুটি চার। একটি চার ছিল তাপস বৈশ্যের বলে এবং অন্যটি আফতাব আহমেদের বলে। দুটি শটই ছিল কাভার দিয়ে। তবে সেগুলো প্রথাগত কাভার ড্রাইভ ছিল না, বরং ছিল ব্যাটের সেই বিশেষ ‘ঝটকা’র বহিঃপ্রকাশ।
ধোনির এই দুটি চারই টেন্ডুলকারের দৃষ্টি আকর্ষণ করে। তখনই তিনি অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর কাছে সেই ‘ঝটকা’র কথা উল্লেখ করেন। ২০২০ সালে ধোনি যখন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন, তখন ঢাকার সেই স্মৃতিগুলো ‘ইন্ডিয়ান এক্সপ্রেসে’ লিখেছিলেন টেন্ডুলকার।
ছয় বছর পর এবার ধোনির আরও একটি অবসরের কথা সামনে এসেছে। মঙ্গলবার চেন্নাই সুপার কিংস আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, ধোনি আর আইপিএলে খেলোয়াড় হিসেবে ফিরছেন না। ২০২৭ মৌসুম থেকে তিনি দলের মেন্টরের দায়িত্ব পালন করবেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অনেক আগেই অবসর নেওয়া ধোনির খেলোয়াড়ি জীবনের শেষ অধ্যায় ছিল এই আইপিএল।
ধোনির খেলোয়াড়ি জীবনের সমাপ্তি উপলক্ষে বর্তমানে চারদিকে চলছে স্মৃতি রোমন্থন, বন্দনা এবং শুভেচ্ছাবাণী। এই স্রোতে শামিল হয়ে ২০১১ বিশ্বকাপজয়ী অধিনায়কের বর্ণাঢ্য ক্যারিয়ারের কথা স্মরণ করেছেন টেন্ডুলকার। আর সেই স্মৃতিচারণার শুরুতেই তিনি ফিরে গেছেন ঢাকায় দেখা ধোনির ব্যাটিংয়ের কথা। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে টেন্ডুলকার লিখেছেন, ‘আমার এখনো মনে পড়ে, বাংলাদেশে ধোনির ব্যাটিং দেখে সৌরভকে বলেছিলাম—তার পাওয়ার হিটিংয়ে বিশেষ কিছু আছে। স্পষ্ট বোঝা যাচ্ছিল, তার মধ্যে বিরল প্রতিভা আছে। এরপর তার ক্রিকেট–যাত্রা কত দুর্দান্তই–না হয়েছে!’
বাংলাদেশ সফরে তিনটি ম্যাচেই ধোনিকে দেখেছেন টেন্ডুলকার। সতীর্থ হিসেবে অনুশীলনের মাঠেও তাঁর সাথে সময় কাটিয়েছেন। তবে ম্যাচে ধোনির ব্যাটিংই তাঁর নজর কেড়েছিল। সিরিজের দ্বিতীয় ম্যাচে দুটি চারের পর ধোনির পরবর্তী ঝলক দেখা যায় ২৭ ডিসেম্বরের তৃতীয় ওয়ানডেতে। ভারতের ইনিংসের শেষ ওভারে যুবরাজ সিং আউট হলে ক্রিজে আসেন ধোনি। খালেদ মাহমুদের বলে লং অনে আফতাব আহমেদের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছিলেন যুবরাজ। ধোনি নেমে প্রথম বলেই ঠিক সেই একই জায়গায় শট খেললেন—তবে এবার বল আফতাবের মাথার ওপর দিয়ে সীমানার বাইরে চলে যায়। এটিই ছিল তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ছক্কা। যেন বিশ্ব ক্রিকেটে ধোনির আগমনের এক শক্তিশালী বার্তা!
তিন ম্যাচের ওই সিরিজে ধোনির মোট রান ছিল ১৯—যার বিন্যাস ০, ১২ ও ৭। কেবল পরিসংখ্যান দেখলে মনে হতে পারে, পরের সিরিজে জায়গা ধরে রাখার মতো পারফরম্যান্স এটি ছিল না। কিন্তু টেন্ডুলকার সেখানে অন্য কিছু দেখেছিলেন। যে ব্যাটিংয়ের ঝটকা দেখে তিনি সৌরভকে বলেছিলেন, ‘এই ছেলেটার মধ্যে বিশেষ কিছু আছে’, পরবর্তী সময়ে সেটিই হয়ে উঠেছিল ধোনির সবচেয়ে বড় পরিচয়ের একটি।
পরবর্তী সময়ের ধোনিকে এখন পুরো বিশ্ব চেনে। ২০০৭ সালে তাঁর নেতৃত্বেই টি-টুয়েন্টি বিশ্বকাপ জয় করে ভারত। টেন্ডুলকারের দীর্ঘদিনের লালিত স্বপ্ন ২০১১ বিশ্বকাপ জয়ও আসে ধোনির অধিনায়কত্বে। ২০১৩ সালে চ্যাম্পিয়নস ট্রফি জিতে তিনি প্রথম অধিনায়ক হিসেবে তিনটি বড় আইসিসি শিরোপা জেতার অনন্য রেকর্ড গড়েন। ওয়ানডেতে ১০ হাজারের বেশি রান, ম্যাচ শেষ করার অসংখ্য স্মরণীয় মুহূর্ত এবং আইপিএলে চেন্নাই সুপার কিংসকে পাঁচটি শিরোপা জেতানো—ধোনির অর্জনের তালিকা অত্যন্ত দীর্ঘ।
টেন্ডুলকার নিজেও ছিলেন সেই ঐতিহাসিক যাত্রার অংশ। তাই বিদায়বেলায় ধোনিকে শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, ‘আমি সব সময় বিশ্বাস করতাম, তুমি বিশেষ কিছু করবে। শেষ পর্যন্ত তুমি তার চেয়েও অনেক বেশি কিছু অর্জন করেছ।’
প্রায় ২২ বছর পেরিয়ে গেলেও টেন্ডুলকারের স্মৃতিতে অমলিন রয়ে গেছে ধোনির সেই শুরুটা—ঢাকার মাঠে দুটি চার এবং ব্যাটে এক বিশেষ ‘ঝটকা’র জাদু।