ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন স্টাডিজ বিভাগের উদ্যোগে ‘একবিংশ শতাব্দীর তরুণদের জন্য মিডিয়া ও ইনফরমেশন লিটারেসি স্কিলস’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ‘বিশ্ব মিডিয়া ও তথ্য সচেতনতা সপ্তাহ ২০২৬’-এর দেশব্যাপী উদ্যাপনের অংশ হিসেবে এই সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি ইউনেসকো ঢাকা অফিস, মিডিয়া অ্যান্ড ইনফরমেশন লিটারেসি নেটওয়ার্ক বাংলাদেশ এবং জাতিসংঘের নির্বাচনী প্রকল্প ‘ব্যালট’-এর যৌথ সহযোগিতায় সম্পন্ন হয়।

গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের মঞ্জুর এলাহী মিলনায়তনে সেমিনারটি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, “সারা পৃথিবীর মতো বাংলাদেশও ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে। তবে বর্তমান সরকার কঠোর নিয়ন্ত্রণের চেয়ে জনগণকে শিক্ষিত এবং সচেতন করার দিকে অগ্রাধিকার দিচ্ছে।”

সামাজিক যোগাযোগমাধ্যমের ভুল তথ্যের প্রভাব সম্পর্কে আলোচনা করতে গিয়ে তথ্য উপদেষ্টা উল্লেখ করেন যে, তরুণদের তুলনায় বয়স্ক ব্যক্তিরা এই ধরনের বিভ্রান্তিকর তথ্যের দ্বারা বেশি প্রভাবিত হন। তাই তিনি বলেন, বয়স্কদের সঠিক তথ্য নির্বাচনে সহায়তা করতে তরুণদের এগিয়ে আসতে হবে।

সেমিনারটিতে সভাপতিত্ব করেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন অধ্যাপক মোহাম্মদ ফরাসউদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক এম আশিক মোসাদ্দিক, ইউনেসকোর বাংলাদেশ প্রতিনিধি সুসান ভাইজ এবং জাতিসংঘের নির্বাচনী প্রকল্প ‘ব্যালট’ বাংলাদেশের প্রতিনিধি আন্দ্রেস দেল কাস্তিলো সানচেজ।

সেমিনারের মূল প্রবন্ধটি উপস্থাপন করেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন স্টাডিজ বিভাগের চেয়ারপারসন অধ্যাপক দিলারা বেগম। এছাড়া প্রবন্ধ আলোচক হিসেবে তাঁর মতামত ব্যক্ত করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক কাজী মোস্তাক গাউসুল হক।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সপ্তাহব্যাপী মিডিয়া লিটারেসি কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।