পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে প্রয়োজনীয় ছাড়পত্র বা এনওসি প্রদান করতে অস্বীকৃতি জানানোর ফলে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস (ডব্লিউসিএল) টুর্নামেন্ট থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে পাকিস্তান চ্যাম্পিয়নস।
উল্লেখ্য যে, গত বছর এক আনুষ্ঠানিক বিবৃতিতে সাবেক ক্রিকেটারদের জন্য আয়োজিত এই টুর্নামেন্টকে ‘ভণ্ডামি ও পক্ষপাতমূলক’ বলে অভিহিত করেছিল পিসিবি। সেই সময়েই তারা সতর্ক করে জানিয়েছিল যে, তারা ‘এ টুর্নামেন্টে অংশগ্রহণ করবে না।’ পিসিবির দাবি ছিল, এই আয়োজনের ভেতরে খেলাধুলার সাথে রাজনীতির সংমিশ্রণ ঘটানো হয়েছে। সেই সময় ভবিষ্যতে এই ধরনের টুর্নামেন্টে পাকিস্তানের অংশগ্রহণ নিষিদ্ধ করার বিষয়েও কথা বলেছিল বোর্ড।
গত আসরে রানার্সআপ হয়ে নজর কাড়া পাকিস্তান দলকে এবারও টুর্নামেন্টে ফিরিয়ে আনতে ডব্লিউসিএল কর্তৃপক্ষ আপ্রাণ চেষ্টা চালিয়েছিল। তারা এনওসি আদায়ের জন্য বিভিন্ন পদক্ষেপ নিলেও পিসিবি তাদের আগের কঠোর অবস্থানেই অনড় থাকে। শেষ পর্যন্ত এই অচলাবস্থা দূর করা সম্ভব হয়নি।
ক্রিকইনফোকে দেওয়া এক বিবৃতিতে পাকিস্তান চ্যাম্পিয়নসের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রয়োজনীয় ছাড়পত্র বা এনওসি না দেওয়ার সিদ্ধান্ত বহাল রাখায় পাকিস্তান চ্যাম্পিয়নস দুঃখের সঙ্গে নিশ্চিত করছে যে দলটি চলমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে (ডব্লিউসিএল) অংশ নিতে পারছে না।’
আরব আমিরাতে গত ৩ অক্টোবর ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচ দিয়ে এই টুর্নামেন্টের যাত্রা শুরু হয়। তবে পিসিবির সাথে কোনো সমঝোতায় পৌঁছানো যায় কি না, সেই আশায় পাকিস্তানের বিপক্ষে সেদিন বাংলাদেশের ম্যাচটি স্থগিত রাখা হয়েছিল। ক্রিকইনফোর প্রাপ্ত তথ্য অনুযায়ী, এনওসি পাওয়ার প্রক্রিয়া চলাকালীন ডব্লিউসিএল আয়োজকেরা পাকিস্তানের ম্যাচগুলোর সময়সূচি পরিবর্তন করতেও প্রস্তুত ছিলেন। কিন্তু গত সোমবার পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার ম্যাচটিও যখন বাতিল করা হয়, তখন এটি স্পষ্ট হয়ে যায় যে এই সংকটের আর কোনো সমাধান নেই।
এই টুর্নামেন্টে পাকিস্তান চ্যাম্পিয়নস দলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদির। এছাড়া শোয়েব মালিক, মোহাম্মদ হাফিজ, সরফরাজ আহমেদ এবং ওয়াহাব রিয়াজের মতো পাকিস্তানের সাবেক তারকা খেলোয়াড়দের নাম ছিল এই দলে।
গত বছর সেমিফাইনালসহ পাকিস্তানের বিপক্ষে দুটি ম্যাচ থেকে ভারতের সরে দাঁড়ানোর ঘটনায় প্রথমবার ক্ষোভ প্রকাশ করেছিল পিসিবি। সেমিফাইনালে পাকিস্তান ওয়াকওভার পেলেও গ্রুপ পর্বের ম্যাচে ভারত সরে দাঁড়ানোর পর তাদের পয়েন্ট দেওয়ার বিষয়ে তীব্র আপত্তি জানিয়েছিল বোর্ড। সে সময় পিসিবি এই ঘটনাকে ‘আন্তর্জাতিক ক্রীড়া সম্প্রদায়ের কাছে অগ্রহণযোগ্য বার্তা’ বলে বর্ণনা করেছিল।