বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় জেলা ও উপজেলা পর্যায়ে নতুন ব্যবসায়িক উদ্যোগ গড়ে তোলা এবং তরুণ উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ১২টি উপজেলায় লিড ব্যাংকের দায়িত্ব পেয়েছে সিটি ব্যাংক। যেসব উপজেলায় এই দায়িত্ব পালন করবে সিটি ব্যাংক, সেগুলো হলো— ফরিদপুরের আলফাডাঙ্গা, গোপালগঞ্জ সদর, ভৈরব, মুন্সিগঞ্জ সদর, নারায়ণগঞ্জের সোনারগাঁও, নরসিংদীর শিবপুর, চাঁদপুরের হাজীগঞ্জ, কুমিল্লার লাকসাম, নোয়াখালীর সেনবাগ, সিরাজগঞ্জ সদর, সিলেটের বিশ্বনাথ এবং দিনাজপুর সদর। এছাড়া গোপালগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলার লিড ব্যাংক হিসেবেও দায়িত্ব পালন করছে এই ব্যাংকটি।

লিড ব্যাংক হিসেবে দায়িত্বপ্রাপ্ত ১২টি উপজেলার মধ্যে গতকাল বৃহস্পতিবার মুন্সিগঞ্জ সদর উপজেলায় ‘উদ্যোগ’ কর্মসূচি নিয়ে একটি সচেতনতামূলক ও অংশীজন সম্পৃক্তকরণ অনুষ্ঠানের আয়োজন করে সিটি ব্যাংক। মুন্সিগঞ্জের দরবার পার্টি প্যালেসে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মাসরুর আরেফিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের (এসএমইএসপিডি) পরিচালক শেখ আব্দুল কুদ্দুস। এছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডির যুগ্ম পরিচালক মোহাম্মদ মাসুদুর রহমান, সিটি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. আশানুর রহমানসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং তরুণ উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। এক বিজ্ঞপ্তিতে ব্যাংক কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।

অনুষ্ঠানে ‘উদ্যোগ’ কর্মসূচির মূল লক্ষ্য ও উদ্দেশ্য, কারা অংশগ্রহণের যোগ্য হতে পারবেন, অর্থায়নের সুযোগ-সুবিধা এবং আবেদনের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এই সময়ে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ মাসুদুর রহমান কর্মসূচিটির বিভিন্ন দিক ব্যাখ্যা করেন এবং অংশগ্রহণকারীদের করা বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।

ব্যাংকটির দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগ কর্মসূচির মূল লক্ষ্য হলো উপজেলা পর্যায়ে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের চিহ্নিত করা এবং তাঁদের জন্য প্রাতিষ্ঠানিক অর্থায়ন সুবিধার ব্যবস্থা করা। এই কর্মসূচির আওতায় নির্বাচিত উদ্যোক্তারা সর্বমোট ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন সুবিধা পাবেন। এর মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা ব্যাংক ঋণ এবং সর্বোচ্চ ১০ লাখ টাকা অনুদান হিসেবে দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয় যে, লিড ব্যাংক হিসেবে সিটি ব্যাংক তাদের দায়িত্বপ্রাপ্ত উপজেলাগুলোতে অংশগ্রহণকারী বিভিন্ন ব্যাংক এবং সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে প্রয়োজনীয় সমন্বয় সাধন করবে। পাশাপাশি তরুণ উদ্যোক্তাদের ঋণ আবেদনগুলো যাচাই করে যোগ্য উদ্যোক্তা চিহ্নিত করতে সহায়তা করবে ব্যাংকটি। মুন্সিগঞ্জ সদরে গতকাল আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের কর্মসূচির পাশাপাশি সিটি ব্যাংকের নিজস্ব বিশেষায়িত ‘উদ্যোগ’ ঋণসুবিধারও উদ্বোধন করা হয়। ব্যাংকটি জানিয়েছে, এই বিশেষ সুবিধার ফলে উদ্যোক্তাদের অর্থায়ন প্রাপ্তির প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর হবে।