নিশাপুরের প্রখ্যাত কবি ওমর খৈয়ামের রুবাই কাজী নজরুল ইসলামের অনুবাদ ও গানের সুরে কীভাবে ধরা দেয়? নজরুল বর্ষ উপলক্ষে এই বিশেষ সাহিত্যিক অভিযাত্রার কথা প্যারিসে ইউনেসকোর সদর দপ্তরে তুলে ধরবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং মুক্তকণ্ঠ বন্ধুসভার সাবেক সভাপতি মুমিত আল রশিদ। আগামী সোমবার (২৩ নভেম্বর ২০২৬) তিনি সেখানে তাঁর একটি বিশেষ গবেষণা প্রবন্ধ উপস্থাপন করবেন, যার শিরোনাম ‘নিশাপুর থেকে ঢাকা: কাজী নজরুল ইসলামের অনুবাদ ও গানে খৈয়ামের রুবাইয়াতের প্রতিধ্বনি’। এর পরদিন মঙ্গলবার, ২৪ নভেম্বর, একই স্থানে তিনি ‘ইবনে সিনা: বাংলাদেশে বিশ্বস্ততার মুখচ্ছবি ও প্রতীক’ শীর্ষক আরও একটি প্রবন্ধ উপস্থাপন করবেন।
এর আগে ২০২৫ সালের জুন মাসে প্যারিসে ইউনেসকোর সদর দপ্তরে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং পারস্যের কবি হাফিজ শিরাজিকে কেন্দ্র করে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেছিলেন মুমিত আল রশিদ। তবে এবারের আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে থাকবেন কবি খৈয়াম, আর সেই আলোচনার প্রধান সূত্র হিসেবে ব্যবহৃত হবে নজরুলের অনুবাদ ও গান।
মুমিত আল রশিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক এবং ওই বিভাগের সাবেক চেয়ারম্যান। তিনি ২০১৯ সালে ইরানের তারবিয়্যাত মোদাররেস বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।
খৈয়ামের বাংলা অনুবাদ তাঁর গবেষণার অন্যতম প্রধান বিষয়। ইরানের ন্যাশনাল লাইব্রেরি অ্যান্ড আর্কাইভস থেকে ফারসি ভাষায় প্রকাশিত Bengali Translations of Khayyam’s Quatrains and Their Challenges শীর্ষক গবেষণা প্রবন্ধের জন্য তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন’স অ্যাওয়ার্ড ২০২৫ লাভ করেন। উল্লেখ্য, এই পুরস্কারটি ছিল ২০২৩ সালের আন্তর্জাতিক প্রবন্ধ বিভাগে।