প্রতিবছরের মতো এবারও অস্কারের ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশ থেকে একটি চলচ্চিত্র পাঠানো হয়। গত এক দশকে এই তালিকায় যুক্ত হয়েছে বিভিন্ন নির্মাণশৈলী ও বৈচিত্র্যময় গল্পের ১০টি সিনেমা। এই তালিকায় যেমন রয়েছে কান চলচ্চিত্র উৎসবের মতো আন্তর্জাতিক মঞ্চে প্রশংসিত কাজ, তেমনি রয়েছে ব্যাপক দর্শকপ্রিয় সিনেমা। আন্তর্জাতিক অঙ্গনে আলোচিতসহ বিভিন্ন স্বাদের চলচ্চিত্র গত ১০ বছরে অস্কারের প্রতিযোগিতার জন্য পাঠানো হয়েছে। ২০১৭ থেকে ২০২৬ সাল পর্যন্ত বাংলাদেশের হয়ে অস্কারের লড়াইয়ে অংশ নেওয়া সিনেমাগুলো কোথায় এবং কীভাবে দেখা যাবে, তার বিস্তারিত নিচে দেওয়া হলো।
১. ‘খাঁচা’—২০১৭ সালে আখতারুজ্জামান ইলিয়াসের গল্প অবলম্বনে নির্মিত ‘খাঁচা’ সিনেমাটি ৯০তম অস্কারের ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। আকরাম খানের পরিচালিত এই সিনেমাটিতে অভিনয় করেছেন জয়া আহসান ও আজাদ আবুল কালাম। সিনেমাটি বর্তমানে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে দেখা যাবে।
২. ‘ডুব’—২০১৮ সালে ৯১তম অস্কারের জন্য বাংলাদেশ থেকে পাঠানো হয় ‘ডুব’ সিনেমাটি। এটি ছিল ইরফান খানের বাংলাদেশে অভিনয় করা প্রথম সিনেমা, যেখানে তাঁর সহশিল্পী ছিলেন নুসরাত ইমরোজ তিশা। মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালিত এই সিনেমাটি দর্শকেরা ইউটিউব ও অ্যামাজন প্রাইমে দেখতে পারবেন।
৩. ‘আলফা’—২০১৯ সালে নগরজীবনের প্রান্তিক মানুষের জীবনগাথা নিয়ে নির্মিত ‘আলফা’ সিনেমাটি ৯২তম অস্কারের ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশের হয়ে অংশ নেয়। নাসির উদ্দীন ইউসুফের পরিচালিত এই সিনেমাটি ইউটিউবে দেখা যাবে।
৪. ‘ইতি, তোমারই ঢাকা’—২০২০ সালে একঝাঁক তরুণ নির্মাতার সমন্বয়ে তৈরি অ্যান্থলজি সিনেমা ‘ইতি, তোমারই ঢাকা’ ৯৩তম অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। গোলাম কিবরিয়া ফারুকী, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়, মাহমুদুল ইসলাম, মীর মোকাররম হোসেন, নুহাশ হুমায়ূন, রাহাত রহমান, রবিউল আলম রবি, সালেহ সোবহান অনীম, সৈয়দ আহমেদ শাওকী, তানিম নূর ও তানভীর আহসান—এই ১১ জন নির্মাতার ১১টি গল্প নিয়ে তৈরি এই সিনেমাটি ইউটিউবের চ্যানেল আই মুভিজে দেখা যাবে।
৫. ‘রেহানা মরিয়ম নূর’—২০২১ সালে কান চলচ্চিত্র উৎসবের আঁ সার্তে রিগা বিভাগে নির্বাচিত হয়ে আন্তর্জাতিকভাবে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছিল ‘রেহানা মরিয়ম নূর’। এরপর ৯৪তম অস্কারের জন্য বাংলাদেশ থেকে সিনেমাটি পাঠানো হয়। আবদুল্লাহ মোহাম্মদ সাদের পরিচালিত এই সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে দেখা যাবে।
৬. ‘হাওয়া’—২০২২ সালে প্রেক্ষাগৃহে অভাবনীয় দর্শকপ্রিয়তা পাওয়া ‘হাওয়া’ ৯৫তম অস্কারের ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশের হয়ে প্রতিযোগিতা করে। মেজবাউর রহমান সুমনের পরিচালিত এই ব্যবসাসফল সিনেমাটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরীফুল রাজসহ আরও অনেকে। এটি ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে দেখা যাবে।
৭. ‘পায়ের তলায় মাটি নাই’—২০২৩ সালে সামাজিক ও রাজনৈতিক বাস্তবতার প্রেক্ষাপটে নির্মিত ‘পায়ের তলায় মাটি নাই’ ৯৬তম অস্কারের জন্য বাংলাদেশের নির্বাচিত সিনেমা হিসেবে মনোনীত হয়। মোহাম্মদ রাব্বি মৃধার ক্যারিয়ারের প্রথম সিনেমা এটি। সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে দেখা যাবে।
৮. ‘বলী’—২০২৪ সালে ইকবাল হোসাইন চৌধুরীর ‘বলী’ (দ্য রেসলার) ৯৭তম অস্কারের ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশের হয়ে পাঠানো হয়। সিনেমাটি এর আগে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিউ কারেন্টস পুরস্কার অর্জন করেছে। এতে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, প্রিয়াম অর্চিসহ অনেকে। সিনেমাটি এখনো কোনো ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায়নি।
৯. ‘বাড়ির নাম শাহানা’—২০২৫ সালে লিসা গাজীর পরিচালিত ‘বাড়ির নাম শাহানা’ সিনেমাটি ৯৮তম অস্কারের জন্য বাংলাদেশের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়। একটি বাড়িকে কেন্দ্র করেই এই সিনেমার গল্প। উল্লেখ্য, অস্কারে বাংলাদেশ থেকে পাঠানো প্রথম নারী নির্মাতার সিনেমা এটি। সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে দেখা যাবে।
১০. ‘রইদ’—আসন্ন ৯৯তম অস্কারের আসরে মেজবাউর রহমান সুমনের দ্বিতীয় সিনেমা ‘রইদ’ বাংলাদেশ থেকে নির্বাচিত হয়েছে। ‘রইদ’ মূলত সাধু ও তাঁর স্ত্রী পাগলির সম্পর্কের সরল অথচ গভীর আখ্যান। প্রেম ও নীরবতার মধ্য দিয়ে মানবজীবনের চিরন্তন এক আদিম প্রেমের গল্প তুলে ধরা হয়েছে সিনেমাটিতে। সিদ্দিক আহমেদ, মেজবাউর রহমান সুমন, জাহিন ফারুক ও শুকর্ণ শাহেদ ধীমানের চিত্রনাট্যে নির্মিত ছবিটির গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি। সিনেমাটি এখনো কোনো ওটিটি বা ইউটিউবে প্রকাশ পায়নি।
২০০২ সাল থেকে বাংলাদেশ অস্কারের ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে সিনেমা পাঠিয়ে আসছে। ২০২৬ সালের ‘রইদ’সহ এখন পর্যন্ত মোট ২২টি বাংলাদেশি সিনেমা এই প্রতিযোগিতায় পাঠানো হয়েছে; তবে এখনো বাংলাদেশ থেকে কোনো সিনেমা চূড়ান্ত মনোনয়ন পায়নি।