‘১৯ নভেম্বর থেকে আমাকে পাওয়া কঠিন হবে। আমি পুরোপুরি ডুবে থাকব।’ লিভারপুলের তারকা ফরোয়ার্ড আলেক্সান্ডার ইসাকের এমন এক ঘোষণার পেছনে ফুটবলের কোনো কৌশল নয়, বরং রয়েছে একটি জনপ্রিয় ভিডিও গেম। দীর্ঘ ১৩ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাজারে এসেছে বিশ্বখ্যাত ভিডিও গেম সিরিজ গ্র্যান্ড থেফট অটোর নতুন সংস্করণ জিটিএ-৬। ইসাকের মতো এই গেমটি নিয়ে চরম উচ্ছ্বসিত রয়েছেন আর্লিং হালান্ড, লামিনে ইয়ামাল থেকে শুরু করে লুইস হ্যামিল্টন ও লেব্রন জেমসের মতো বিশ্বখ্যাত তারকারাও। কেউ কেউ এই গেমের নেশায় কাজ বাতিল করার রসিকতা করেছেন, আবার কেউবা তাদের কর্মীদের ছুটি দিয়েছেন। তবে খেলোয়াড়দের এমন তীব্র উন্মাদনা ঘিরে ক্রীড়া বিশ্লেষকদের মনে প্রশ্ন জেগেছে—দীর্ঘ সময় গেম খেলার প্রভাব কি মাঠের পারফরম্যান্সে কোনো নেতিবাচক প্রভাব ফেলতে পারে?

গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রকস্টার গেমসের তৈরি বহুল প্রতীক্ষিত গ্র্যান্ড থেফট অটো সিক্স আনুষ্ঠানিকভাবে মুক্তি পেয়েছে। প্লেস্টেশন ফাইভ ও এক্সবক্স সিরিজ এক্স/এস কনসোলের জন্য এই গেমটি প্রকাশিত হয়েছে। উল্লেখ্য, ২০১৩ সালে এই সিরিজের আগের সংস্করণ জিটিএ-৫ বাজারে এসেছিল। এরপর নতুন সংস্করণের জন্য অপেক্ষা করতে হয়েছে এক দশকেরও বেশি সময়।

এই দীর্ঘ অপেক্ষার কথা সবচেয়ে স্পষ্টভাবে প্রকাশ করেছেন লিভারপুলের সুইডিশ স্ট্রাইকার ইসাক। জাতীয় দলের দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুচকি হেসে তিনি বলেন, ‘আমার মনে হয়, ১৯ নভেম্বর থেকে আমার সঙ্গে যোগাযোগ করা বেশ কঠিন হবে। আমি পুরোপুরি গেমে ডুবে থাকব। সেটাই পরিকল্পনা।’

ইসাকের এই মন্তব্যটি বিশেষ আলোচনায় এসেছে লিভারপুলের আসন্ন ম্যাচের কারণে। আগামী রোববার (২২ নভেম্বর) অ্যানফিল্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে তার দল। ইংলিশ ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ এই দ্বৈরথের মাত্র তিন দিন আগে মুক্তি পেয়েছে এই গেমটি। তবে ইসাকের কথাগুলো ছিল মূলত রসিকতার সুরে। গেম খেলার কারণে তার অনুশীলন কিংবা ম্যাচ প্রস্তুতিতে কোনো ঘাটতি হবে, এমন কোনো তথ্য পাওয়া যায়নি।

ইসাকের পাশাপাশি জিটিএ সিরিজের বড় ভক্ত ম্যানচেস্টার সিটির তারকা আর্লিং হালান্ডও। নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওতে দৈনন্দিন জীবন ও পছন্দের গেম নিয়ে কথা বলেন এই নরওয়েজীয় স্ট্রাইকার। সেখানে জিটিএর প্রসঙ্গ উঠলে তিনি বলেন, ‘জিটিএ! নতুন সংস্করণটির জন্য আর অপেক্ষা করতে পারছি না।’ এমনকি নির্জন দ্বীপে আটকা পড়লে কোন গেমটি সঙ্গে নিতে চাইবেন, এমন প্রশ্নের উত্তরেও তিনি জিটিএ কিংবা মাইনক্রাফটের কথা জানিয়েছিলেন।

বার্সেলোনার তরুণ তুর্কি লামিনে ইয়ামালও জিটিএ-৬ নিয়ে আলোচনায় এসেছিলেন। গত জুলাইয়ের শেষদিকে নিজের ইনস্টাগ্রামে একটি ছবির সঙ্গে শুধু ‘GTA VI’ লিখে পোস্ট করেন এই স্প্যানিশ ফরোয়ার্ড। পোস্টটির নির্দিষ্ট উদ্দেশ্য তিনি ব্যাখ্যা না করলেও, স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, তার সেই পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছিল গেমটির অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট। বিষয়টি গেমপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

শুধু ফুটবলারই নন, সাতবারের ফর্মুলা ওয়ান বিশ্বচ্যাম্পিয়ন লুইস হ্যামিল্টনও এই গেমটির অপেক্ষায় ছিলেন। গত বছরের জুলাইয়ে ভক্তদের সঙ্গে আলাপচারিতায় ব্রিটিশ এই রেসার বলেছিলেন, জিটিএ-৬ মুক্তি পেলে তাঁকে সব কাজ বাতিল করতে হতে পারে। অন্যদিকে এনবিএ তারকা লেব্রন জেমস ২০২৩ সালে গেমটির প্রথম ট্রেলার প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেন। ট্রেলারটি দেখে জিটিএ-৬-কে অবিশ্বাস্য বলে মন্তব্য করেন এই বাস্কেটবল তারকা।

তবে গেমটি ঘিরে সবচেয়ে চমকপ্রদ ঘোষণা দিয়েছেন সাবেক ইউএফসি চ্যাম্পিয়ন কনর ম্যাকগ্রেগর। বুধবার (১৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ম্যাকগ্রেগর জানান, জিটিএ-৬ মুক্তি উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত তার প্রায় ৪০০ কর্মীকে পরদিন ছুটি দেওয়া হবে। নিজের কর্মীদের উদ্দেশে তার বার্তা ছিল, ‘আগামীকাল তোমাদের পুরো দিন ছুটি। গেমটি উপভোগ করো!’ যদিও তার বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে এই ছুটি বাস্তবে কীভাবে কার্যকর হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

জিটিএ-৬ নিয়ে খেলোয়াড়দের আগ্রহের মাত্রা বোঝা যায় এনএফএলের ক্লিভল্যান্ড ব্রাউনসের কোয়ার্টারব্যাক দেশন ওয়াটসের কথাতেও। বুধবার এক সংবাদ সম্মেলনে দলের প্লে-অফ সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে ওয়াটসন বলেন, ‘সত্যি বলতে, দলের বেশির ভাগ খেলোয়াড় এখন জিটিএ নিয়ে ভাবছে।’

এনএফএলের আরেক দল লস অ্যাঞ্জেলেস র‍্যামসের খেলোয়াড় টুটু অ্যাটওয়েলও এই গেমটি নিয়ে দারুণ উচ্ছ্বসিত। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে তিনি জানিয়েছেন, নিজের মাকে আগেই সতর্ক করে রেখেছেন যে, কয়েক দিন তার সঙ্গে যোগাযোগ করা কঠিন হতে পারে। তবে একই দলের স্টিভ আভিলা গেমটির সম্ভাব্য প্রভাব নিয়ে ভিন্ন মত পোষণ করেছেন। তার ধারণা, খেলোয়াড়দের ঘুমের সময় পর্যবেক্ষণ করলে দেখা যেতে পারে, অনেকেই নতুন গেমের নেশায় স্বাভাবিকের চেয়ে কম ঘুমাচ্ছেন।

অন্যদিকে হিউস্টন রকেটসের বাস্কেটবল খেলোয়াড় স্টিভেন অ্যাডামস আরও এক ধাপ এগিয়ে রসিকতা করেছেন। গত সেপ্টেম্বরে তিনি বলেছিলেন, জিটিএ-৬ মুক্তির পর নভেম্বরে এনবিএ, এনএফএলসহ বিভিন্ন লিগের খেলোয়াড়দের পারফরম্যান্স কমে যেতে পারে। এমনকি কোচ ও স্কাউটদের কাজেও প্রভাব পড়তে পারে। তবে ডিসেম্বরে পরিস্থিতি আবার স্বাভাবিক হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তবে সবাই যে পেশাদার দায়িত্বের চেয়ে গেমকে প্রাধান্য দেবেন, তা নয়। নিউইয়র্ক জেটসের ব্রিস হল জানিয়েছেন, আগে ম্যাচের ভিডিও বিশ্লেষণসহ প্রয়োজনীয় কাজ শেষ করবেন, এরপর বাড়তি এক-দুই ঘণ্টা গেম খেলবেন। ফিনিক্স সানসের ডেভিন বুকারও গেমটি আগাম কিনে রেখেছেন।

ক্রীড়াবিশ্বের এমন উন্মাদনার বিপরীতে সম্পূর্ণ ভিন্ন অবস্থানে দাঁড়িয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক অধিনায়ক গ্যারি নেভিল। সম্প্রতি দ্য ওভারল্যাপের একটি আলোচনায় জিটিএ-৬ নিয়ে কথা উঠলে নেভিল জানান, জনপ্রিয় এই গেম সিরিজ সম্পর্কে তার কোনো ধারণাই নেই। জীবনে তিনি শুধু টেট্রিস গেম খেলেছেন। ফুটবলারদের গভীর রাত পর্যন্ত গেম খেলার অভ্যাসও তিনি পছন্দ করেন না। তার ভাষায়, ‘ফুটবলারদের কম্পিউটার গেম খেলতে দেখলে আমার খুব বিরক্ত লাগত। তারা রাত দুইটা-তিনটা পর্যন্ত জেগে গেম খেলত।’ নেভিলের মতে, এমন অভ্যাস শরীরের জন্য ক্ষতিকর এবং তিনি কোনো কিছুর প্রতি অতিরিক্ত আসক্তি পছন্দ করেন না।

এখন প্রশ্ন হলো, গেম খেলা কি সত্যিই মাঠের পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব ফেলে? এখানে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে পর্যাপ্ত ঘুম ও বিশ্রামের বিষয়টি। ব্রিটিশ জার্নাল অব স্পোর্টস মেডিসিনে প্রকাশিত ক্রীড়াবিদদের ঘুমসংক্রান্ত বিশেষজ্ঞদের একটি পর্যালোচনায় বলা হয়েছে, শারীরিক পুনরুদ্ধার ও খেলাধুলায় ভালো পারফরম্যান্সের জন্য পর্যাপ্ত ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে দীর্ঘ সময় ঘুমের ঘাটতি হলে ক্রীড়াবিদদের মনোযোগ, প্রতিক্রিয়ার গতি এবং নির্দিষ্ট কিছু শারীরিক সক্ষমতায় প্রভাব পড়তে পারে।

ফুটবলে মুহূর্তের মধ্যে প্রতিপক্ষের গতিবিধি বুঝে সিদ্ধান্ত নিতে হয়, বাস্কেটবলে দ্রুত আক্রমণ ও রক্ষণে অবস্থান বদলাতে হয় এবং ফর্মুলা ওয়ানে সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। এসব ক্ষেত্রেই মনোযোগ ও দ্রুত প্রতিক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এক রাত কম ঘুমানোর অর্থ এই নয় যে কোনো খেলোয়াড় পরদিন খারাপ পারফর্ম করবেন। বিশেষজ্ঞদের পর্যালোচনায় দেখা গেছে, স্বল্প সময়ের আংশিক ঘুমের ঘাটতির প্রভাব সব ক্ষেত্রে একই রকম হয় না।

পেশাদার ক্রীড়াবিদদের ভিডিও গেমে মেতে ওঠার ইতিহাস নতুন নয়। সাবেক স্নুকার বিশ্বচ্যাম্পিয়ন নিল রবার্টসন একসময় স্বীকার করেছিলেন, অতিরিক্ত গেম খেলার কারণে তার পারফরম্যান্স ক্ষতিগ্রস্ত হয়েছিল। বিশেষ করে দীর্ঘ সময় অনলাইন গেম খেলার ফলে পর্যাপ্ত ঘুম ও অনুশীলনের সময় বের করতে তিনি সমস্যায় পড়েছিলেন। অন্যদিকে ইতালির কিংবদন্তি আন্দ্রেয়া পিরলোর অভিজ্ঞতা ছিল সম্পূর্ণ ভিন্ন। নিজের আত্মজীবনীতে পিরলো জানিয়েছেন, ২০০৬ বিশ্বকাপ ফাইনালের দিন বিকেলেও তিনি প্লেস্টেশনে খেলেছিলেন। সেদিন রাতেই ফ্রান্সকে হারিয়ে ইতালির বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই মিডফিল্ডার।

এই দুটি বিপরীত অভিজ্ঞতা প্রমাণ করে যে, ভিডিও গেম খেলার প্রভাব সবার ক্ষেত্রে এক রকম হয় না। বিষয়টি মূলত নির্ভর করে একজন খেলোয়াড় কখন, কতক্ষণ এবং কীভাবে গেম খেলছেন তার ওপর। তবে গেম নিয়ে এই উন্মাদনার মাঝেই বাস্তব মাঠের লড়াই চলবে। রোববার লিভারপুলের হয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামার কথা ইসাকের। অন্যদিকে হালান্ড, হ্যামিল্টন কিংবা এনবিএ ও এনএফএলের তারকারাও তাদের পেশাদার দায়িত্বে ব্যস্ত থাকবেন।