বিপদে-আপদে বা জরুরি প্রয়োজনে হঠাৎ বড় অঙ্কের অর্থের প্রয়োজন হতে পারে যে কাউকে। যেমন— বাড়ির সংস্কার কাজ, জরুরি চিকিৎসা, সন্তানের দেশে বা বিদেশে উচ্চশিক্ষা কিংবা ব্যক্তিগত কোনো বিশেষ খরচ মেটাতে অনেকেই ব্যাংকের শরণাপন্ন হন। গ্রাহকদের এই ধরনের প্রয়োজন মেটাতে বিভিন্ন ব্যাংক ব্যক্তিগত ঋণ বা পারসোনাল লোন প্রদান করে থাকে। বেসরকারি খাতের সিটি ব্যাংকও তাদের গ্রাহকদের জন্য সর্বোচ্চ ৪০ লাখ টাকা পর্যন্ত ব্যক্তিগত ঋণের সুবিধা দিচ্ছে।

সিটি ব্যাংকের এই ব্যক্তিগত ঋণ পেতে হলে চাকরিজীবীদের মাসিক আয় কমপক্ষে ৪০ হাজার টাকা হতে হবে। তবে সরকারি চাকরিজীবীদের বেতনের ক্ষেত্রে কিছুটা শিথিলতা রাখা হয়েছে, যদিও সেক্ষেত্রে ঋণের পরিমাণ কিছুটা কম হতে পারে। বেসরকারি চাকরিজীবীদের মাসিক বেতন ৪০ হাজার টাকা হলে তারা ৩ থেকে সাড়ে ৩ লাখ টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন। অন্যদিকে, বেতন ৫০ হাজার টাকা হলে ঋণের পরিমাণ হবে ৫ থেকে ৬ লাখ টাকা। মূলত আবেদনকারীর আয় অনুযায়ী ঋণ পাওয়ার সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হবে। তবে ব্যক্তিগত ঋণ পাওয়ার জন্য বেতনের পাশাপাশি আরও কিছু যোগ্যতা যাচাই করা হবে।

সিটি ব্যাংকের দেওয়া তথ্য অনুযায়ী, এই ব্যক্তিগত ঋণের পরিমাণ সর্বনিম্ন ২ লাখ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৪০ লাখ টাকা পর্যন্ত হতে পারে। ঋণ পরিশোধের জন্য ১২ থেকে ৬০ মাস বা এক থেকে পাঁচ বছর পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ, ঋণগ্রহীতা তার নিজস্ব সামর্থ্য ও প্রয়োজন অনুযায়ী পরিশোধের মেয়াদটি বেছে নিতে পারবেন।

কারা এই ঋণ পাবেন

সিটি ব্যাংকের ব্যক্তিগত ঋণের জন্য আবেদনকারীর বয়স হতে হবে ২২ থেকে ৬০ বছরের মধ্যে। তবে পেশার ধরন অনুযায়ী অভিজ্ঞতা এবং মাসিক আয়ের শর্তাবলি ভিন্ন ভিন্ন।

বেসরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে একই প্রতিষ্ঠান বা একই পেশায় কমপক্ষে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং মাসিক বেতন হতে হবে ন্যূনতম ৪০ হাজার টাকা। যারা বাড়ি ভাড়া থেকে আয় করেন, তাদের ক্ষেত্রে মাসিক আয় কমপক্ষে ৫০ হাজার টাকা হতে হবে।

অন্যদিকে চিকিৎসক, প্রকৌশলী, হিসাববিদ এবং স্থপতির মতো পেশাজীবীদের জন্য অন্তত দুই বছরের পেশাগত অভিজ্ঞতা থাকা আবশ্যক। তাঁদের মাসিক আয় হতে হবে কমপক্ষে ৬০ হাজার টাকা। আর ব্যবসায়ীদের ক্ষেত্রে ব্যবসার বয়স কমপক্ষে তিন বছর এবং মাসিক আয় অন্তত এক লাখ টাকা হতে হবে।

আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র

ঋণের আবেদন করতে চাকরিজীবী ও অন্যান্য পেশার গ্রাহকদের কিছু নির্দিষ্ট কাগজপত্র জমা দিতে হবে। প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা নিম্নরূপ—

১. ঋণ আবেদনকারী এবং জামিনদারের জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ডের ফটোকপি।
২. আবেদনকারীর তিন কপি এবং জামিনদারের দুই কপি পাসপোর্ট সাইজের ছবি।
৩. আবেদনকারী ও জামিনদারের ভিজিটিং কার্ড, বিজনেস কার্ড অথবা অফিস পরিচয়পত্রের ফটোকপি।
৪. আবেদনকারীর হালনাগাদ ই-টিআইএন সনদ।
৫. সর্বশেষ ইউটিলিটি বিলের কপি।

অতিরিক্ত প্রয়োজনীয় নথি

চাকরিজীবীদের ক্ষেত্রে আবেদনের সাথে অফিসের পরিচিতিপত্র (লেটার অব ইনট্রোডাকশন), বেতন সনদ অথবা বেতন বিবরণী জমা দিতে হবে। এর পাশাপাশি সর্বশেষ ছয় মাসের ব্যাংক হিসাবের বিবরণী প্রদান করতে হবে।

চিকিৎসক, প্রকৌশলী, হিসাববিদ ও স্থপতির মতো স্বনিয়োজিত পেশাজীবীদের ক্ষেত্রে সর্বশেষ ছয় মাসের ব্যাংক হিসাবের বিবরণী জমা দিতে হবে। সেই সাথে পেশাগত যোগ্যতার সনদ অথবা সংশ্লিষ্ট পেশাজীবী সংগঠনের সদস্যপদের হালনাগাদ সনদ দাখিল করতে হবে। এছাড়া প্রতিষ্ঠানের নিজস্ব প্যাডে আয়ের ঘোষণা জমা দেওয়া বাধ্যতামূলক।

ঋণের সুবিধাসমূহ

সিটি ব্যাংক জানিয়েছে, তাদের এই ব্যক্তিগত ঋণে কোনো গোপন মাশুল বা চার্জ নেই। পাশাপাশি ব্যাংকটি প্রতিযোগিতামূলক সুদহারের সুবিধা দেওয়ার কথা উল্লেখ করেছে। ঋণগ্রহীতার মৃত্যু অথবা স্থায়ীভাবে সম্পূর্ণ অক্ষমতার ক্ষেত্রে ঋণের দ্বিগুণ অঙ্কের বিমা সুরক্ষার ব্যবস্থাও রয়েছে বলে জানিয়েছে ব্যাংকটি।

তবে ঋণের সুদের হার, প্রসেসিং ফি, মাসিক কিস্তির পরিমাণ এবং অন্যান্য প্রযোজ্য মাশুল সম্পর্কে আবেদনের আগেই ব্যাংকের কাছ থেকে বিস্তারিত জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কারণ, ঋণের পরিমাণ ও মেয়াদের ওপর ভিত্তি করে সুদের হার এবং কিস্তির অঙ্ক পরিবর্তিত হতে পারে।

সিটি ব্যাংক সূত্রে জানা গেছে, শুধুমাত্র এই প্যাকেজের আওতায় ব্যাংকটি মাসে প্রায় ২০০ কোটি টাকার ঋণ বিতরণ করে। ব্যাংক কর্মকর্তাদের মতে, চাকরিজীবীরা এই ঋণ সবচেয়ে বেশি গ্রহণ করেন। আগে এই ঋণের সর্বোচ্চ সীমা ছিল ২০ লাখ টাকা, যা গত দুই মাস ধরে বাড়িয়ে ৪০ লাখ টাকা করা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, যে কোনো ব্যাংক হিসাব থেকেও এই ঋণের জন্য আবেদন করা সম্ভব।

এ বিষয়ে জানতে চাইলে সিটি ব্যাংকের হেড অব প্রোডাক্টস (অ্যাকুইজিশন্স অ্যান্ড চিফ ব্যাংকাসুরেন্স অফিসার) সুবীর কুমার কুন্ডু মুক্তকণ্ঠকে বলেন, “ব্যক্তিগত ঋণে সুদের হার পরিবর্তন হয়ে থাকে। এখন এটা ১০ থেকে ১১ শতাংশ হয়। তবে কমবেশি হতে পারে। আবেদনের পর মূলত গ্রাহকের আয়, পেশা, চাকরির ধরন, চাকরির সময়সীমা ইত্যাদি বিভিন্ন দিক বিবেচনা করে ঋণপ্রাপ্তির সীমা নির্ধারণ করা হয়।”