জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম মনে করেন, দেশের মানুষের কাছে চূড়ান্তভাবে পরাজিত ও ধিকৃত হওয়ার যে গ্লানি, তা থেকে এখনো বেরিয়ে আসতে পারেনি পতিত ফ্যাসিবাদী গোষ্ঠী। আর সেই ক্ষোভ থেকেই তারা পরিকল্পিতভাবে জুলাই বিপ্লবের নেতৃত্বের ওপর একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। তিনি অভিযোগ করেন, সরকারের দায়িত্বহীনতা ও নির্লিপ্ততার কারণেই সন্ত্রাসীরা বর্তমানে আরও বেশি বেপরোয়া হয়ে উঠেছে।
গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে এসব কথা উল্লেখ করেন নাহিদ ইসলাম।
এনসিপি আহ্বায়ক তার পোস্টে বিস্তারিত জানান যে, গত কয়েক দিনের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক নুসরাত তাবাসসুম, মাহিন সরকার এবং খান তালাত মাহমুদ রাফির গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। এর আগে আরেক সাবেক সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর সরাসরি চাপাতি দিয়ে হামলা চালিয়েছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সহসমন্বয়ক মুসাদ্দিক ইবনে আলী মুহাম্মদের গ্রামের বাড়িতেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্বের ওপর এই ধারাবাহিক হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করছি, এসব ঘটনার পরও সরকার এখন পর্যন্ত জড়িতদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। সরকারের এমন দায়িত্বহীনতা ও নির্লিপ্ততা সন্ত্রাসীদের আরও বেপরোয়া করে তুলছে।’
জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ দাবি করেন, এসব হামলার সঙ্গে জড়িত প্রতিটি সন্ত্রাসীকে অবিলম্বে গ্রেপ্তার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তিনি সরকারকে অনুরোধ করেন, চোরাগোপ্তা হামলা প্রতিরোধ করতে এবং জুলাইয়ের নেতৃত্ব, শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের ব্যক্তিগত ও পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।