কুষ্টিয়া মেডিকেল কলেজে সব ধরনের রাজনৈতিক কার্যক্রম স্থায়ীভাবে নিষিদ্ধ থাকা সত্ত্বেও প্রথমবারের মতো ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। এই নতুন ১৫ সদস্যের কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন কলেজের শিক্ষার্থী আলরাহাত ইবনে ওয়াহাব এবং সাধারণ সম্পাদকের পদে নিযুক্ত হয়েছেন মো. আবু সাদ শাহ্।
গত শনিবার ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন স্বাক্ষরিত একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
তবে এই কমিটি গঠন নিয়ে কলেজ কর্তৃপক্ষের অবস্থান স্পষ্ট। কলেজ প্রশাসনের দাবি, কুষ্টিয়া মেডিকেল কলেজে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড স্থায়ীভাবে নিষিদ্ধ। ২০২৪ সালের ১৪ আগস্ট কলেজের একাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং ওই রেজোল্যুশনটি এখনো কার্যকর রয়েছে।
কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে নবনির্বাচিত সভাপতি আলরাহাত ইবনে ওয়াহাব মুক্তকণ্ঠকে বলেন, “নতুন নেতৃত্বের মাধ্যমে কুষ্টিয়া মেডিকেল কলেজে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত ও গতিশীল হবে।”
ক্যাম্পাসে ছাত্রসংগঠনের রাজনীতি নিষিদ্ধের বিষয়ে জানতে চাওয়া হলে আলরাহাত ইবনে ওয়াহাব দাবি করেন, “২০২৪–পরবর্তী সময়ে একধরনের প্রেক্ষাপট ছিল। সেখানে ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ রাখার কথা বলা হয়েছিল। অন্য ছাত্রসংগঠন তাদের কার্যক্রম চালাতে পারবে। ওই দিনের সভায় আমিও ছিলাম। সে ক্ষেত্রে ক্যাম্পাসে ছাত্রদলের কমিটিতে কোনো সমস্যা নেই।”
অন্যদিকে, কুষ্টিয়া মেডিকেল কলেজ প্রশাসন সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৪ আগস্ট দুপুর ১২টার দিকে কলেজের শিক্ষার্থীরা ১২ দফা দাবিসংবলিত একটি চিঠি জমা দিয়েছিলেন। সেই চিঠিটি কাউন্সিল সভায় পাঠ করা হয়। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে কলেজ ক্যাম্পাসসহ সকল ছাত্রাবাসে যেকোনো ধরনের ছাত্ররাজনীতি স্থায়ীভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়। একই সাথে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্যও সব ধরনের রাজনৈতিক সংগঠনের সদস্য হওয়া বা কার্যক্রম চালানো নিষিদ্ধ করা হয়।
প্রশাসন আরও জানিয়েছে, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের রেজোল্যুশনটি এখনো বহাল। তাদের মতে, কমিটি গঠন করা যেতে পারে, তবে ক্যাম্পাসে কোনো কার্যক্রম চালানো যাবে না। যদি ভবিষ্যতে কলেজের একাডেমিক সভায় ওই দিনের রেজোল্যুশনটি প্রত্যাহার করা হয়, তবেই কার্যক্রম চালানো সম্ভব হবে।
উল্লেখ্য, ওই দিনের নিয়মিত একাডেমিক কাউন্সিল সভায় ৯০ শতাংশের বেশি শিক্ষক উপস্থিত ছিলেন। সেই সভায় ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্রসমাজ, ছাত্র ইউনিয়ন, ছাত্রশিবিরসহ যেকোনো রাজনৈতিক দলের ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হয়। পাশাপাশি শিক্ষক ও কর্মচারীদের জন্য রাজনৈতিক সংগঠন না থাকার বিষয়টি নিশ্চিত করতে কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। এ বিষয়ে ২০২৪ সালের ১৪ আগস্ট মুক্তকণ্ঠ অনলাইনে ‘কুষ্টিয়া মেডিকেল কলেজে সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছিল।
কমিটি গঠন প্রসঙ্গে আজ রোববার কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম মুক্তকণ্ঠকে বলেন, “কুষ্টিয়া মেডিকেল কলেজে সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের রেজোল্যুশন এখনো বহাল রয়েছে। কমিটি গঠন হতে পারে, তবে কার্যক্রম চালাতে পারবে না। যদি কখনো কলেজের একাডেমিক সভায় ওই দিনের রেজোল্যুশন প্রত্যাহার করা হয়, তবে কার্যক্রম চালাতে পারবে।”