চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করতে গতকাল সোমবার এশিয়া সফর শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই গুরুত্বপূর্ণ সফরের আগেই তাঁর প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তি নিয়ন্ত্রণের কৌশল নিয়ে তীব্র মতভেদ প্রকাশ্যে এসেছে।

যুক্তরাষ্ট্র ত্যাগ করার আগে প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্টভাবে জানিয়েছেন, তিনি এমন কোনো পদক্ষেপ নিতে ইচ্ছুক নন যার ফলে চীন অপমানিত বোধ করতে পারে।

ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরে চীন নীতি নিয়ে এই বিরোধ সামনে আসায় বোঝা যাচ্ছে, এনভিডিয়াকে কেন্দ্র করে সাম্প্রতিক ঘটনাবলির প্রভাব কতটা গভীর। বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের উচিত চীনের সঙ্গে সম্পর্ক কীভাবে সামলানো, তা নিয়ে প্রশাসনের ভেতরে মতভেদ আরও প্রকট হয়ে উঠেছে।

চলতি সপ্তাহে চীনের প্রযুক্তিনগর শেনঝেনে এক শীর্ষ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সি চিন পিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক হওয়ার কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিদ্বন্দ্বী চীনকে ঘিরে জাতীয় নিরাপত্তার বিষয়ে গভীর উদ্বেগ রয়েছে ওয়াশিংটনের। তবে একই সঙ্গে এনভিডিয়ার চিপ ব্যবসা সম্প্রসারণ করা এবং সি চিন পিংয়ের সঙ্গে নতুন কোনো বাণিজ্য যুদ্ধ এড়ানোয় আগ্রহী ট্রাম্প। এই দুই বিপরীতমুখী লক্ষ্য সামলাতে তিনি হিমশিম খাচ্ছেন বলে মনে করা হচ্ছে।

গতকাল ট্রাম্প স্বীকার করেছেন যে, চীনের প্রতি কতটা কঠোর হওয়া উচিত, তা নিয়ে অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এবং বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের মধ্যে মতপার্থক্য রয়েছে। বিশেষ করে তৃতীয় কোনো দেশের ডেটা সেন্টারের মাধ্যমে চীনের উন্নত এআই চিপ পাওয়ার সুযোগ বন্ধ করার বিষয়ে তাঁদের মধ্যে ভিন্নমত বিদ্যমান।

এশিয়া সফর শুরুর আগে হোয়াইট হাউসের দক্ষিণ লনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “একজন চীনের সঙ্গে বন্ধুত্ব রাখতে চান, আরেকজন চীনের সঙ্গে বড় বিরোধে যেতে চান। দুটোই গ্রহণযোগ্য, তবে মত দুটি আলাদা।”

উল্লেখ্য, গত সপ্তাহে এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াং পদত্যাগ করেছেন। তাঁর বিবাহবহির্ভূত দুটি সম্পর্কের কথা প্রকাশ্যে আসার পর তিনি এই সিদ্ধান্ত নেন। এর মধ্যে একটি সম্পর্ক ছিল অ্যালিস হুয়াং নামের এক চীনা নারীর সঙ্গে। মার্কিন কর্মকর্তাদের দাবি, অ্যালিস হুয়াং চীনের গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত।

এই ঘটনা সামনে আসার পর দেখা গেছে, জাতীয় নিরাপত্তার ঝুঁকির চেয়ে সি চিন পিংকে অসন্তুষ্ট করার আশঙ্কা ট্রাম্পের কাছে বেশি গুরুত্ব পেয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থা এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জেনসেন হুয়াংয়ের সম্পর্ক ও চীনের গুপ্তচরবৃত্তি নিয়ে তাঁকে সতর্ক করলেও ট্রাম্প সেই সতর্কবার্তাকে তেমন গুরুত্ব দেননি।

অন্যদিকে, চীনা কর্মকর্তারা অ্যালিস হুয়াংকে গোয়েন্দা সংস্থার সদস্য বলে যুক্তরাষ্ট্রের তোলা দাবি অস্বীকার করেছেন। গতকাল ট্রাম্পও এই বিষয়ে সন্দেহ প্রকাশ করেন। সাংবাদিকদের তিনি বলেন, “আমি জানি না, তিনি গুপ্তচর কি না। সাধারণত চীন থেকে কোনো সুন্দরী নারী এ দেশে এলেই লোকজন বলে, তিনি গুপ্তচর।”

এক সাংবাদিক যখন উল্লেখ করেন যে, পররাষ্ট্রমন্ত্রী রুবিও প্রেসিডেন্ট ট্রাম্পকে অ্যালিস হুয়াংয়ের বিষয়ে সতর্ক করেছিলেন, তখন ট্রাম্প জানতে চান, “কে আমাকে এ কথা বলেছে?” রুবিওর নাম শুনে ট্রাম্প সাংবাদিককে বলেন, “আমি এমন কথা শুনিনি।”

চীনকে মোকাবিলা করার বিষয়ে হোয়াইট হাউসের মুখপাত্র ম্যাথিউ মিডলটন গতকাল জারি করা নতুন এক নিয়মের কথা উল্লেখ করেন। এই নতুন নিয়মে তৃতীয় দেশের ডেটা সেন্টারের মাধ্যমে চীনের উন্নত মার্কিন চিপ পাওয়ার সুযোগ বন্ধ করা হবে। মিডলটন জানান, এই পদক্ষেপের ফলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে উন্নত চিপ আগে মার্কিন ‘সুপার ইন্টেলিজেন্স’ উদ্ভাবকদের কাছে যাবে, চীনের ভুয়া কোম্পানির কাছে নয়। উল্লেখ্য, ট্রাম্প কৃত্রিম বুদ্ধিমত্তার পরিবর্তে ‘সুপার ইন্টেলিজেন্স’ শব্দটি ব্যবহার করেন।

মিডলটন আরও বলেন, যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত অগ্রগতি ধরে রাখতে, জাতীয় নিরাপত্তা জোরদার করতে এবং ভবিষ্যতের ‘সুপার ইন্টেলিজেন্স’ প্রযুক্তি যুক্তরাষ্ট্রে গড়ে তুলতে ট্রাম্প প্রশাসন দৃঢ় পদক্ষেপ নেবে।

বিষয়টি সম্পর্কে অবগত বর্তমান ও সাবেক ছয়জনের বেশি কর্মকর্তার মতে, চীন নীতি নিয়ে এই বিরোধ কেবল দুই মন্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়। একদিকে আছেন বাণিজ্যমন্ত্রী লুটনিক, যাঁর দপ্তর চিপ রপ্তানির নিয়ম তৈরি ও কার্যকর করে। তিনি অন্য দেশে থাকা ডেটা সেন্টারের ওপর কম কঠোর বিধিনিষেধ আরোপের পক্ষে মত দিয়েছেন।

অন্যদিকে অর্থমন্ত্রী বেসেন্ট, পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রুবিও, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এবং জাতীয় নিরাপত্তা কাউন্সিলের অনেক কর্মকর্তা গত কয়েক মাস ধরে চীনের এআই চিপ পাওয়ার সুযোগ ব্যাপকভাবে সীমিত করার পক্ষে কথা বলে আসছেন।

ট্রাম্প কখনো এক পক্ষের, আবার কখনো অন্য পক্ষের মতের দিকে ঝুঁকেছেন। তাঁর উপদেষ্টাদের মতে, এই বিষয়ে তাঁর অবস্থান দিনভেদে পরিবর্তিত হয়েছে।

গত শুক্রবার এক টেলিভিশন সাক্ষাৎকারে বেসেন্ট বলেন, এনভিডিয়ার ঘটনায় আলোচনায় আসা সিঙ্গাপুরের কোম্পানি মেগাস্পিডের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাণিজ্য মন্ত্রণালয় ব্যর্থ হয়েছে। তাঁর ভাষায়, ব্যবস্থা নেওয়ার ক্ষমতা ওই দপ্তরের হাতেই ছিল। তিনি আরও বলেন, চিপ অবৈধভাবে চীনে পাঠানো বন্ধ করতে এনভিডিয়া যথেষ্ট চেষ্টা না করলে কোম্পানিটিকে জবাবদিহির মুখে আনতে হবে।

কাগজ-কলমে ট্রাম্প তাঁর অর্থমন্ত্রীর পক্ষেই অবস্থান নিয়েছেন। এশিয়ায় যাওয়ার কিছুক্ষণ আগে তাঁর প্রশাসন চীনের চিপ পাওয়ার সুযোগ সীমিত করার নিয়ম জারি করেছে। বেসেন্ট এই নিয়মের পক্ষে থাকলেও লুটনিক এর বিরোধিতা করেছিলেন।

তবে গতকাল ট্রাম্পের দ্বিধাগ্রস্ত মন্তব্যে প্রশাসনের ভেতরে ও বাইরে চীনবিষয়ক কঠোর অবস্থানের সমর্থকেরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তাঁদের আশঙ্কা, ট্রাম্প হয়তো পরবর্তীতে এই নিয়ম বদলে ফেলবেন অথবা সি চিন পিংয়ের সঙ্গে আলোচনায় একে দর-কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করবেন।

গতকাল সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, লুটনিক “খুব ভালো কাজ করছেন”। মেগাস্পিডের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেরি হওয়ার কারণ হিসেবে তিনি সি চিন পিংকে অসন্তুষ্ট না করার কথা উল্লেখ করেন। ট্রাম্প বলেন, দেরি না করলে, কিছু না করলে চীনের সঙ্গে বড় বিরোধ হতে পারত। তিনি আরও বলেন, চীনে যাওয়ার ঠিক আগে দেশটিকে অপমান করতে চাইবেন না।

গতকাল সকালে বাণিজ্য মন্ত্রণালয় নতুন নিয়মটি জারি করেছে। এখন থেকে যুক্তরাষ্ট্রের বাইরে চীন, রাশিয়া, ইরান এবং আরও কয়েকটি ঝুঁকিপূর্ণ দেশে প্রধান কার্যালয় থাকা ডেটা সেন্টারগুলোকে চিপ বিক্রির জন্য আগে অনুমতি নিতে হবে। বিশেষ করে বিপুল কম্পিউটিং ক্ষমতা বিক্রি করতে হলে সরকারের অনুমতি বাধ্যতামূলক করা হয়েছে।

কর্মকর্তাদের মতে, এই নিয়মে একটি বড় ফাঁক বন্ধ হবে। আগে চীনা প্রতিষ্ঠানগুলো সরাসরি উন্নত এনভিডিয়া চিপ কিনতে না পারলেও অন্য দেশের ডেটা সেন্টার থেকে সেগুলো ভাড়া নিতে পারত, যা চীনের এআই খাতকে দ্রুত এগিয়ে নিয়ে গেছে। বিতর্কে যুক্ত মার্কিন কর্মকর্তারা সতর্ক করেছেন যে, চীনের এআই মডেল যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সাইবার হামলার বড় ঝুঁকি তৈরি করতে পারে।

নতুন নিয়ম ঘোষণার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিয়মটি অর্থ মন্ত্রণালয় ও জাতীয় নিরাপত্তা কাউন্সিলের নির্দেশনায় তৈরি করা হয়েছে। এটি ৯০ দিন পর কার্যকর হবে এবং কার্যকর করার দায়িত্ব থাকবে লুটনিকের দপ্তরের ওপর, যদিও তিনি এই নিয়মের কড়া বিরোধী।

লুটনিকের ঘনিষ্ঠ এক কর্মকর্তার ভাষ্য, তিনি বারবার ট্রাম্প ও অন্য কর্মকর্তাদের সতর্ক করেছেন যে এ বিধিনিষেধের ফলে চীনের সঙ্গে আরেকটি বাণিজ্য যুদ্ধ শুরু হতে পারে। লুটনিকের আরেক ঘনিষ্ঠ ব্যক্তি জানান, সংবাদ বিজ্ঞপ্তিতে অর্থ মন্ত্রণালয় ও জাতীয় নিরাপত্তা কাউন্সিলের নাম উল্লেখ করার উদ্দেশ্য ছিল এই ভুল নীতির দায় কার, তা স্পষ্ট করা। এ বিষয়ে জানতে চাওয়া হলে বাণিজ্য মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেয়নি।

কোম্পানির পরিচালনা পর্ষদের চাপে গত সপ্তাহে এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং পদত্যাগ করেন। তাঁর এক কর্মকর্তার সঙ্গে সম্পর্ক এবং অ্যালিস হুয়াংয়ের সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে আসার পর এই ঘটনা ঘটে। মার্কিন কর্মকর্তারা অ্যালিস হুয়াংকে চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত বলে চিহ্নিত করেছেন।

অ্যালিস হুয়াং সিঙ্গাপুরভিত্তিক ডেটা সেন্টার কোম্পানি মেগাস্পিড প্রতিষ্ঠা করেন। চীনে চিপ পাচারের অভিযোগে মার্কিন গোয়েন্দা সংস্থা কোম্পানিটি নিয়ে তদন্ত করছে, যদিও মেগাস্পিড দাবি করেছে তারা আইন মেনে বৈধ ব্যবসা করছে।

গত ২৯ অক্টোবর দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছিল, জেনসেন হুয়াংয়ের সম্পর্কের বিষয়ে ট্রাম্পকে অন্তত দুবার সতর্ক করা হয়েছিল—একবার গত বছরের শেষ দিকে এবং আরেকবার এ বছরের বসন্তে। দুই মার্কিন কর্মকর্তার মতে, অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেন হুয়াংয়ের সম্পর্ক নিয়ে রুবিও এতটাই উদ্বিগ্ন ছিলেন যে ৩০ মার্চ তিনি একটি গোপন নথি লেখেন। সেখানে গোয়েন্দা তথ্যের সারসংক্ষেপ ছিল, যাতে দেখা যায় অ্যালিস হুয়াং চীনের প্রধান গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ রাখতেন।

কর্মকর্তারা আরও জানান, মে মাসে এয়ার ফোর্স ওয়ানে চড়ে রুবিও সরাসরি ট্রাম্পকে ওই গোয়েন্দা তথ্য জানান। এই গোপন তথ্য মে মাসে ট্রাম্পের বেইজিং সফরের প্রস্তুতিতেও প্রভাব ফেলেছিল। শুরুতে আমন্ত্রিত ব্যবসায়ী নেতাদের তালিকায় জেনসেন হুয়াংয়ের নাম ছিল না। খবরটি প্রকাশিত হলে ট্রাম্প তাঁকে ফোন করেন এবং এরপর জেনসেন হুয়াং আলাস্কার অ্যাঙ্কোরেজে গিয়ে ট্রাম্পের সঙ্গে দেখা করেন। তখন জেনসেন হুয়াংকে আমন্ত্রণ জানানো হয়নি এমন খবরকে ট্রাম্প “ভুয়া খবর” বলেছিলেন।

পুরো ঘটনায় ট্রাম্প জেনসেন হুয়াংয়ের পাশে ছিলেন। দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছিল, ট্রাম্প তাঁকে ফোন করে পদ ধরে রাখার লড়াই চালিয়ে যেতে উৎসাহ দেন। গতকাল ট্রাম্প বলেন, হুয়াংকে আবার ওই পদে ফিরিয়ে আনলে তাঁর আপত্তি থাকবে না। তিনি বলেন, “আমার মনে হয়, তিনি বড় শিক্ষা পেয়েছেন।”

দ্বিতীয় মেয়াদের শুরু থেকেই জেনসেন হুয়াং ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছেন, প্রকাশ্যে তাঁর প্রশংসা করেছেন এবং বড় বিনিয়োগের ঘোষণা দিয়েছেন। ট্রাম্প সেগুলোকে তাঁর প্রশাসনের সাফল্য হিসেবে তুলে ধরেছেন।

২০২৫ সালের আগস্টে ট্রাম্প এনভিডিয়াকে চীনে এইচ২০ চিপ রপ্তানির অনুমতি দেন, শর্ত ছিল আয়ের ১৫ শতাংশ সরকারকে দিতে হবে। তবে বেইজিং কখনোই এসব চিপ কেনার অনুমোদন দেয়নি। এর দুই মাস পর এনভিডিয়া ট্রাম্পের হোয়াইট হাউসে বলরুম তৈরির জন্য ২ কোটি ৫০ লাখ ডলার দেওয়ার অঙ্গীকার করে।

গত ডিসেম্বরে ট্রাম্প ঘোষণা করেন, এনভিডিয়া চীনে আরও শক্তিশালী এইচ২০০ চিপ বিক্রি করতে পারবে, যার বিনিময়ে আয়ের ২৫ শতাংশ যুক্তরাষ্ট্র সরকার পাবে। ট্রাম্প তাঁর সহযোগীদের বলেছেন, শেয়ারবাজার ও সামগ্রিক অর্থনীতির জন্য এনভিডিয়া খুব গুরুত্বপূর্ণ।

ডেটা সেন্টার-সংক্রান্ত নিয়মটি কয়েক মাস ধরে প্রশাসনের ভেতরে আটকে ছিল। দুই জ্যেষ্ঠ কর্মকর্তার মতে, ট্রাম্প আগস্টে নিয়মটি অনুমোদন করলেও বাণিজ্য মন্ত্রণালয় তা জারি করেনি। বাইডেন প্রশাসন ক্ষমতা ছাড়ার আগে একই ধরনের বিধিনিষেধ দিয়েছিল, যা ট্রাম্প প্রশাসন গত বছর বাতিল করে।

চীনের বিরুদ্ধে কঠোর অবস্থানের সমর্থকরা আশা করছেন যে ট্রাম্পের গতকালের মন্তব্য কেবল কূটনৈতিক সৌজন্য এবং তিনি চিপের ওপর বিধিনিষেধ কার্যকর করবেন ও মেগাস্পিডের তদন্ত চালিয়ে যেতে দেবেন। তবে ট্রাম্পের সঙ্গে কাজ করা অন্য কয়েকজন কর্মকর্তা এ বিষয়ে সন্দিহান। ২০২৫ সালের মে মাসে চীনের সঙ্গে শুল্কযুদ্ধ থেকে সরে আসার পর ট্রাম্প তাঁর জাতীয় নিরাপত্তা দলকে বুঝিয়েছেন, বাণিজ্যিক সম্পর্ক বিঘ্নিত হতে পারে এমন পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে তিনি সতর্ক।

২০১৭ ও ২০১৮ সালে ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এইচ আর ম্যাকমাস্টার বলেন, ট্রাম্পের চুক্তি করার আগ্রহ বারবার চীন নীতি দুর্বল করেছে। ম্যাকমাস্টারের মতে, ট্রাম্প মনে করেন এমন একটি চুক্তি তিনি করতে পারবেন যা আর কেউ করতে পারবে না। এই বিশ্বাস তাঁকে বাধা দেয়, ফলে চীনের অর্থনৈতিক আগ্রাসনের বিরুদ্ধে ধারাবাহিক নীতি নেওয়ার বদলে তিনি বারবার অবস্থান বদলান এবং নিজের অবস্থান দুর্বল করেন।