পাকিস্তানি নাটকের জনপ্রিয় মুখ এবং আলোচিত সিরিয়াল ‘তেরে বিন’-এর মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া অভিনেতা ওয়াহাজ আলী সম্প্রতি ঢাকায় এসেছেন। পাকিস্তানের সীমানা ছাড়িয়ে বাংলাদেশ ও ভারতসহ দক্ষিণ এশিয়ার দর্শকদের মনে তিনি বিশেষ জায়গা করে নিয়েছেন।
রাজধানীর এক জমকালো ফ্যাশন শোতে অংশ নিতেই তাঁর এই সফর। গত শনিবার সন্ধ্যায় ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে আয়োজিত ‘ইমিরা: দ্য ওয়েডিং চ্যাপ্টার’ শীর্ষক অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াহাজ আলী।
ওই ফ্যাশন শোতে অংশ নিয়েছিলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াও। অনুষ্ঠানের বিরতিতে ওয়াহাজ আলীর সঙ্গে একটি ছবি তুলে তা ফেসবুকে শেয়ার করেছেন ফারিয়া। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘জামদানি পরে গর্বের সঙ্গে হেঁটেছি, ভালোবাসা দিয়ে প্রতিনিধিত্ব করেছি, আর স্মৃতি জমিয়েছি।’ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দুজনের ছবি দ্রুত ছড়িয়ে পড়ে এবং নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করে।
ছবিতে নুসরাত ফারিয়াকে দেখা গেছে জামদানি মোটিফের গাঢ় বেগুনি রঙের একটি স্ট্র্যাপলেস লেহেঙ্গা-চোলিতে। তাঁর সাজে ছিল টিকলি, গলার ভারী হার, ঝুমকা এবং হাতে সোনালি চুড়ি। অন্যদিকে, ওয়াহাজ আলীর পরনে ছিল গাঢ় নীল রঙের একটি ফরমাল স্যুট এবং একই রঙের শার্ট।
ছবিটি প্রকাশের পর সাড়ে পাঁচ হাজারের বেশি মানুষ এতে ‘রিঅ্যাক্ট’ করেছেন এবং অসংখ্য মন্তব্য জমা পড়েছে। নুরুল আমিন নামের এক ফেসবুক ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘এবার তাহলে ওয়াহাজের সঙ্গে একটা সিনেমা করে ফেলো।’
উল্লেখ্য, এই ফ্যাশন শোতে মিস ওয়ার্ল্ডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা সামানজার সাঈদসহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব অংশ নেন।
অভিনয় জগতে ওয়াহাজ আলীর যাত্রা শুরু হয় ২০১৫ সালে ‘ইশক ইবাদত’ নাটকের মাধ্যমে। এরপর তিনি ‘ইশক জালেবি’, ‘দিল নওয়াজ’ এবং ‘ফিতুর’-এর মতো বেশ কিছু জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করে খ্যাতি অর্জন করেন। তবে আন্তর্জাতিক পর্যায়ে তাঁকে ব্যাপক পরিচিতি এনে দেয় ২০২২ সালে প্রচার হওয়া ‘তেরে বিন’ নাটকটি। এই নাটকে ইয়ুমনা জায়েদির বিপরীতে মুরতাসিম খান চরিত্রে তাঁর অভিনয় এবং দুজনের রসায়ন দর্শকদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল।