দেশের কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) খাতের উদ্যোক্তাদের বাণিজ্যিক যানবাহন ক্রয়ের ক্ষেত্রে সহজ শর্তে ঋণ সুবিধা প্রদানের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক ও রানার মোটরস। সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রাইম ব্যাংক এই চুক্তির কথা জানিয়েছে।
উক্ত চুক্তির আওতায় সিএমএসএমই খাতের উদ্যোক্তারা এখন থেকে রানার মোটরসের বাণিজ্যিক যানবাহন কেনার জন্য প্রাইম ব্যাংক থেকে ঋণ সহায়তা পাবেন। এই উদ্যোগের ফলে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণ এবং পরিবহন ব্যবস্থার আধুনিকায়নে গতি আসবে বলে আশা করা হচ্ছে।
সম্প্রতি দুই প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) এম নাজিম এ চৌধুরী এবং রানার মোটরসের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) রাজেশ কুমার যাদব।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের চিফ বিজনেস অফিসার সাজিদ রহমান, ইভিপি ও এসএমই ব্যাংকিং বিভাগের প্রধান মো. মহসিনুর রহমান, ইভিপি ও সিআরএম-এসএমই বিভাগের প্রধান নাইমুল হাসান খান এবং রানার মোটরসের বিক্রয় ও বিপণন বিভাগের সিনিয়র জেনারেল ম্যানেজার মো. ফিরোজ কবির।