অ্যাপল, অ্যালফাবেট কিংবা উবারের মতো বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো তাদের প্রতিষ্ঠাতাদের বিদায়ের ধাক্কা সফলভাবে সামলে নিয়েছিল। তবে বহুজাতিক প্রযুক্তি জায়ান্ট এনভিডিয়া এখন ঠিক একই ধরনের এক কঠিন পরীক্ষার মুখে দাঁড়িয়ে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং আকস্মিকভাবে পদত্যাগ করায় এনভিডিয়া এই নেতৃত্ব পরিবর্তনের প্রভাব মোকাবিলা করতে পারবে কি না, তা নিয়ে জোরালো প্রশ্ন উঠেছে। সিএনবিসি থেকে পাওয়া তথ্যে এই বিষয়টি উঠে এসেছে।
অ্যাপল, অ্যালফাবেট ও উবারের মতো কোম্পানিগুলো তাদের প্রভাবশালী নেতাদের বিদায়ের পরও সাফল্যের ধারা ধরে রাখতে সক্ষম হয়েছে। তবে সেসব ক্ষেত্রে নেতৃত্বের পরিবর্তন এনভিডিয়ার মতো এত আকস্মিক ছিল না। এনভিডিয়ার নতুন সিইওর সামনে এখন পাহাড়প্রমাণ চ্যালেঞ্জ। তাঁকে একদিকে যেমন জেনসেন হুয়াংয়ের বিদায়ের শূন্যতা পূরণ করতে হবে, অন্যদিকে প্রতিযোগীদের সঙ্গে চিপ তৈরির লড়াইয়ে প্রতিষ্ঠানের শীর্ষ অবস্থান ধরে রাখতে হবে।
প্রতিষ্ঠাতা সিইওদের বিদায় নতুন ঘটনা নয়। তবে বিশেষজ্ঞরা সিএনবিসিকে জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) উত্থানে নেতৃত্ব দেওয়া এনভিডিয়ার মতো প্রতিষ্ঠানের এমন এক গুরুত্বপূর্ণ সময়ে হুয়াংয়ের আকস্মিক পদত্যাগের ঘটনাটি একেবারেই ভিন্ন ও ব্যতিক্রমী। এর ফলে পরবর্তী প্রধান নির্বাহীর সামনে নানা জটিলতা তৈরি হয়েছে।
গত ৩৩ বছরে সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াং এনভিডিয়াকে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানিতে পরিণত করেছিলেন। তবে বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে প্রতিবেদন প্রকাশের পর তাঁর পদত্যাগের সিদ্ধান্ত আসে। উল্লেখ্য, তাঁর এই সম্পর্কটি ছিল অত্যন্ত বিতর্কিত; কারণ তিনি এমন এক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন, যাঁকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা চীনের গুপ্তচর বলে মনে করে।
গোল্ডম্যান স্যাকসের সাবেক প্রধান নির্বাহী লয়েড ব্ল্যাঙ্কফেইন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, হুয়াং ছিলেন ‘অপরিহার্য’। তবে লয়েড ফরাসি নেতা শার্ল দ্য গলের একটি উক্তির কথা মনে করিয়ে দিয়ে বলেন, ‘কবরস্থানগুলো অপরিহার্য মানুষে ভরা।’
বর্তমানে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ নতুন সিইও খোঁজার প্রক্রিয়ায় রয়েছে। অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করছেন প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) কোলেট ক্রেস। বিশ্লেষকদের মতে, হুয়াংয়ের সেই অনন্য ব্যক্তিত্ব এবং আশাবাদী নেতৃত্বের বিকল্প খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন হবে।
নটর ডেম বিশ্ববিদ্যালয়ের মেন্ডোজা কলেজ অব বিজনেসের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মাইকেল উইদার্স সিএনবিসিকে বলেন, ‘বিশ্বের অন্যতম বৃহৎ একটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সিইওকে কেলেঙ্কারির মধ্যে এত আকস্মিকভাবে বিদায় নিতে হচ্ছে—এমন পরিস্থিতি আগে দেখা গেছে কি না, তা নিয়ে আমি নিশ্চিত নই।’
অধ্যাপক উইদার্স আরও উল্লেখ করেন, জেনসেন হুয়াংয়ের স্থলাভিষিক্ত ব্যক্তিটিকে একজন প্রতিষ্ঠাতার জায়গায় নতুন সিইও হিসেবে দায়িত্ব নেওয়ার সাধারণ চ্যালেঞ্জের পাশাপাশি আরও অনেক কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে হবে।
প্রতিষ্ঠাতারা যখন দায়িত্ব ছাড়েন
২০১১ সালে স্টিভ জবস যখন পদত্যাগ করেন, তখন অ্যাপলের ব্র্যান্ড পরিচয়ের সঙ্গে তাঁর নাম ওতপ্রোতভাবে জড়িত ছিল। তবে অ্যাপল ও এনভিডিয়ার মধ্যে একটি মৌলিক পার্থক্য ছিল। অ্যাপলে এর আগে অন্য সিইও দায়িত্ব পালন করেছিলেন এবং প্রতিষ্ঠানের ভেতর থেকেই উত্তরসূরি প্রস্তুত রাখা হয়েছিল।
টিম কুক অ্যাপলের চিপ তৈরির কৌশল এবং সেবাভিত্তিক ব্যবসায় বিনিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে এগিয়ে নেন। এছাড়া যুক্তরাষ্ট্র ও চীনের সরকারের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে তিনি একজন দক্ষ কূটনীতিক হিসেবে আবির্ভূত হন। সরবরাহব্যবস্থার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাতেও তাঁর দক্ষতা ছিল চোখে পড়ার মতো।
মাইকেল উইদার্সের মতে, সিইও হওয়ার জন্য টিম কুক যথেষ্ট প্রস্তুত ছিলেন। তাঁর ১৫ বছরের নেতৃত্বে অ্যাপলের বাজারমূল্য প্রায় ৩৫০ বিলিয়ন বা ৩৫ হাজার কোটি থেকে বেড়ে ৪ ট্রিলিয়ন বা ৪ লাখ কোটি মার্কিন ডলারে পৌঁছেছে।
অন্যদিকে, গুগল প্রতিষ্ঠার ২১ বছর পর ২০১৯ সালে অ্যালফাবেটের নির্বাহীর দায়িত্ব ছাড়েন ল্যারি পেজ ও সের্গেই ব্রিন। তাঁদের বিদায় ছিল পূর্বপরিকল্পিত। সে সময় ল্যারি পেজ বলেছিলেন, কোম্পানির ব্যবস্থাপনা কাঠামো সহজ করার জন্য এটিই ছিল ‘স্বাভাবিক সময়’। এরপর সুন্দর পিচাইয়ের নেতৃত্বে অ্যালফাবেটের শেয়ারের দাম ৩০০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।
আবার ২০১৭ সালে একের পর এক কেলেঙ্কারি ও পরিচালনাগত উদ্বেগের কারণে তীব্র চাপের মুখে উবার ছাড়েন ট্রাভিস কালানিক। মাইকেল উইদার্সের ভাষায়, উবার ছাড়েন ট্রাভিস কালানিকের বিদায়ের প্রক্রিয়া কয়েক মাস ধরে চলেছিল। বিষয়টি তখন যথেষ্ট আলোচনার জন্ম দিলেও এনভিডিয়া এখন যে পরিস্থিতির মুখোমুখি, তার তুলনায় তা অনেক কম গুরুতর ছিল।
এক্সপিডিয়ার সাবেক প্রধান নির্বাহী দারা খোসরোশাহি প্রতিষ্ঠানটির সাংগঠনিক কাঠামো পুনর্গঠন করে লাভজনক হওয়ার পথ তৈরি করেছিলেন।
হুয়াংয়ের বিদায়ের ঘটনা কেন আলাদা
নটর ডেম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাইকেল উইদার্স বলেন, স্বাভাবিক পরিস্থিতিতেও উত্তরসূরি প্রধান নির্বাহীদের জন্য কোম্পানির সাফল্যের মূল কারণগুলো ধরে রাখা এবং নিজস্ব নেতৃত্ব প্রতিষ্ঠা করা কঠিন হয়ে পড়ে। উইদার্স আরও বলেন, ‘প্রতিষ্ঠাতার সঙ্গে জড়িত এত আলোচিত কোনো কেলেঙ্কারির পর নেতৃত্বের পরিবর্তন হলে কাজটি আরও কঠিন হয়ে পড়ে।’
এনভিডিয়ায় জেনসেন হুয়াংয়ের অধীনে সরাসরি ৬০ জন কর্মকর্তা দায়িত্ব পালন করতেন। দ্রুত যোগাযোগের সুবিধার্থে সেখানে একটি সমতল ব্যবস্থাপনা-কাঠামো গড়ে তোলা হয়েছিল, যেখানে ব্যবস্থাপনার একাধিক স্তর এড়িয়ে চলা হতো।
উইদার্স সিএনবিসিকে জানান, হুয়াংয়ের জন্য এনভিডিয়ায় কোনো উত্তরসূরি পরিকল্পনা ছিল বলে মনে হয় না। তাঁকে প্রায়ই কোম্পানির সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যুক্ত একজন ব্যক্তি হিসেবে বর্ণনা করা হতো। এই অধ্যাপক আরও বলেন, ‘আমরা এমন একটি কোম্পানির কথা বলছি, যেটি সম্প্রতি পর্যন্ত বাজারমূল্যের হিসাবে বিশ্বের সবচেয়ে বড় প্রতিষ্ঠান ছিল। এটি সত্যিই বিস্ময়কর পরিস্থিতি।’
হুয়াংয়ের বিদায়ের পর যেসব চ্যালেঞ্জ
মাইকেল উইদার্সের মতে, হুয়াংয়ের ছায়া থেকে বেরিয়ে আসার পাশাপাশি নতুন সিইওকে তাঁর কর্মকাণ্ড ঘিরে তৈরি হওয়া ‘কেলেঙ্কারি’ এবং এর প্রভাব এনভিডিয়ার ওপর কতটা দীর্ঘস্থায়ী হবে, তা সামলাতে হবে। একই সঙ্গে তাঁকে প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি ব্যবসায়িক কৌশল নির্ধারণ করতে হবে এবং হুয়াং যেসব গুরুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছিলেন, সেগুলোর দায়িত্বও নিতে হবে।
জেনসেন হুয়াং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছিলেন। গত মে মাসে তিনি ট্রাম্পের সঙ্গে চীন সফরেও গিয়েছিলেন। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীনে এনভিডিয়ার চিপ বিক্রির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের যে রপ্তানি নিষেধাজ্ঞা রয়েছে, তা শিথিল করার পক্ষে ছিলেন হুয়াং।
এনভিডিয়ার বিনিয়োগকারী প্রতিষ্ঠান লায়নট্রাস্ট অ্যাসেট ম্যানেজমেন্টের গ্লোবাল ইনোভেশন দলের সহপ্রধান স্টর্ম উরুর মতে, কোম্পানির সংস্কৃতির পরিবর্তন এবং সরবরাহ ব্যবস্থাপনা—এই দুটি বিষয় হবে নতুন সিইওর প্রধান অগ্রাধিকার। স্টর্ম উরু সিএনবিসিকে বলেন, ‘সরবরাহ ব্যবস্থাপনাই ছিল সেই জায়গা, যেখানে জেনসেন ভবিষ্যৎ সম্পর্কে একটি স্পষ্ট ধারণা দিতে পারতেন।’ তিনি আরও বলেন, সরবরাহব্যবস্থা যখন এমনিতেই প্রচণ্ড চাপে রয়েছে, তখন বিষয়টি আরও বেশি গুরুত্বপূর্ণ।
বর্তমানে এনভিডিয়াকে এএমডির মতো প্রতিদ্বন্দ্বী এবং হাইপারস্কেলারদের ক্রমবর্ধমান প্রতিযোগিতার মুখে পড়তে হচ্ছে। এসব প্রতিষ্ঠান নিজেদের চিপ তৈরির প্রচেষ্টা জোরদার করছে।
বিনিয়োগকারীরা মনে করছেন, নতুন সিইওর হাতে আগামী কয়েক বছরের জন্য পণ্য উন্নয়নের একটি পরিকল্পনা থাকবে এবং হুয়াংয়ের বিদায়ের কারণে সেই পরিকল্পনায় কোনো পরিবর্তন হবে না।
অ্যাডভাইজরস ক্যাপিটাল ম্যানেজমেন্টের অংশীদার ও পোর্টফোলিও ব্যবস্থাপক জোয়ান ফিনি বৃহস্পতিবার সিএনবিসিকে বলেন, হুয়াংয়ের পদত্যাগের দাবিতে চাপ বাড়ার সময়ই বিষয়টি নিয়ে ভাবতে হবে। তিনি বলেন, ‘আমাদের জেনসেনের বাইরেও তাকাতে হবে। এখানে হাজার হাজার প্রকৌশলী রয়েছেন।’