রং ইন্টারন্যাশনাল স্টার অ্যান্ড বিজনেস অ্যাওয়ার্ডসে ২০২৫ সালের সেরা উদীয়মান তারকার পুরস্কার জিতেছেন উদীয়মান অভিনেতা আরেফিন জিলানী। সম্প্রতি পরিচালক শিহাব শাহীনের ওয়েব সিনেমা ‘ক্যাফে আমব্রেলা’য় প্রথমবারের মতো প্রধান রোমান্টিক চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন এই তরুণ অভিনেতা। তাঁর ক্যারিয়ারের বর্তমান পরিস্থিতি, প্রাপ্ত পুরস্কার এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিশেষ আলাপ হয়েছে মুক্তকণ্ঠের সাথে।

এটিই কি তাঁর প্রথম পুরস্কারের অভিজ্ঞতা? এই প্রশ্নের জবাবে আরেফিন জিলানী বলেন, “জি। পরপর কয়েকটি ভালো কাজে সুযোগ পেয়েছি। পুরস্কার পেয়ে মনে হচ্ছে সেগুলোর একটা স্বীকৃতি পেলাম।”

আরেফিনের অভিনয় বৈচিত্র্য নজরকাড়া। ‘বনলতা এক্সপ্রেস’ নাটকে তিনি কমেডি করেছেন, ‘ক্যাকটাস’ ওয়েব সিরিজে অভিনয় করেছেন খলনায়কের চরিত্রে এবং এবার ‘ক্যাফে আমব্রেলা’য় দেখা গেল তাঁর রোমান্টিক রূপ। এই ভিন্ন ভিন্ন চরিত্রের জন্য বিশেষ কোনো প্রস্তুতি নিয়েছিলেন কি না, সে বিষয়ে তিনি জানান, “আসলে আমার প্রসেস একই, যে ধরনের চরিত্রে সুযোগ পাই, পরিচালকের ব্রিফ আর চিত্রনাট্য অনুযায়ী নিজের মতো প্রস্তুতি নেই। তবে এটা বলতে পারি, অনেক দর্শক আমাকে এ ধরনের চরিত্রে দেখে চমকে গেছেন। যাঁরা আমাকে বনলতায় দেখে হেসেছেন, ক্যাকটাস–এ দেখে ভয় পেয়েছেন, তাঁরা এমন চরিত্রে আমাকে দেখে অবাক হয়েছেন। যেখানেই গেছি প্রশংসা পেয়েছি। ক্যাকটাস–এর পর আবারও শিহাব শাহীন ভাইয়ের সঙ্গে কাজ করলাম। সব মিলিয়ে দারুণ অভিজ্ঞতা হয়েছে।”

আরেফিনের দীর্ঘ উচ্চতা নিয়ে কথা উঠলে তিনি বেশ হাস্যোজ্জ্বল হয়ে পড়েন। উপমহাদেশে রোমান্টিক চরিত্রে লম্বা নায়কদের সঙ্গে নায়িকাদের অভিনয়ের নানা মজার গল্পের কথা মনে করিয়ে দিলে তিনি বলেন, “হা হা হা... না ভাই, আমার যে সহশিল্পী ছিলেন লাক্স সুপারস্টার থেকে আমিনা ইসলাম, তিনিও বেশ লম্বা। সমস্যা হয়নি। হাইট নিয়ে বেশি সমস্যা নেই। নায়িকা নায়কের বুকে মাথা রাখতে পারলেই হলো (হাসি)।” তবে রসিকতার পাশাপাশি তিনি গুরুত্ব দিয়ে বলেন, “এবার সিরিয়াসলি বলি, আসলে গল্পটা বিশ্বাসযোগ্য হলে আর দর্শক সেটার সঙ্গে রিলেট করতে পারলে এসব কোনো সমস্যা নয়।”

সিনেমা এবং ওটিটিতে নিয়মিত উপস্থিতি থাকলেও টিভি নাটকে তাঁকে খুব একটা দেখা যায় না। এর কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “আসলে মাধ্যম নিয়ে আমার কোনো সমস্যা নেই। এখন তো সবাই সব মাধ্যমেই কাজ করেন। কিন্তু টিভিতে যে গ্রুপটা নিয়মিত কাজ করেন, আমি আসলে তাদের অংশ হতে পারিনি। সে জন্যই আমার কাজ কম।”

সিনেমা পর্দায় প্রধান চরিত্রে অভিনয়ের স্বপ্ন দেখছেন আরেফিন। নিজেকে সেই উপযোগী করে গড়ে তোলার বিষয়ে তিনি জানান, “সিনেমা নিয়ে আমার অনেক আগ্রহ। সামনের বছরই নিজেকে বড় কোনো চরিত্রে দেখতে চাই। সে জন্য সিক্স প্যাক করছি। ডায়েট, জিম থেকে শুরু করে নিজেকে মটিভেট করা—আমার মতো করে নিজেকে তৈরি করছি। কারণ, এখন তো ওটিটি বা ডিজিটাল প্ল্যাটফর্মের কারণে আপনার কাজের দর্শক সারা দুনিয়ায় ছড়িয়ে। কখন কোন সুযোগ আসবে কে জানে!”

অবসরে নতুন কী দেখছেন তিনি? এই প্রশ্নের উত্তরে তিনি জানান, “কয়েক দিনের মধ্যে ‘মির্জাপুর: দ্য মুভি’, ‘দিলওয়ালি দিলওয়ালি’ দেখলাম। ‘জুরাসিক পার্ক: রিবার্থ’ আবার দেখলাম। আমি আর (স্ত্রী সংগীতশিল্পী ফাতিমা তুয যাহরা) ঐশী রাতে সময় পেলেই নতুন কাজ দেখার চেষ্টা করি।”

ভিকি জাহেদের ‘চক্র ৩’ প্রজেক্টে তাঁর যুক্ত হওয়ার গুঞ্জন সম্পর্কে তিনি জানান, “এ মাসেই একটা শুটিং শুরু করব। তবে ‘চক্র ৩’ নিয়ে কিছু বলতে চাইছি না। আনুষ্ঠানিক ঘোষণা আসবে। সামনের মাসে আরও একটি ওটিটির বড় প্রকল্পে যুক্ত হওয়ার কথা, এটা নিয়েও আপাতত কথা বলা নিষেধ।”