দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ থেকে ১৫১ শয্যায় উন্নীত করার বৃহৎ উদ্যোগ নেওয়া হয়েছে। এই পদক্ষেপ বাস্তবায়িত হলে স্থানীয় পর্যায়ে চিকিৎসাসেবার পরিধি বৃদ্ধি পাবে এবং রাজধানীর হাসপাতালগুলোর ওপর রোগীর চাপ কিছুটা কমে আসবে বলে আশা প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ‘বিশ্ব হার্ট দিবস’ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এসব তথ্য জানান। মন্ত্রী বলেন, "এবারই প্রথম স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিয়ে সর্বোচ্চ বাজেট দিয়েছে সরকার। দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ থেকে ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে রাজধানীর হাসপাতালগুলোতে রোগীর চাপ কিছুটা কমবে।"

স্বাস্থ্য খাতের আধুনিকায়ন ও ভৌত অবকাঠামো উন্নয়নের পাশাপাশি জনবল সংকট দূর করতেও সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি। এরই অংশ হিসেবে দেশব্যাপী ব্যাপকসংখ্যক নার্স নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে, যা বর্তমানে পুলিশ ভেরিফিকেশনের পর্যায়ে রয়েছে।

জেলা পর্যায়ের হাসপাতালে ১০টি করে এবং মেডিকেল কলেজ হাসপাতালে ৫০টি করে ডায়ালাইসিস মেশিন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। কিডনি রোগীদের চিকিৎসাসেবা আরও সহজলভ্য করার লক্ষ্যে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ বৃদ্ধির কথা উল্লেখ করে মন্ত্রী দেশে এইচআইভি (HIV) বা এইডস আক্রান্তের সংখ্যা বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে স্বাস্থ্য খাতের গবেষণা ও চিকিৎসাসেবা প্রসারে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনকে আগামী দুই মাসের মধ্যে ৫০ লাখ টাকা সরকারি অনুদান দেওয়ার ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী।

বিগত সরকারের সমালোচনা করে মন্ত্রী বলেন, "বিগত সরকার স্বাস্থ্যখাতে লাখ লাখ টাকা অপচয় করেছে শুধু অবকাঠামো করে। এতে মানুষের কোনো উপকারে আসেনি। বর্তমান সরকার অবকাঠামোর সঙ্গে সঙ্গে জনবল নিয়োগেও গুরুত্ব দিচ্ছে। দেশব্যাপী নার্স নিয়োগের কার্যক্রম শুরু হয়েছে, পুলিশ ভেরিফিকেশন চলছে।"