সকাল থেকেই শুরু হয়েছিল বৃষ্টি। আকাশের এই বিষণ্ণ রূপ দেখে অনেকের মনেই সংশয় জেগেছিল যে, ধানমন্ডির আবাহনী মাঠে আদৌ আসবেন কি না আবাহনী ও মোহামেডানের সোনালি যুগের সেই আমন্ত্রিত ফুটবলাররা, যাদের নিয়ে আয়োজনের কথা ছিল এক বিশাল মিলনমেলা।

নির্ধারিত সময় অনুযায়ী বেলা ৩টায় ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও, দুই ক্লাবের সাবেক ফুটবল, ক্রিকেট ও হকি খেলোয়াড়দের অংশগ্রহণে এই প্রীতি ফুটবল ম্যাচটি শুরু হতে কিছুটা দেরি হয়। তবে বেলা আড়াইটা থেকেই একে একে মাঠে জড়ো হতে থাকেন সাবেক তারকারা। কারও চুলে পাক ধরেছে, কারও শরীরে বয়সের ছাপ স্পষ্ট। কিন্তু প্রিয় ক্লাবের জার্সি গায়ে চাপাতেই যেন তারা ফিরে এলেন সেই চেনা রূপে। বৃষ্টি মাথায় নিয়েই শুরু হয় ঢাকার দুই ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী ও মোহামেডানের ফুটবল লড়াই।

কেউ ২০ বছর, কেউ ২৫ বছর, আবার কেউ হয়তো তারও বেশি সময় পর গায়ে চাপিয়েছেন প্রিয় ক্লাবের জার্সি। তবে সবুজ ঘাসে নামার পর যেন বয়সের সব হিসাব হারিয়ে গেল। বল পায়ে পুরোনো সেই ক্ষিপ্রতা দেখানোর চেষ্টা, গোল করার তীব্র তাড়না, গোল করার পর উচ্ছ্বাস এবং রেফারির সিদ্ধান্ত নিয়ে তর্ক—সব মিলিয়ে বৃষ্টিস্নাত এক বিকেলে যেন জীবন্ত হয়ে উঠল বাংলাদেশের ফুটবলের সোনালি অতীত।

এই পুনর্মিলন অনুষ্ঠানে দুই দলের মিলিয়ে ৬০ জনেরও বেশি সাবেক খেলোয়াড় ও সংগঠক উপস্থিত ছিলেন। মাঠের এক প্রান্তে আবাহনী এবং অন্য প্রান্তে মোহামেডান। ডাগআউটেও ছিল পুরোনো দিনের সেই উত্তেজনা। শেষ পর্যন্ত ম্যাচটি ১–১ গোলের ড্রয়ে শেষ হয়। তবে এই ধরনের ম্যাচে ফলাফলের চেয়েও পুনর্মিলনীর আনন্দই হয়ে ওঠে মুখ্য।

আবাহনীর সাবেক ফুটবলার ফিরোজ মাহমুদ টিটু সর্বশেষ ২০০১ সালে আবাহনী-মোহামেডান ম্যাচ খেলেছিলেন। প্রায় ২৫ বছর পর পুনরায় মাঠে নেমে আবেগ ধরে রাখতে পারেননি তিনি। তিনি বলেন, “বহুদিন পর সবার সঙ্গে দেখা হলো। খুবই ভালো লাগছে।”

অন্যদিকে, মোহামেডানের সাবেক তারকা ইমতিয়াজ আহমেদ নকীবের কাছে আবাহনীর বিপক্ষে খেলা মানেই গোলের স্মৃতি। তবে এদিন তিনি গোলের দেখা পাননি। তবু কোনো হতাশা ছাড়াই হাসতে হাসতে তিনি বলেন, “মোহামেডানের সঙ্গে আবাহনীর খেলা হলে আমি সব সময় গোল পাই। কিন্তু আজকে পেলাম না।”

হাসি-ঠাট্টা আর আড্ডার মাঝে ভেসে এসেছে পুরোনো অনেক স্মৃতি। দুই ক্লাবের হয়েই খেলা জাকির হোসেন আশির দশকের ম্যাচ-পরবর্তী একটি ঘটনার কথা মনে করিয়ে দেন। সে সময় মিরপুর স্টেডিয়ামে ম্যাচ শেষে ফেরার পথে আবাহনী সমর্থকদের হামলার শিকার হয় মোহামেডানের টিম বাস। বাসের সব জানালা ভেঙে ফেলা হয়েছিল। প্রাণ বাঁচাতে খেলোয়াড়দের আসনের নিচে আশ্রয় নিতে হয়েছিল। জাকিরের ভাষায়, “পুরো বাস ভেঙে ফেলা হয়েছিল। প্রায় দুই ঘণ্টা পর আমরা ছাড়া পেয়েছিলাম।”

মাসুদ রানার স্মৃতিতে ভেসে ওঠে কানায় কানায় পূর্ণ স্টেডিয়ামের দৃশ্য। তিনি বলেন, “আমাদের খেলা থাকত সন্ধ্যায়। দুপুর দুইটার মধ্যেই স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ হয়ে যেত। আমরা যখন ঢুকতাম, পুরো স্টেডিয়াম ভর্তি থাকত। তখন ৫০ থেকে ৬০ হাজার দর্শক বসত গ্যালারিতে।”

সেই বিপুল দর্শক আর নেই, নেই আগের মতো আবাহনী-মোহামেডান উন্মাদনাও। এই আকর্ষণের ঘাটতির কারণ ব্যাখ্যা করে জাকির মন্তব্য করেন, “আগের রাতে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের খেলা দেখার পর পরদিন আবাহনী-মোহামেডান ম্যাচ কেন দেখবে? সেই মানের খেলা তো দরকার!”

খেলার পাশাপাশি মাঠের বাইরেও ছিল স্মৃতির আনাগোনা। কায়সার হামিদ, আরমান মিয়া, ছাঈদ হাসান কানন, আলফাজ আহমেদ, রুম্মান বিন ওয়ালী সাব্বির, সম্রাট হোসেন এমিলিসহ অনেক পরিচিত মুখ উপস্থিত থাকায় আড্ডা জমে উঠেছিল। সেখানে ছিলেন আবাহনীর সাবেক ক্রিকেটার আকরাম খান এবং সংগঠক জালাল ইউনুসও। কেউ পুরোনো ছবির অ্যালবাম দেখছিলেন, আবার কেউ সাবেক সতীর্থের সঙ্গে খুনসুটিতে মেতেছিলেন।

ম্যাচের আগে আবাহনী ক্লাব অফিসে কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। আবাহনীর পক্ষে দলটির পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু এবং মোহামেডানের ডাইরেক্টর ইন-চার্জ লোকমান হোসেন ভুঁইয়া দুই ক্লাবের হয়েই বর্তমান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে ফুল দিয়ে বরণ করে নেন।

মাঠে দর্শকদের গর্জন ছিল না, উড়ছিল না কোনো পতাকা। তবু সবার চোখেমুখে ছিল আবেগের খেলা এবং হারানো দিনে ফিরে যাওয়ার প্রফুল্লতা। অন্তত এক বিকেলের জন্য হলেও ধানমন্ডির আবাহনী মাঠ যেন মেতে উঠেছিল স্মৃতিতে ফেরার আনন্দে।