শিশুশিল্পী হিসেবে অভিনয় জীবন শুরু করেছিলেন বিদুষী বর্ণিতা। দীর্ঘ বিরতির পর এবার লাক্স সুপারস্টার চ্যাম্পিয়ন হয়ে নতুনভাবে পর্দায় ফিরছেন তিনি। শিহাব শাহীনের পরিচালিত ওয়েব সিনেমা ‘ক্যাফে আমব্রেলা’–তে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বর্ণিতা। আগামী ২৯ অক্টোবর ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পেতে যাচ্ছে এই ওয়েব সিনেমাটি।

মাত্র তিন বছর বয়সে একটি বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে অভিনয় জগতে পদার্পণ করেন তিনি। এছাড়া নাসির উদ্দীন ইউসুফের ‘গেরিলা’ চলচ্চিত্রেও তাঁর উপস্থিতি ছিল। তবে সেই শুরুর পর প্রায় ১০ বছর অভিনয় থেকে দূরে ছিলেন রাজশাহীর মেয়ে বর্ণিতা। দীর্ঘ এই বিরতি কাটিয়ে আবারও দর্শকদের সামনে হাজির হচ্ছেন তিনি।

লাক্স সুপারস্টার প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হওয়ার সুযোগেই ‘ক্যাফে আমব্রেলা’ সিনেমায় অভিনয়ের সুযোগ পান তিনি। তবে নিজের চরিত্রটি সম্পর্কে বিস্তারিত জানাতে চাননি অভিনেত্রী। তিনি শুধু এটুকু উল্লেখ করেছেন যে, এই চরিত্রটি তাঁর বাস্তব ব্যক্তিত্বের সাথে মেলে না এবং এ ধরনের চরিত্রে অভিনয় করাটাই তাঁর জন্য বড় চ্যালেঞ্জ। বর্ণিতার ভাষ্যে, ‘আমি যে রকম বা মানুষ হিসেবে আমি যেমন, তার থেকে একদম আলাদা ধরনের চরিত্র করতে চাই।’ ক্যারিয়ারের শুরুতেই কেন এমন চ্যালেঞ্জিং চরিত্র বেছে নিলেন, সে বিষয়ে তিনি বলেন, ‘তখন মনে হয়েছিল মানুষ আমাকে যেভাবে দেখে এসেছে, তার থেকে ভিন্ন কিছু দিয়ে শুরু করলে হয়তো দর্শকেরা পছন্দ করতে পারেন।’

এই সিনেমায় বর্ণিতার বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। তাঁদের জুটির কাজের অভিজ্ঞতা সম্পর্কে বর্ণিতা জানান, ‘অনেক ভালো, অসাধারণ একটা অভিজ্ঞতা ছিল। কারণ, উনি মানুষ হিসেবে অনেক ভালো। একজন বড় ভাইয়ের মতো গাইড করেছেন, আবার বন্ধুর মতো করেও সহযোগিতা করেছেন।’

অভিনয়ের ক্ষেত্রে নিজের পছন্দ ও আগ্রহের জায়গা নিয়ে বেশ স্পষ্ট এই তরুণ অভিনেত্রী। প্রচলিত বাণিজ্যিক ধারার বাইরে চ্যালেঞ্জিং এবং নিরীক্ষাধর্মী কাজে অভিনয় করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। তাঁর ভাষায়, ‘অডিয়েন্স হিসেবে সব সময় একটু চ্যালেঞ্জিং কাজ দেখতে পছন্দ করি।’ বিশেষ করে চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় এমন সিনেমার প্রতি তাঁর প্রবল আগ্রহ রয়েছে। এ ধরনের কাজের গল্প এবং নির্মাণশৈলী তাঁকে ভীষণভাবে আকর্ষণ করে। তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে ফেস্টিভ্যালের কাজগুলো আমার ভালো লাগে। এগুলো অনেক ডিফারেন্ট হয়, অনেক ইন্টেলেকচুয়াল হয়।’

গল্প বলার ক্ষেত্রে নিরীক্ষার সুযোগ বেশি থাকায় ওটিটি প্ল্যাটফর্মে কাজ করতে আগ্রহী বর্ণিতা। বাংলাদেশে ওটিটি কনটেন্টের বর্তমান অগ্রগতি তাঁকে আশাবাদী করে তুলেছে। পাশাপাশি টেলিভিশন নাটকের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তিনি; ভালো চিত্রনাট্য পেলে নাটকেও কাজ করতে আগ্রহী। তবে আপাতত চলচ্চিত্র এবং ওটিটি প্রজেক্টগুলোর দিকেই তাঁর মূল মনোযোগ।

অভিনয় জগতে জয়া আহসানকে নিজের আদর্শ মনে করেন এই অভিনেত্রী। তিনি বলেন, ‘ওনাকে আমার খুব পছন্দ।’ জয়া আহসানের অভিনয় দক্ষতা এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার বিষয়টি তাঁকে দারুণভাবে অনুপ্রাণিত করে। তাঁর কাজ দেখেই শেখার চেষ্টা করেন বর্ণিতা। এছাড়া পছন্দের পরিচালকদের তালিকায় তিনি ক্রিস্টোফার নোলান, তারেক মাসুদ, মেজবাউর রহমান সুমন, রায়হান রাফী এবং তানিম নূরের নাম উল্লেখ করেন।

ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে বর্ণিতা জানান, ‘ক্যাফে আমব্রেলা’র পাশাপাশি আরও একটি সিনেমায় কাজ করার কথা হয়েছে তাঁর। সিনেমাটি পরিচালনা করবেন রায়হান রাফী, যার ঘোষণা দেওয়া হয়েছিল লাক্স সুপারস্টারের চূড়ান্ত পর্বের মঞ্চে। বর্তমানে সিনেমাটির চিত্রনাট্য ও প্রস্তুতি প্রাথমিক পর্যায়ে রয়েছে। এর বাইরে আরও বেশ কিছু কাজের প্রস্তাব পেয়েছেন তিনি। তবে লাক্স সুপারস্টারের সঙ্গে চুক্তির বাধ্যবাধকতার কারণে আপাতত সেই প্রস্তাবগুলোতে সাড়া দিতে পারছেন না তিনি।