প্রতিবছরের ন্যায় এবারও ‘দ্য ওয়ার্ল্ড অ্যাহেড’ নামক বিশেষ সংখ্যা প্রকাশ করেছে দ্য ইকনমিস্ট। আগামী বছরগুলোতে বিশ্বের গতিপ্রকৃতি কোন কোন বিষয়ের ওপর ভিত্তি করে পরিবর্তিত হতে পারে, সে বিষয়েই এই সংখ্যায় বিস্তারিত বিশ্লেষণ করা হয়েছে। ২০২৭ সালের এই বিশেষ সংখ্যায় রাজনীতি, যুদ্ধ, অর্থনীতি, প্রযুক্তি এবং জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে এসেছে।

এবারের সংখ্যার প্রচ্ছদে বিভিন্ন প্রতীক ও ছবির ব্যবহার করা হয়েছে। প্রচ্ছদের এই রহস্যময় ছবিগুলোর অর্থ নিয়ে পাঠকদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে, যার ফলে অনেকে ভিডিও এবং পডকাস্টের মাধ্যমে এর ব্যাখ্যা খোঁজার চেষ্টা করছেন। তবে দ্য ইকনমিস্ট প্রচ্ছদের প্রতিটি ছবির আলাদা কোনো ব্যাখ্যা প্রদান করেনি।

এই সংখ্যায় মূলত কয়েকটি প্রধান বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। যার মধ্যে রয়েছে ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক ভবিষ্যৎ, ইরান যুদ্ধের সম্ভাব্য প্রভাব, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, জলবায়ু পরিবর্তন, ফ্রান্সের নির্বাচন এবং তাইওয়ান ইস্যুতে চীনের অবস্থান। এই বিষয়গুলো নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বিরাজ করছে।

বর্তমান জীবনযাত্রার ধরন অনেক ক্ষেত্রে কল্পবিজ্ঞানের গল্পের মতো মনে হয়। যেমন, মহাকাশে কম্পিউটার স্থাপনের স্বপ্ন দেখা এক রকেট ব্যবসায়ী বর্তমানে বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হয়ে উঠেছেন। ড্রোন প্রযুক্তির কারণে যুদ্ধের ধরন পুরোপুরি বদলে গেছে। চালকবিহীন ট্যাক্সি এখন রাস্তায় চলছে এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মডেলগুলো নিজস্ব আচরণ তৈরি করছে। মানুষের আদলে তৈরি রোবটের সংখ্যা বাড়ছে। পাশাপাশি এমন সব ইনজেকশন বা ওষুধ আবিষ্কৃত হয়েছে যা মানুষকে রোগমুক্ত ও রোগা করতে সাহায্য করে, তবে তা কেবল সামর্থ্যবানদের জন্যই সহজলভ্য। কেবল ভিনগ্রহের প্রাণীদের দেখা পাওয়া বাকি, তবে ২০২৭ সালে তাদের দেখা পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। তবে অন্য ১০টি বিষয় অত্যন্ত গুরুত্বের সাথে নজরে রাখা প্রয়োজন।

মধ্যবর্তী নির্বাচনের পর পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলে ডোনাল্ড ট্রাম্পের উত্তরসূরি হওয়ার লড়াই শুরু হবে। তবে ট্রাম্প খুব একটা নিষ্ক্রিয় থাকবেন না। বরং তাঁকে ধ্বংসাত্মক কোনো ভিডিও গেমের পাখির মতো মনে হতে পারে। নিজের প্রভাব বজায় রাখতে এবং উত্তরাধিকার নিশ্চিত করতে তিনি আরও অনেক নির্বাহী আদেশ জারি করতে পারেন।

আগামী সময়ে আইনি জটিলতা, আকস্মিক নাম পরিবর্তন, বিশাল নির্মাণ প্রকল্প এবং সামরিক অভিযানের ঘটনা ঘটতে পারে। একইসাথে ট্রাম্প-পরবর্তী যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ রূপ কেমন হবে, তা নিয়ে বিশ্বজুড়ে আলোচনা শুরু হবে।

ইরান সংঘাতের দ্রুত এবং স্বচ্ছ কোনো সমাধানের সম্ভাবনা খুব কম, ফলে অনিশ্চয়তা বজায় থাকবে। ট্রাম্পের ভুল সিদ্ধান্তের কারণে শুরু হওয়া যুদ্ধ যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক মর্যাদা ক্ষুণ্ণ করেছে। ফলে মিত্র দেশগুলো এখন আর যুক্তরাষ্ট্রকে আগের মতো বিশ্বাস করে না এবং শত্রুরাও আগের মতো ভয় পায় না।

এই যুদ্ধের প্রভাব ২০২৭ সালজুড়ে অনুভূত হবে। এর ফলে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে পরিবর্তন আসতে পারে, জ্বালানি সরবরাহের পথ পরিবর্তিত হতে পারে এবং খাদ্যনিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে। সারের সরবরাহ কমে যাওয়ার আশঙ্কাও রয়েছে। অন্যদিকে ইরানের সরকার অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ আরও কঠোর করবে।

ধারণা করা হচ্ছে, ২০২৭ সাল হবে ইতিহাসের সবচেয়ে উষ্ণ বছর। ‘সুপার এল নিনো’র প্রভাব একটি অস্থির ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে। ফলে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ দ্রুত না কমানো গেলে খরা, তীব্র তাপপ্রবাহ, দাবানল এবং চরম আবহাওয়ার ঘটনা আরও বাড়বে।

আশ্চর্যজনকভাবে, ট্রাম্প এখন নবায়নযোগ্য জ্বালানির সবচেয়ে বড় প্রচারক হয়ে উঠেছেন। জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং বিশ্ববাজারে জ্বালানির দামের অস্থিরতা থেকে বাঁচতে নবায়নযোগ্য জ্বালানিই এখন সেরা উপায়।

কৃত্রিম বুদ্ধিমত্তার ঝুঁকিগুলো এখন গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। অস্বচ্ছ ও জটিল চুক্তির মাধ্যমে এআই কোম্পানিগুলো যদি অতিরিক্ত ঋণ নেয়, তবে বাজারে বড় ধরনের ধসের আশঙ্কা বাড়বে। এছাড়া আরও উন্নত এআই মডেলের কারণে সাইবার হামলার ঝুঁকি বাড়বে।

এআই সরবরাহ ব্যবস্থার রাজনৈতিক ঝুঁকি নিয়ে সরকার ও কোম্পানিগুলো চিন্তিত। তবে এআই-এর কারণে চাকরি হারানো বা ডেটা সেন্টারে অতিরিক্ত বিদ্যুৎ ও পানি ব্যবহারের দাবির পক্ষে এখনো যথেষ্ট প্রমাণ মেলেনি। অর্থাৎ, বাস্তব প্রভাবের চেয়ে সম্ভাব্য প্রভাব নিয়ে মানুষের মনে ভয় বেশি কাজ করছে।

বিশ্বজুড়ে ডানপন্থী জনতুষ্টিবাদী রাজনীতির উত্থান দীর্ঘদিনের। তবে ২০২৭ সালে সবার নজর থাকবে ফ্রান্সের দিকে। ন্যাশনাল র‍্যালির নেতা মেরিন লো পেনের প্রেসিডেন্ট হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

মেরিন লো পেন জিতলে ইউরোপীয় ইউনিয়ন পরিচালনায় ফ্রান্স ও জার্মানির সম্পর্কের সমীকরণে বড় বাধা তৈরি হতে পারে। এছাড়া ঋণে জর্জরিত ফ্রান্সের নাজুক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়বে।

কেবল ফ্রান্স নয়, অনেক দেশের বন্ডবাজার এখন চাপের মুখে। সরকারের অতিরিক্ত ব্যয়, এআই কেন্দ্রিক নির্মাণকাজ এবং জ্বালানির দাম বাড়ার কারণে নতুন করে মূল্যস্ফীতির আশঙ্কা তৈরি হয়েছে, যা ধনী দেশগুলোর ঋণ নেওয়ার খরচ বাড়িয়ে দিচ্ছে।

সুদের হার বৃদ্ধির ফলে কোম্পানি এবং সাধারণ পরিবারগুলোর ওপর চাপ বাড়ছে। এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হওয়া সম্ভব নয়, ফলে কোনো না কোনো পর্যায়ে বড় ধরনের সংকট তৈরি হতে পারে।

প্রযুক্তি যুদ্ধের ধরন বদলে দিয়েছে। ইউক্রেন ও ইরানে দেখা গেছে যে, ছোট শক্তিও এখন বড় শক্তির আক্রমণ প্রতিহত করতে পারে। তাইওয়ান দখলের ক্ষেত্রে চীনের পরিকল্পনায় এর প্রভাব কেমন হবে তা দেখার বিষয়।

জানা গেছে, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ২০২৭ সালের মধ্যে তাইওয়ান দখলের জন্য সামরিক বাহিনীকে প্রস্তুত থাকতে বলেছেন। যুক্তরাষ্ট্র বর্তমানে নানা বিষয়ে ব্যস্ত। এখন চীন কি দ্রুত পদক্ষেপ নেবে, নাকি ২০২৮ সালের তাইওয়ান নির্বাচনের ফল পর্যন্ত অপেক্ষা করবে? আগামী দুই বছর অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে।

ওজন কমানোর ওষুধগুলো মানুষকে রোগা করার পাশাপাশি তাদের আচরণও বদলে দিচ্ছে। ওজন কমিয়ে নতুন জীবন শুরু করা মানুষ এখন প্রসাধনী, পোশাক এবং শরীরচর্চায় বেশি অর্থ ব্যয় করছে, যাকে বলা হচ্ছে ‘প্রতিশোধের কেনাকাটা’।

এই ওষুধের সাফল্যের ফলে ওষুধ কোম্পানিগুলো এখন মানুষের আয়ু বাড়ানোর চিকিৎসা নিয়ে আগ্রহী হয়ে উঠেছে।

স্পেসএক্সের বিশাল স্টারশিপ নিয়মিতভাবে স্যাটেলাইট উৎক্ষেপণ শুরু করবে। চীনের রকেট কোম্পানিগুলোও রকেটের বুস্টার পুনরায় ব্যবহারের সক্ষমতা দেখাবে।

মহাকাশ ভ্রমণের খরচ কমলে বেসরকারি মহাকাশ স্টেশন তৈরি সহজ হবে এবং কক্ষপথে তথ্যকেন্দ্র নির্মাণ সম্ভব হতে পারে। বিষয়টি অদ্ভুত মনে হলেও এটি খুব একটা অবাস্তব নয়।

‘স্টার ওয়ার্স’-এর ৫০ বছর পূর্তি উপলক্ষে ছবিটি পুনরায় মুক্তি পাবে এবং এই সিরিজের নতুন ছবি তৈরি হচ্ছে। ‘অ্যাভেঞ্জার্স’ ফিরছে এবং নতুন জেমস বন্ড আসছে।

তবে ইউটিউবারদের তৈরি স্বল্প বাজেটের ছবিগুলোর সাফল্য দেখে প্রশ্ন উঠছে যে, দর্শকরা কি পুরোনো ফ্র্যাঞ্চাইজির বদলে নতুন কিছু চান? সম্ভবত তারা নতুন কিছু খুঁজছেন। ছোট ও কম খরচের যানবাহনের কাছে শক্তিশালী সামরিক বাহিনীর পরাজয়, স্বয়ংক্রিয় রোবট এবং দুর্বল নিরাপত্তার কারণে তথ্য চুরি—‘স্টার ওয়ার্স’-এ এই বিষয়গুলো দেখানো হয়েছে। তাই ২০২৭ সালে এই ছবিটি আগের চেয়ে বেশি প্রাসঙ্গিক মনে হতে পারে।