পাকিস্তানের বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সভাপতি এবং বিশ্ববরেণ্য ফকিহ ও মুহাদ্দিস, শাইখুল হাদিস মুফতি মুহাম্মদ তাকি উসমানির এক সপ্তাহব্যাপী বাংলাদেশ সফর আপাতত স্থগিত করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৩টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান রাজধানীর শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মিজানুর রহমান সাঈদ। তিনি বাংলাদেশে মুফতি তাকি উসমানির প্রোগ্রাম পরিচলানার সমন্বয়কের দায়িত্ব পালন করছিলেন।
জানা গেছে, পাকিস্তানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে মুফতি তাকি উসমানিকে এই বিষয়ে জানানো হলে তিনি বিশ্ব ইসলামি ফিকহ একাডেমির (ওআইসি) সদস্য ও জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মুফতি মিজানুর রহমান সাঈদকে বিষয়টি অবহিত করেন।
সংবাদ সম্মেলনে মুফতি মিজানুর রহমান সাঈদ বলেন, “বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় অনাপত্তিপত্র (এনওসি) না পাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে মুফতি তাকি উসমানির ভিসা, বিমান টিকিট ও হোটেল বুকিংসহ সফরের যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এ অবস্থায় সরকার চাইলে এখনো তার বাংলাদেশ সফরের সুযোগ রয়েছে।”
উক্ত সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আবরার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি শামসুদ্দোহা আশরাফী, মুফতি হেদায়াতুল্লাহ আজাদী, কেএম শরীয়াতুল্লাহ, মুফতি শাহজালাল আল হাবিবী, মুফতি রফিকুল ইসলাম আশরাফী ও মাওলানা ইমরান হোসাইন আনসারী।