নির্মাণাধীন বহুতল ভবনের ওপর চরম ঝুঁকি নিয়ে কাজ করছেন একজন শ্রমিক, যার মাথার ওপর মাথা উঁচু হয়ে দাঁড়িয়ে আছে বিশাল এক ক্রেন। কোথাও দেখা যাচ্ছে নির্মাণশ্রমিকেরা ট্রাকের ওপর বিশ্রাম নিচ্ছেন। আবার শহরের একটি ব্যাংকের সিঁড়িতে মায়ের সঙ্গে বসে আছে নিষ্পাপ শিশুরা। রাজধানীর প্রতিদিনের ব্যস্ত জীবনের এমন সব দৃশ্য, যা সাধারণ মানুষের নজর এড়িয়ে যায়, ক্যামেরাবন্দি করেছেন চার কিশোর আলোকচিত্রী।

এই বিশেষ মুহূর্তগুলোকে কেন্দ্র করে রাজধানীর ধানমন্ডির সফিউদ্দিন শিল্পালয়ে ১৩ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ‘এক্সপোজার’ শীর্ষক তিন দিনব্যাপী একটি আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

প্রদর্শনীতে আনজার করিম, আয়েশা রাহগির, জারিয়া ইসলাম ও জায়ান আবদুর নামের চার কিশোরের তোলা মোট ৩৫টি ছবি প্রদর্শিত হয়েছে। এই প্রতিভাবান কিশোরেরা বর্তমানে স্যার জন উইলসন স্কুল এবং আগা খান একাডেমির শিক্ষার্থী।

প্রদর্শনীতে প্রদর্শিত ছবিগুলোর মাধ্যমে বাংলাদেশের মানুষের জীবনযাত্রা ও সংস্কৃতির বিভিন্ন দিক ফুটিয়ে তোলা হয়েছে। বিশেষ করে শ্রমজীবী মানুষের কর্মজীবন এবং জীবনের নানা মুহূর্তকে শৈল্পিক দৃষ্টিভঙ্গিতে তুলে ধরার চেষ্টা করেছেন এই তরুণ আলোকচিত্রীরা।

প্রদর্শনীতে অংশ নেওয়া আলোকচিত্রী জারিয়া ইসলামের তিনটি ছবি ছিল ‘এ ডেজ ওয়ার্ক’, ‘মাদারহুড’ ও ‘এ মিডস্ট অব ওয়ার্ক’। আলোকচিত্রের প্রতি তার গভীর আগ্রহের কথা জানিয়ে শিল্পী-ভাবনায় তিনি লিখেছেন, ‘দৈনন্দিন জীবনের ব্যস্ততায় আমাদের বেশির ভাগ মানুষের চোখ এড়িয়ে যাওয়া নীরব, স্বতঃস্ফূর্ত মুহূর্তগুলোই আমাকে আকর্ষণ করে।’ এছাড়া আনজার করিমের তোলা ‘কালচার’, ‘লেডি ব্রুমিং’ ও ‘লাইফ ইন দ্য ওয়াটার’ ছবিগুলো দর্শকদের প্রশংসা লাভ করেছে। আয়েশা রাহগিরের তোলা উল্লেখযোগ্য ছবির মধ্যে ছিল ‘বন্ড’, ‘ অ্যা ইয়ং আর্টিস্ট’, ‘কালার’ ও ‘দ্য ফিশারম্যান’। অন্যদিকে জায়ান আবদুরের তোলা ‘মিস্ট’, ‘অ্যা হাম্বল বিজনেস’ ও ‘পেইশেন্স’ ছবিগুলো প্রদর্শনীতে স্থান পায়।

আয়োজকরা প্রতিটি ছবির দাম নির্ধারণ করেছিলেন ৫ হাজার থেকে ৭ হাজার টাকার মধ্যে। তিন দিনের প্রদর্শনীতে ২০ থেকে ২৫টি ছবি বিক্রি হয়েছে। তবে এই আয়োজনের উদ্দেশ্য কেবল তরুণদের প্রতিভা প্রদর্শন বা ছবি বিক্রির মধ্যে সীমাবদ্ধ ছিল না। ছবি বিক্রির অর্থ এবং দর্শনার্থীদের দেওয়া অনুদানের একটি অংশ প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তায় ব্যয় করার মহৎ উদ্যোগ নিয়েছেন এই কিশোরেরা।

আয়োজনের অন্যতম উদ্যোক্তা আনজার করিম মুক্তকণ্ঠকে বলেন, ‘আমাদের ধারণা সব মিলিয়ে দেড় লাখ টাকা ছাড়িয়ে যাবে। এ টাকা ‘‘ইউনিটি বাংলাদেশ’’ নামের স্টুডেন্টস অর্গানাইজেশনের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তায় খরচ করা হবে।’

গত ১৩ নভেম্বর প্রদর্শনীটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্যার জন উইলসন স্কুলের অধ্যক্ষ সাবরিনা শহীদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার আফজাল করিম।