সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সিটি ব্যাংকের বন্ধকি সম্পত্তি নিলাম এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে আর্থিক অনিয়মের যে অভিযোগ প্রচার করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে দাবি করেছে ব্যাংক কর্তৃপক্ষ। ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রকৃত তথ্য গোপন করে তাদের একটি আইনানুগ ঋণ আদায় প্রক্রিয়াকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করা হয়েছে।
ব্যাংক সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট গ্রাহক প্রতিষ্ঠানগুলো (একই গ্রাহকের মালিকানাধীন কয়েকটি প্রতিষ্ঠান) ২০১৬ সাল থেকে সিটি ব্যাংকের কাছ থেকে মোট ৫৫ কোটি ৭৬ লাখ টাকার ঋণ সুবিধা গ্রহণ করেছিল। ২০২২ সালে এই ঋণ অনিয়মিত হয়ে পড়লে গ্রাহকের অনুরোধে পুনঃতফসিলসহ বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করা হয়, তবে তা সত্ত্বেও ঋণ পরিশোধ করা হয়নি। ২০২৪ সালে ঋণটি পুনরায় খেলাপি হলে গ্রাহককে একাধিক আইনি নোটিশ পাঠানো হয় এবং ঋণ সমন্বয়ের সুযোগ দেওয়া হয়। এমনকি গ্রাহক নিজেই ৪৫ কোটি টাকায় ঋণ সমন্বয়ের অঙ্গীকার করলেও সেই প্রতিশ্রুতি রক্ষা করেননি বলে জানানো হয়েছে।
পরবর্তীতে ব্যাংক অর্থঋণ আদালত আইন এবং নিজস্ব নীতিমালা অনুসরণ করে ঋণের বিপরীতে রাখা বন্ধকীকৃত সম্পত্তি প্রকাশ্য নিলামের আয়োজন করে। নিলাম প্রক্রিয়ার আগে একটি স্বীকৃত মূল্যায়নকারী প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পত্তির বাজারমূল্য নির্ধারিত হয়েছিল ২২ কোটি ৮৫ লাখ টাকা এবং তাৎক্ষণিক বিক্রয়মূল্য ধরা হয়েছিল ১৬ কোটি ৬৬ লাখ টাকা। তবে ব্যাংকটি শেষ পর্যন্ত সম্পত্তিটি ৩০ কোটি ২৫ লাখ টাকায় বিক্রি করেছে, যা নির্ধারিত বাজারমূল্যের চেয়ে অনেক বেশি। ফলে অত্যন্ত কম মূল্যে সম্পত্তি বিক্রির যে অভিযোগ তোলা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছে ব্যাংকটি।
ব্যাংক কর্তৃপক্ষ আরও উল্লেখ করেছে যে, সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্যাংকের প্রাতিষ্ঠানিক ও আইনানুগ ঋণ আদায় কার্যক্রমকে তাঁর ব্যক্তিগত অর্থ আত্মসাতের ঘটনা হিসেবে উপস্থাপনের চেষ্টা অত্যন্ত নিন্দনীয়। এই ধরনের অপপ্রচার তাঁর ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করার পাশাপাশি সিটি ব্যাংকের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করার একটি অপচেষ্টা মাত্র।
অন্যদিকে, একটি বিদেশি ব্যাংকের আমন্ত্রণে এক গ্লোবাল ইভেন্টে বক্তা হিসেবে যোগ দিতে এবং পরবর্তীতে ওমরাহ পালনের উদ্দেশ্যে তাঁর পূর্বনির্ধারিত ও অনুমোদিত বিদেশ সফরকে দুদকের অনুসন্ধানের সঙ্গে মিলিয়ে সংবাদ পরিবেশন করাকে অনভিপ্রেত ও অন্যায় বলে অভিহিত করা হয়েছে। সিটি ব্যাংক যেকোনো আইনানুগ অনুসন্ধানে পূর্ণ সহযোগিতা করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানানো হয়েছে। তবে ব্যাংকটি স্পষ্ট করেছে যে, অভিযোগের অনুসন্ধানের জন্য তদন্ত কর্মকর্তা নিয়োগ হওয়া আর অভিযোগ প্রমাণিত হওয়া এক বিষয় নয়। সবশেষে, সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোর প্রতি প্রকৃত তথ্য যাচাই করে বিভ্রান্তিকর বক্তব্য সংশোধন এবং দায়িত্বশীল সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়েছে সিটি ব্যাংক।