পাবনার বেড়া উপজেলায় বিএনপি এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দিনভর রক্তক্ষয়ী সংঘর্ষের পর বর্তমানে পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছে। তবে স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, যেকোনো মুহূর্তে এই সংঘাত আবারও ছড়িয়ে পড়তে পারে। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সংঘর্ষের তীব্রতা কমলেও পুরো এলাকায় এখনো থমথমে পরিবেশ বিরাজ করছে।

প্রাপ্ত তথ্যানুযায়ী, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে স্যানালপাড়া ও বৃশালিখা এলাকায় সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকুর বাড়ির সামনে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। দুপুর গড়াতেই এই সংঘাত বৃশালিখা, স্যানালপাড়া ও সওদাগরপাড়াসহ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে, যদিও আহতদের সঠিক নাম-পরিচয় ও সংখ্যা এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি।

সংঘর্ষ চলাকালীন দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া, টেঁটা, বল্লম ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস (টিয়ারশেল) ও রাবার বুলেট নিক্ষেপ করে। এই সময় উত্তেজিত জনতা পুলিশের দিকেও ইটপাটকেল ছুড়ে মারে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় বেড়া মডেল থানার সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন। পরবর্তীতে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের ধাওয়ার মুখে তারা ছত্রভঙ্গ হয়ে যান। এর কিছুক্ষণ পর বৃশালিখা এলাকায় শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়ির সামনে থাকা খড়ের পালায় আগুন দেওয়া হয়। এরপর দুই পক্ষের সমর্থকদের অন্তত পাঁচ থেকে সাতটি বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে।

এই ঘটনার রেশ ধরে এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত দুই দিন ধরে বেড়া পৌর এলাকার পায়না, বৃশালিখা, সওদাগরপাড়া ও হাতিগাড়াসহ কয়েকটি মহল্লায় চরম উত্তেজনা বিরাজ করছিল। এই সময়ে উভয় পক্ষের বিক্ষোভ মিছিল ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে।

পরিস্থিতি সামাল দিতে শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় স্থানীয় সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার আবু আশরাফসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।

সভা শেষে ওসি নয়ন কুমার সরকার হাতিগাড়া এলাকায় পরিস্থিতি পর্যবেক্ষণে গেলে বিএনপি-সমর্থিত উত্তেজিত জনতা পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এই উত্তেজনার মাঝে সংঘর্ষের ভিডিও ধারণ ও সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক সংবাদকর্মী লাঞ্ছিত হন এবং তার ক্যামেরা ভাঙচুর করা হয়।

এ বিষয়ে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকার বলেন, “বর্তমানে সংঘর্ষ কিছুটা থেমেছে। সংঘর্ষের খবর পেলেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা থামানোর চেষ্টা করছে। আহতের সংখ্যা এখনও জানা যায়নি।”

পাবনার পুলিশ সুপার আবু আশরাফ বলেন, “বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার পরিপ্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থলে রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় পুলিশ কাজ করছে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসবে বলে আশা করছি।”