জন্মদিনের উপহার হিসেবে নতুন চলচ্চিত্রে যুক্ত হলেন জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনায় নির্মিতব্য ‘লজ্জা’ নামের এই সিনেমাটিতে অভিনয়ের জন্য তিনি চুক্তিবদ্ধ হয়েছেন। সিনেমাটির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন এম এইচ খোকন।
গতকাল ৮ সেপ্টেম্বর নুসরাত ফারিয়ার জন্মদিন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানান, এদিন তিনি ৩১ বছরে পা দিয়েছেন। এর আগে সোমবার রাত ১২টার আগে তিনি একটি পোস্ট করেন, যেখানে তিনি লিখেছেন, ‘রাত ১২টা বাজলেই ৩১! কিউটনেস আর দুষ্টুমি আগের মতোই আছে, শুধু সাজগোজটা এখন একটু বেশি স্টাইলিশ।’
জন্মদিনের সন্ধ্যায় এই ঘোষণা আসে। গত শনিবার চ্যানেল আই কার্যালয়ে ‘লজ্জা’ সিনেমার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, জাজ মাল্টিমিডিয়ার স্বত্বাধিকারী আবদুল আজিজসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। সিনেমাটির গল্প লিখেছেন আবদুল আজিজ। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ২০ সেপ্টেম্বর থেকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা। আগামী বছর প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে, যা পরে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনেও দেখা যাবে।
সিনেমার গল্প ও ফারিয়ার চরিত্র সম্পর্কে এখনই বিস্তারিত জানাতে অনিচ্ছুক নির্মাতা ও প্রযোজনা সংশ্লিষ্টরা। তবে গল্পকার আবদুল আজিজ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘লজ্জা’ সমাজসচেতনতামূলক গল্পের সিনেমা। তিনি বলেন, ‘এটা একটা সমাজসচেতনতামূলক গল্পের ছবি। মুক্তির তারিখ এখনো ঠিক করিনি।’
অন্যদিকে, নুসরাত ফারিয়া অভিনীত ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’র কাজও শেষ পর্যায়ে। মেহেদী হাসান পরিচালিত এই ওয়েব ফিল্মটির একটি গানের দৃশ্যধারণ বাকি রয়েছে। সেটির কাজ শেষ হলেই পুরো শুটিং সম্পন্ন হবে। ‘লাপাত্তা’ আগামী অক্টোবরে আইস্ক্রিনে মুক্তি পাবে।