জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং ভবিষ্যৎ পূর্বাভাস আরও দ্রুত ও নির্ভুলভাবে জানতে নতুন এক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রশিক্ষণপদ্ধতি উদ্ভাবন করেছেন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) গবেষকেরা। এই অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে ‘ক্লাইমেট এমুলেটর’ নামের বিশেষায়িত এআই মডেলগুলো মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই মানবসৃষ্ট কর্মকাণ্ডের ফলে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি বা সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ার মতো অত্যন্ত জটিল দৃশ্যপটগুলো বিশ্লেষণ করতে সক্ষম হবে। সম্প্রতি বিজ্ঞান জগতের মর্যাদাপূর্ণ সাময়িকী প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেসে এই গুরুত্বপূর্ণ গবেষণাটি প্রকাশিত হয়েছে।

সাধারণত জলবায়ুবিজ্ঞানীরা দীর্ঘমেয়াদি পূর্বাভাসের জন্য বিশালাকার আর্থ সিস্টেম মডেল (ইএসএম) ব্যবহার করে থাকেন। তবে এই মডেলগুলো সুপারকম্পিউটারে পরিচালনা করতে কয়েক মাস সময় লেগে যায়, যা অত্যন্ত দীর্ঘ প্রক্রিয়া। এর বিকল্প হিসেবে ব্যবহৃত এআই এমুলেটরগুলো দ্রুত কাজ করলেও সেগুলোকে প্রশিক্ষণ দেওয়ার জন্য প্রচুর পরিমাণে বাস্তবসম্মত তথ্যের প্রয়োজন হতো। এই তথ্যের সংগ্রাহন প্রক্রিয়া যেমন ব্যয়বহুল, তেমনি সময়সাপেক্ষ। এছাড়া প্রচলিত এমুলেটরগুলো অপরিচিত বা সম্পূর্ণ নতুন কোনো জলবায়ু পরিস্থিতির পূর্বাভাস দেওয়ার ক্ষেত্রে প্রায়ই ব্যর্থ হতো।

এই সীমাবদ্ধতাগুলো কাটিয়ে উঠতে এমআইটির গবেষক ক্রিস্টোফার ওম্যাক এবং অধ্যাপক নোয়েল ই সেলিনের নেতৃত্বাধীন একটি দল বিশেষ এক অ্যালগরিদম তৈরি করেছে। এই পদ্ধতিটি বাস্তবসম্মত তথ্যের পরিবর্তে বিশেষভাবে নকশা করা সিনথেটিক বা কৃত্রিম তথ্য তৈরি করে। এই কৃত্রিম তথ্যের মধ্যে কার্বন ডাই-অক্সাইড বা মিথেন নিঃসরণের আকস্মিক ও দ্রুত ওঠানামার বিষয়গুলো যুক্ত করা হয়। গবেষকেরা জানিয়েছেন, এই উদ্ভাবনের ফলে পূর্ণাঙ্গ ইএসএম মডেল ছয় থেকে আটবার চালানোর বদলে মাত্র একবার চালিয়েই এআই মডেলকে নিখুঁতভাবে প্রশিক্ষণ দেওয়া সম্ভব হচ্ছে।

নতুন এই পদ্ধতিতে প্রশিক্ষিত এমুলেটরগুলো স্থানীয় দূষণ নিয়ন্ত্রণ নীতির প্রভাব এবং এমন সব জলবায়ু পরিস্থিতি নির্ভুলভাবে অনুমান করতে সক্ষম, যা আগে কখনো দেখা যায়নি। গবেষকদের মতে, মডেল তৈরির দীর্ঘসূত্রতা কমে আসায় নীতিনির্ধারকেরা এখন দ্রুততম সময়ে হালনাগাদ তথ্য পাবেন। এই সক্ষমতা বিদ্যুৎ গ্রিডের সুরক্ষা নিশ্চিত করা, জনস্বাস্থ্য রক্ষা এবং কৃষি উৎপাদন বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ পরিকল্পনা গ্রহণে যুগান্তকারী ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।