বিশ্বখ্যাত অ্যাকশন গেম ‘গ্র্যান্ড থেফট অটো’ (জিটিএ)-এর নির্মাতা প্রতিষ্ঠান রকস্টার গেমসের একজন সাবেক সদস্য তৈরি করছেন এক অনন্য ও ব্যতিক্রমী ভিডিও গেম। ‘দ্য লাস্ট পিলার: হজ’ নামের এই গেমটির মূল উপজীব্য হলো পবিত্র মক্কা নগরী এবং মসজিদুল হারামের পরিচ্ছন্নতাকর্মীদের জীবন সংগ্রাম ও তাঁদের নিঃস্বার্থ সেবার গল্প।

‘ক্রিসেন্ট ডায়াল গেমস’-এর ব্যানারে নির্মিত এই একক খেলোয়াড়ভিত্তিক গেমটির একটি বিনা মূল্যের পরীক্ষামূলক সংস্করণ বা ডেমো গত ৪ সেপ্টেম্বর জনপ্রিয় গেমিং প্ল্যাটফর্ম ‘স্টিম’-এ উন্মুক্ত করা হয়েছে। নির্মাতা প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০২৭ সালের শেষ নাগাদ গেমটির পূর্ণাঙ্গ সংস্করণ বাজারে আসবে।

নির্মাতার ব্যক্তিগত হজ পালনের অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত হয়ে এই গেমটি তৈরি করা হচ্ছে। প্রচলিত ভিডিও গেমগুলোর মতো এখানে কোনো সহিংসতা, মারামারি কিংবা প্রতিযোগিতার স্থান নেই। ইবাদতের পবিত্রতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তৈরি করা এই গেমে তাওয়াফ বা সাঈর মতো ধর্মীয় আনুষ্ঠানিকতাকে পয়েন্ট অর্জনের মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়নি। বরং এখানে আলোকপাত করা হয়েছে পর্দার আড়ালে থেকে দিন-রাত অক্লান্ত পরিশ্রম করা সেই পরিচ্ছন্নতাকর্মীদের ওপর, যাঁরা লাখ লাখ হজযাত্রীর জন্য পবিত্র স্থানগুলোকে পরিচ্ছন্ন ও প্রস্তুত রাখেন।

গেমটির কাহিনীতে খেলোয়াড়কে মসজিদুল হারামের একজন পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণ কর্মীর চরিত্রে অভিনয় করতে হবে। গল্পের মূল চরিত্রটি একজন সফল ও বিত্তশালী ব্যবসায়ী, যিনি জীবনের গভীর শোক ও শূন্যতা থেকে মুক্তি পেতে নিজের পরিচয় গোপন করে হারামের পরিচ্ছন্নতাকর্মী হিসেবে যোগ দেন।

গেমের ভেতরে প্রতিদিনের কাজের অংশ হিসেবে খেলোয়াড়কে শ্বেতপাথরের বিশাল চত্বর ঝাড়ু দেওয়া, জনসমাগমস্থল পানি দিয়ে ধোয়া, হাজিদের হারিয়ে যাওয়া জিনিসপত্র খুঁজে বের করে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া এবং জমজমের পানির পাত্র পূর্ণ করার মতো দায়িত্ব পালন করতে হবে। এছাড়া প্রখর রোদে কাজ করার সময় শারীরিক ক্লান্তি, তৃষ্ণা এবং বিশ্রামের দিকেও নজর রাখতে হবে খেলোয়াড়কে।

আধুনিক ‘আনরিয়েল ইঞ্জিন’ প্রযুক্তির সাহায্যে এই গেমে মক্কার মসজিদুল হারাম ও কাবার চারপাশের চত্বর অত্যন্ত নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এর পাশাপাশি সাফা-মারওয়া, মিনার তাঁবুর শহর, আরাফাতের ময়দান এবং মুজদালিফার প্রান্তরকেও বাস্তবসম্মতভাবে উপস্থাপন করা হয়েছে। ভবিষ্যতে মদিনা মুনাওয়ারা ও অন্যান্য ঐতিহাসিক স্থানগুলো এই গেমে যুক্ত করার পরিকল্পনা রয়েছে নির্মাতার।

গেমটি সম্পর্কে নির্মাতা স্পষ্ট করে জানিয়েছেন, “‘দ্য লাস্ট পিলার: হজ’ কোনোভাবেই হজের বিকল্প নয়; বরং যাঁরা এখনো মক্কায় যাওয়ার সুযোগ পাননি, তাঁদের কাছে হজের পরিবেশ এবং এর নেপথ্য সেবকদের ত্যাগের গল্প তুলে ধরার একটি কাল্পনিক প্রয়াসমাত্র।”