বিশ্বখ্যাত সাময়িকী নিউজউইক এবং বৈশ্বিক তথ্য-উপাত্ত বিশ্লেষণকারী প্রতিষ্ঠান স্ট্যাটিস্টারের প্রকাশিত তালিকা অনুযায়ী, যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের রচেস্টারে অবস্থিত মেয়ো ক্লিনিক বিশেষায়িত চিকিৎসাক্ষেত্রে শীর্ষস্থান ধরে রেখেছে। ২০২৬ সালের তালিকায় সাতটি বিশেষায়িত চিকিৎসাক্ষেত্রে এই ক্লিনিকটি বিশ্বে প্রথম স্থান অর্জন করেছে। অন্যদিকে, ২০২৭ সালের তালিকায় পাঁচটি বিশেষায়িত চিকিৎসাক্ষেত্রে শীর্ষস্থান ধরে রেখেছে প্রতিষ্ঠানটি।

গত বছরের সেপ্টেম্বরে প্রকাশিত ২০২৬ সালের বিশ্বের সেরা বিশেষায়িত হাসপাতালগুলোর তালিকায় মেয়ো ক্লিনিকের মূল হাসপাতাল সাতটি ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছে। এই বিশেষায়িত ক্ষেত্রগুলো হলো— এন্ডোক্রিনোলজি, অর্থোপেডিকস, কার্ডিয়াক সার্জারি, নিউরোলজি, নিউরোসার্জারি, গ্যাস্ট্রোএন্টারোলজি ও পালমোনোলজি।

মেয়ো ক্লিনিকের ইতিহাস শুরু হয় ১৮৬৪ সালে, যখন ব্রিটিশ বংশোদ্ভূত চিকিৎসক উইলিয়াম ওরাল মেয়ো রচেস্টারে ব্যক্তিগতভাবে চিকিৎসাসেবা প্রদান শুরু করেন। পরবর্তীতে তাঁর দুই পুত্র চিকিৎসক উইলিয়াম জেমস মেয়ো ও চার্লস হোরেস মেয়ো বাবার সাথে এই সেবায় যুক্ত হন। তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় আজকের এই বিশ্বখ্যাত মেয়ো ক্লিনিক গড়ে উঠেছে।

চলতি বছরের সেপ্টেম্বরে প্রকাশিত ২০২৭ সালের তালিকায় মেয়ো ক্লিনিক পাঁচটি বিশেষায়িত চিকিৎসাক্ষেত্রে প্রথম স্থান অধিকার করেছে। এই ক্ষেত্রগুলো হলো— কার্ডিয়াক সার্জারি, এন্ডোক্রিনোলজি, নিউরোসার্জারি, পালমোনোলজি ও ইউরোলজি। উল্লেখ্য, এই র‍্যাঙ্কিংটি মোট ১৩টি বিশেষায়িত চিকিৎসাক্ষেত্রের ওপর ভিত্তি করে করা হয়েছে।

এর পাশাপাশি, নিউজউইকের ২০২৬ সালের বিশ্বের সেরা হাসপাতালের তালিকায় টানা অষ্টম বছরের মতো এক নম্বর হাসপাতালের স্বীকৃতি পেয়েছে মেয়ো ক্লিনিক। এই তালিকাটি গত ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়।

রচেস্টার ছাড়াও ফ্লোরিডা ও অ্যারিজোনায় মেয়ো ক্লিনিকের দুটি ক্যাম্পাস রয়েছে। এছাড়া যুক্তরাজ্যের লন্ডনে প্রতিষ্ঠানটির একটি ক্লিনিক এবং সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি প্রতিনিধি কার্যালয় রয়েছে।

প্রতিষ্ঠানের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় আসে ১৮৮৩ সালে, যখন রচেস্টারে এক ভয়াবহ টর্নেডোর পর আহতদের চিকিৎসায় মেয়ো পরিবারের চিকিৎসকদের পাশাপাশি ক্যাথলিক ধর্মীয় সংগঠন ‘সিস্টারস অব সেন্ট ফ্রান্সিস’-এর সদস্যরা এগিয়ে আসেন। এই ঘটনার পর সংগঠনটির প্রধান মাদার আলফ্রেড মোয়েস ও চিকিৎসক উইলিয়াম ওরাল মেয়োর যৌথ উদ্যোগে রচেস্টারে একটি হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। ১৮৮৯ সালে সেন্ট মেরিজ হাসপাতাল চালু হয়, যা ১৯৮৬ সালে মেয়ো ক্লিনিকের সাথে একীভূত হয়। বর্তমানে এটি বিশ্বের অন্যতম বৃহৎ অলাভজনক একাডেমিক মেডিক্যাল সেন্টার হিসেবে পরিচিত।

আন্তর্জাতিক রোগীদের জন্য মেয়ো ক্লিনিকে রয়েছে বিশেষ সেবা, সমন্বয়কেন্দ্র ও দোভাষী সুবিধা। ১৯৫০ সালে প্রতিষ্ঠানটির দুই গবেষক যৌথভাবে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। ২০২৫ সালের হিসাব অনুযায়ী, প্রতিষ্ঠানটিতে প্রায় ৮৫ হাজার কর্মী কর্মরত আছেন, যাদের মধ্যে ৭ হাজার ৩০০ জনের বেশি চিকিৎসক ও বৈজ্ঞানিক গবেষক রয়েছেন। ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্য এবং বিশ্বের ১৩৫টি দেশের ১৩ লাখের বেশি স্বতন্ত্র রোগীকে চিকিৎসাসেবা প্রদান করেছে মেয়ো ক্লিনিক।

র‍্যাঙ্কিং পদ্ধতি সম্পর্কে জানা গেছে যে, জটিল রোগের চিকিৎসায় কোনো প্রতিষ্ঠানের নির্দিষ্ট বিভাগের দক্ষতা যাচাই করতে নিউজউইক ও স্ট্যাটিস্টা এই মূল্যায়ন করেছে। ২০২৬ সালের তালিকায় ১২টি বিশেষায়িত চিকিৎসাক্ষেত্র মূল্যায়ন করা হয়েছে। ২০২৫ সালের মে থেকে জুলাই পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশের চিকিৎসক, হাসপাতাল ব্যবস্থাপকসহ স্বাস্থ্যসেবা পেশাজীবীদের অনলাইন জরিপের মাধ্যমে এই তালিকা তৈরি করা হয়। জরিপের পাশাপাশি হাসপাতালের স্বীকৃতি, সনদ এবং রোগীদের জানানো চিকিৎসার ফলাফল মূল্যায়নের পদ্ধতি বাস্তবায়নের বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, শুধু হাসপাতালের নাম দিয়ে সেবার মান বোঝা সম্ভব নয়। একটি বড় হাসপাতালের কোনো একটি বিভাগ অত্যন্ত উন্নত হলেও অন্য বিভাগ দুর্বল হতে পারে। তাই বিভাগভিত্তিক এই মূল্যায়ন রোগী, চিকিৎসক এবং নীতিনির্ধারকদের সামনে স্বচ্ছ ও প্রমাণভিত্তিক তথ্য তুলে ধরে।

২০২৬ সালের তালিকায় ১২টি বিশেষায়িত চিকিৎসাক্ষেত্রের জন্য আলাদা র‍্যাঙ্কিং করা হয়েছে। সেখানে শীর্ষস্থানে থাকা অন্যান্য হাসপাতালের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের জনস হপকিনস হাসপাতাল (অবস্টেট্রিকস অ্যান্ড গাইনোকোলজি), ক্লিভল্যান্ড ক্লিনিক (ইউরোলজি), মেমোরিয়াল স্লোন কেটারিং ক্যানসার সেন্টার (অনকোলজি), ক্লিভল্যান্ড ক্লিনিকের সিডেল অ্যান্ড আর্নল্ড মিলার ফ্যামিলি হার্ট, ভাসকুলার অ্যান্ড থোরাসিক ইনস্টিটিউট (কার্ডিওলজি) এবং কানাডার হসপিটাল ফর সিক চিলড্রেন (পেডিয়াট্রিকস)।

বাংলাদেশে বর্তমানে সাধারণ বা বিশেষায়িত কোনো হাসপাতালের র‍্যাঙ্কিং করার ব্যবস্থা নেই এবং এ বিষয়ে তেমন আলোচনাও হয় না। তবে বিশেষজ্ঞরা মনে করেন, এ ধরনের র‍্যাঙ্কিং চালু হলে রোগীদের অনেক লাভ হবে। মেয়ো ক্লিনিক তাদের আয়ের বড় অংশ গবেষণা ও নতুন প্রযুক্তিতে বিনিয়োগ করে। বাংলাদেশের সরকারি-বেসরকারি বড় হাসপাতালগুলোও কেবল মুনাফা বা সেবার গণ্ডিতে সীমাবদ্ধ না থেকে নিজস্ব ক্লিনিক্যাল গবেষণা ও তথ্য-উপাত্ত সংরক্ষণে জোর দিতে পারে বলে মনে করেন জনস্বাস্থ্যবিদরা।

হাসপাতালগুলোতে মানসম্পন্ন ও একই মানের সেবা নিশ্চিত করতে র‍্যাঙ্কিং পদ্ধতি কার্যকর হতে পারে। এর ফলে হাসপাতালগুলো বিভিন্ন সূচকে নিজেদের সমৃদ্ধ করার চেষ্টা করবে। জনস্বাস্থ্যবিদ অধ্যাপক বে–নজীর আহমেদ মুক্তকণ্ঠকে বলেন, ‘হাসপাতালগুলোতে মানসম্পন্ন সেবা ও একই মানের সেবা নিশ্চিত করতে হলে র‍্যাঙ্কিং বা এই ধরনের কোনো পদ্ধতিতে আমাদের যেতে হবে। কোনো একটা পদ্ধতি থাকলে হাসপাতালগুলো নানা সূচকে নিজেকে সমৃদ্ধ করার চেষ্টা করবে। এক দিনে হয়তো তা হবে না। তবে চেষ্টা করতে হবে।’