টানা ৫২ ঘণ্টার বেশি সময় ধরে ভিডিও গেম খেলে বিশ্বজুড়ে আলোচনায় এসেছেন জনপ্রিয় মার্কিন ইউটিউবার আইশোস্পিড। ইউটিউব লাইভে দেখা গেছে, এই দীর্ঘ সময়ে তিনি একবারের জন্যও ঘুমাননি। তুমুল আলোচিত ‘গ্র্যান্ড থেফট অটো সিক্স’ গেমটি শেষ করার পর এক চরম বিপত্তি ঘটে; তিনি ভুলবশত নিজের সেভ ফাইলটি হারিয়ে ফেলেন। এই ঘটনাটি ঘুম এবং মানবদেহের কার্যকারিতা নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এনেছে। এক বা দুই রাত না ঘুমালে মানুষের মস্তিষ্ক ও শরীরে আদতে কী ঘটে? দীর্ঘ সময় না ঘুমিয়ে থাকা কি প্রাণঘাতী হতে পারে?

মার্কিন ইউটিউবার ড্যারেন ওয়াটকিনস জুনিয়র অনলাইনে আইশোস্পিড নামে পরিচিত। সম্প্রতি মুক্তি পাওয়া জনপ্রিয় ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো সিক্স’ বা ‘জিটিএ ৬’-এর মূল কাহিনী শেষ করতে তিনি সময় নেন ৫২ ঘণ্টা ৩১ মিনিট ১১ সেকেন্ড। সব মিলিয়ে তিনি লাইভে ছিলেন মোট ৫৩ ঘণ্টা ৪০ মিনিট।

২০ নভেম্বর গেমটি শেষ করার পর আইশোস্পিড জানান, পুরো সময় তিনি একবারও ঘুমাননি। কিন্তু এরপরই ঘটে বিপত্তি। গেমের শেষ অংশে নেওয়া একটি সিদ্ধান্ত বদলাতে আগের সেভ করা ফাইলে ফিরতে চেয়েছিলেন তিনি। কিন্তু ভুল অপশনে ক্লিক করার ফলে প্রায় ৯৮ শতাংশ অগ্রগতির একটি সেভ ফাইল ওভাররাইট হয়ে যায়।

দীর্ঘ সময় না ঘুমানোর কারণে তাঁর এই ভুল হয়েছে কি না, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে বিভিন্ন গবেষণা বলছে, ঘুমের অভাব মানুষের মনোযোগ, স্মৃতিশক্তি ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমিয়ে দিতে পারে।

সাধারণত এক রাত না ঘুমালেই শরীরে ক্লান্তি জমতে শুরু করে। চোখে ঘুম আসে এবং মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়ে। ফলে সহজ কাজেও ভুল হওয়ার আশঙ্কা বহুগুণ বেড়ে যায়। এছাড়া স্মৃতিশক্তি, বিচারক্ষমতা ও হাত-চোখের সমন্বয়েও সমস্যা দেখা দিতে পারে। মেজাজ খিটখিটে হয়ে যাওয়ার পাশাপাশি কারও কারও মাথাব্যথা বা চোখে ঝাপসা দেখার মতো সমস্যাও হতে পারে।

যুক্তরাষ্ট্রের রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) অধীন ন্যাশনাল ইনস্টিটিউট ফর অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথের তথ্য অনুযায়ী, টানা ২৪ ঘণ্টা জেগে থাকার ফলে কর্মক্ষমতা এতটাই কমতে পারে, যা রক্তে শূন্য দশমিক ১০ শতাংশ অ্যালকোহল থাকার কারণে সৃষ্ট দুর্বলতার সঙ্গে তুলনীয়। অর্থাৎ মদ্যপান না করলেও ঘুমের অভাবে গাড়ি চালানো কিংবা ঝুঁকিপূর্ণ কাজ করা অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠতে পারে।

দেড় দিন না ঘুমালে ক্লান্তি আরও তীব্র হয়। মনোযোগ ধরে রাখা, কথা গুছিয়ে বলা এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ে। ঘুম আমাদের শরীরের হরমোন নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দীর্ঘ সময় জেগে থাকলে মানসিক চাপ, ক্ষুধা, বিপাকক্রিয়া ও মেজাজের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। এ সময় কেউ অকারণে বিরক্ত হতে পারেন, আবার কেউ স্বাভাবিক কাজেও আগ্রহ হারিয়ে ফেলতে পারেন।

টানা দুই রাত না ঘুমালে সবচেয়ে উদ্বেগজনক সমস্যাগুলোর একটি হলো ‘মাইক্রোস্লিপ’। এটি হলো কয়েক সেকেন্ডের অনিচ্ছাকৃত ঘুম। মানুষ জেগে থাকার চেষ্টা করলেও মস্তিষ্ক অল্প সময়ের জন্য ঘুমের মতো অবস্থায় চলে যেতে পারে। বিপদের বিষয় হলো, অনেক সময় ব্যক্তি নিজেই বুঝতে পারেন না যে তিনি কয়েক মুহূর্ত ঘুমিয়ে পড়েছিলেন। গাড়ি চালানো, যন্ত্রপাতি ব্যবহার কিংবা রাস্তা পার হওয়ার সময় এমন ঘটনা মারাত্মক দুর্ঘটনার কারণ হতে পারে।

এ ছাড়া মনোযোগ ও স্মৃতিশক্তি আরও দুর্বল হওয়ার আশঙ্কা থাকে। মেজাজের পরিবর্তন, অস্থিরতা এবং চিন্তাভাবনায় জড়তাও দেখা দেয়। ঘুমের অভাব শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কাজেও প্রভাব ফেলতে পারে।

তিন দিন না ঘুমালে অনেকের পক্ষে স্বাভাবিকভাবে চিন্তা করা ও কাজ চালিয়ে যাওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়ে। সহজ সিদ্ধান্ত নিতে সমস্যা হয় এবং পরিচিত কাজেও ভুল হতে পারে। মনোযোগ, স্মৃতি ও আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতা মারাত্মকভাবে কমে যেতে পারে। কিছু মানুষের ক্ষেত্রে হ্যালুসিনেশনও হতে পারে। অর্থাৎ বাস্তবে নেই, এমন কিছু দেখা বা শোনার অভিজ্ঞতা হতে পারে। আবার বাস্তব কোনো বস্তুকেও ভুলভাবে চিনতে পারেন কেউ।

তবে সবার ক্ষেত্রে একই সময়ে একই লক্ষণ দেখা দেয় না। বয়স, শারীরিক অবস্থা, আগে কতটা ঘুম হয়েছে এবং ব্যক্তিগত পার্থক্যের কারণে প্রভাব বদলে যেতে পারে।

দীর্ঘ সময় গেম খেলতে গিয়ে মৃত্যুর ঘটনাও সংবাদমাধ্যমে এসেছে। ২০১৫ সালের জানুয়ারিতে তাইওয়ানের কাওশিয়ুং শহরের একটি ইন্টারনেট ক্যাফেতে ৩২ বছর বয়সী এক ব্যক্তিকে অচেতন অবস্থায় পাওয়া যায়। সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, ওই ব্যক্তি কয়েক দিন ধরে সেখানে গেম খেলছিলেন। ৬ জানুয়ারি তিনি ক্যাফেতে ঢুকেছিলেন এবং ৮ জানুয়ারি কর্মীরা তাঁকে নিস্তেজ অবস্থায় দেখতে পান। হাসপাতালে নেওয়ার পর তাঁকে মৃত ঘোষণা করা হয়। পুলিশ জানায়, তাঁর হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়েছিল। পুলিশের প্রাথমিক বক্তব্য অনুযায়ী, দীর্ঘ সময় গেম খেলার ক্লান্তি এবং ঠান্ডা পরিবেশ তাঁর মৃত্যুর পেছনে ভূমিকা রাখতে পারে।

একই মাসে তাইওয়ানের আরেকটি ইন্টারনেট ক্যাফেতে পাঁচ দিন ধরে গেম খেলার পর ৩৮ বছর বয়সী আরেক ব্যক্তির মৃত্যুর খবরও প্রকাশিত হয়েছিল। তবে এসব ঘটনায় শুধু ঘুমের অভাবই মৃত্যুর কারণ ছিল, এমন প্রমাণ পাওয়া যায়নি। দীর্ঘ সময় এক জায়গায় বসে থাকা, শারীরিক ক্লান্তি, আগে থেকে থাকা অসুস্থতা এবং অন্যান্য কারণও বিবেচনায় নিতে হয়।

চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিতে ঘুমের অভাব গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। বিশেষ করে বিচারক্ষমতা কমে যাওয়া, অনিচ্ছাকৃত ঘুম এবং দুর্ঘটনার ঝুঁকি জীবন বিপন্ন করতে পারে। কিন্তু একজন সুস্থ ব্যক্তির ঠিক কত ঘণ্টা না ঘুমালে মৃত্যু হবে, এমন কোনো নির্দিষ্ট সময়সীমা প্রতিষ্ঠিত হয়নি।

শুধু টানা দুই বা তিন দিন না ঘুমানোই নয়, প্রতিদিন প্রয়োজনের তুলনায় কম ঘুমানোও স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। দীর্ঘদিন পর্যাপ্ত ঘুম না হলে উচ্চ রক্তচাপ, হৃদ্‌রোগ, স্থূলতা ও টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়তে পারে। মানসিক স্বাস্থ্য, স্মৃতিশক্তি ও রোগ প্রতিরোধক্ষমতাও ক্ষতিগ্রস্ত হতে পারে।

সাধারণভাবে প্রাপ্তবয়স্কদের প্রতি রাতে অন্তত সাত ঘণ্টা ঘুমের পরামর্শ দেওয়া হয়। অনেকের ৭ থেকে ৯ ঘণ্টা ঘুম প্রয়োজন হতে পারে। কিশোর-কিশোরীদের সাধারণত ৮ থেকে ১০ ঘণ্টা ঘুম দরকার। ঘুমের সময়ের পাশাপাশি ঘুমের মানও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আইশোস্পিডের দীর্ঘ লাইভস্ট্রিম অনলাইনে আলোচনার জন্ম দিয়েছে। কিন্তু টানা দুই দিনের বেশি জেগে থাকা শরীরের জন্য কোনো সাধারণ চ্যালেঞ্জ নয়। ভিডিও গেম খেলা, পড়াশোনা কিংবা কাজ—কোনো কিছুর জন্যই নিয়মিত ঘুম বাদ দেওয়া উচিত নয়। দীর্ঘ সময় জেগে থাকার পর নিজেকে ঠিকঠাক মনে হলেও মনোযোগ ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা স্বাভাবিক না–ও থাকতে পারে। তাই গেমের পর্দায় যত বড় অর্জনই আসুক, শরীরের প্রয়োজনীয় ঘুমকে অবহেলা করা ঠিক নয়।