জনস্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করতে এবং পরোক্ষ ধূমপানের মারাত্মক প্রভাব থেকে অধূমপায়ীদের রক্ষা করতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সকল কার্যালয়ে শতভাগ তামাকমুক্ত পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী এই লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন। একই সঙ্গে তিনি জানান, অধিদপ্তরের প্রতিটি অফিসের দৃশ্যমান স্থানে ‘নো-স্মোকিং’ সাইনেজ স্থাপন করা হবে।

রাজধানীর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সভাকক্ষে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের উদ্যোগে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ‘পরোক্ষ ধূমপানের ক্ষতি থেকে অধূমপায়ীদের সুরক্ষায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও অধীনস্থ কার্যালয়ে শতভাগ তামাকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে করণীয়’ শীর্ষক এই সভায় সভাপতির বক্তব্যে মহাপরিচালক এসব কথা বলেন।

সভায় প্রাথমিক শিক্ষা মহাপরিচালক বলেন, “সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন, ২০২৬ অনুযায়ী জনস্বাস্থ্য সুরক্ষায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সব কার্যালয় ও স্থাপনাকে তামাকমুক্ত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। এ লক্ষ্যে অধিদপ্তরের অফিসগুলোতে দৃশ্যমান স্থানে ‘নো-স্মোকিং’ সাইনেজ স্থাপন করা হবে।”

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী সভায় উল্লেখ করেন যে, একটি তামাকমুক্ত বাংলাদেশ গড়ে তোলাই প্রধানমন্ত্রীর লক্ষ্য। এই লক্ষ্য বাস্তবায়নে বর্তমান তামাক নিয়ন্ত্রণ আইনের আলোকে সরকারি ও বেসরকারি অফিসসহ সব ধরনের জনসমাগমস্থলকে শতভাগ ধূমপানমুক্ত রাখা অপরিহার্য। এর ফলে অধূমপায়ীরা পরোক্ষ ধূমপানের ক্ষতিকর প্রভাব থেকে মুক্তি পাবেন এবং ধূমপায়ীদের মধ্যেও তামাক ছাড়ার আগ্রহ বাড়বে বলে তিনি মনে করেন।

অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী আরও বলেন, “বাংলাদেশে অকালমৃত্যুর অন্যতম প্রধান কারণ অসংক্রামক রোগ। হৃদরোগ, স্ট্রোক, ক্যানসার ও ডায়াবেটিসের অন্যতম ঝুঁকির কারণ তামাক ব্যবহার। ধূমপান ত্যাগের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই শরীরে ইতিবাচক পরিবর্তন শুরু হয় এবং সময়ের সঙ্গে হৃদরোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে আসে। তাই ধূমপায়ীদের তামাক ছাড়তে উৎসাহিত করার পাশাপাশি অধূমপায়ীদের পরোক্ষ ধূমপানের ক্ষতি থেকে সুরক্ষা দিতে প্রতিটি সরকারি প্রতিষ্ঠানে শতভাগ তামাকমুক্ত পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।”

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের পক্ষ থেকে সভায় জানানো হয়, পরোক্ষ ধূমপানের কোনো নিরাপদ মাত্রা নেই। একজন ধূমপায়ী যে বিষাক্ত ধোঁয়া ত্যাগ করেন, আশপাশের অধূমপায়ীরাও সেই ধোঁয়া গ্রহণ করতে বাধ্য হন। এর ফলে হৃদরোগ, স্ট্রোক, ফুসফুসের দীর্ঘমেয়াদি রোগ ও ফুসফুসের ক্যানসারের ঝুঁকি বৃদ্ধি পায়। বিশেষ করে শিশু, অন্তঃসত্ত্বা নারী, বয়স্ক ব্যক্তি এবং শ্বাসতন্ত্র ও হৃদরোগে আক্রান্ত ব্যক্তিরা এই ঝুঁকির মুখে বেশি থাকেন।

সভায় আরও উল্লেখ করা হয় যে, গ্লোবাল অ্যাডাল্ট টোব্যাকো সার্ভে ২০১৭-এর তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রায় ৩ কোটি ৮৪ লাখ প্রাপ্তবয়স্ক মানুষ কর্মক্ষেত্র, বিভিন্ন পাবলিক প্লেস ও গণপরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার হন। এই জরিপের তথ্যমতে, কর্মক্ষেত্রে কর্মরত প্রাপ্তবয়স্কদের ৪২.৭ শতাংশ পরোক্ষ ধূমপানের শিকার হন, যার সংখ্যা প্রায় ৮১ লাখ মানুষের সমান।

সভায় আলোচনা করা হয় যে, সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন, ২০২৬ জনসমাগমস্থল ও সরকারি কার্যালয়ে তামাকমুক্ত পরিবেশ নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে। তবে এই আইনের কার্যকর বাস্তবায়নের জন্য দ্রুত বিধিমালা প্রণয়ন করা অত্যন্ত জরুরি। বিধিমালা প্রণয়ন করা হলে সরকারি প্রতিষ্ঠানসহ সব জনসমাগমস্থলে তামাকমুক্ত পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে দায়িত্ব, প্রক্রিয়া ও করণীয় আরও সুস্পষ্ট হবে বলে জানানো হয়।

সভায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সব কার্যালয় ও স্থাপনাকে শতভাগ তামাকমুক্ত করা, কোনো ধরনের নির্ধারিত ধূমপানের স্থান না রাখা, অফিস প্রাঙ্গণে তামাকজাত দ্রব্যের ক্রয়-বিক্রয় বন্ধ এবং এই উদ্যোগ বাস্তবায়নে একটি মনিটরিং টিম গঠনের সুপারিশ করা হয়। পাশাপাশি তামাক কোম্পানির সঙ্গে কোনো ধরনের অংশীদারত্ব বা পৃষ্ঠপোষকতা গ্রহণ না করা এবং এ ক্ষেত্রে তামাক নিয়ন্ত্রণ আইনের ধারা ৫(৩) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার এফসিটিসি’র অনুচ্ছেদ ৫ দশমিক ৩ অনুসরণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়।

উক্ত মতবিনিময় সভায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।