বর্তমান সময়ে ক্রিকেটে ব্যাটিং মানেই আর কেবল ক্লাসিক শটের প্রদর্শনী নয়; বরং এটি এখন উদ্ভাবন, সাহস এবং অবিশ্বাস্য সব কারিকুরির এক বিশাল মঞ্চ। বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে আগ্রাসী ব্যাটিংয়ের যে ধরন দেখা যাচ্ছে, তা ক্রিকেটের প্রচলিত শটের ধারণাকেই নতুন চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে।

রশিদ খান, সূর্যকুমার যাদব, গ্লেন ম্যাক্সওয়েল থেকে শুরু করে ন্যাটালি শিভার-ব্রান্ট—বিশ্ব ক্রিকেটের এই তারকাদের হাত ধরে বেশ কয়েকটি শট আলাদা পরিচিতি পেয়েছে। কোনো শটে দেখা যায় নিখুঁত টাইমিং, কোনোটিতে কবজির প্রচণ্ড জোর, আবার কোনোটিতে স্রেফ কল্পনাকেও হার মানানো উদ্ভাবনী কৌশল। ক্রিকেটের সেই বিচিত্র ও বিস্ময়জাগানিয়া শটগুলোর গল্প নিয়েই এই বিশেষ আলোচনা।

নো লুক শটের ক্ষেত্রে ব্যাটসম্যান বলের দিকে না তাকিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেন, তা সত্ত্বেও শটটি ঠিক জায়গায় গিয়ে লাগে। দেখে মনে হয় যেন না দেখেই বলটি মারলেন! এই শটের কথা উঠলে সবার আগে ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে ফ্লেচারের নাম সামনে আসে। ওয়েস্ট ইন্ডিজের এই ওপেনার নিয়মিত এই শটটি খেলতেন। বর্তমানে দক্ষিণ আফ্রিকার ডেভাল্ড ব্রেভিস এবং পাকিস্তানের সাইম আইয়ুবও নিয়মিত এই শটটি খেলছেন।

অন্যদিকে রশিদ খান নিজেই একটি বিশেষ শটের নাম দিয়েছেন ‘স্নেক শট’। এটি অনেকটা ‘হেলিকপ্টার শটের’ মতো হলেও মূল পার্থক্য হলো, তিনি বলটি এক ঝটকায় ওপরে তোলেন এবং সঙ্গে সঙ্গে ব্যাট আবার আগের অবস্থানে ফিরে আসে। ঠিক যেভাবে একটি সাপ হঠাৎ ছোবল মেরে নিজের জায়গায় ফিরে যায়, এই শটটিও তেমন।

সুইচ হিট এমন এক শট যেখানে বোলার বল ছাড়ার ঠিক আগ মুহূর্তে ব্যাটসম্যান হঠাৎ ডানহাতি থেকে বাঁহাতি হয়ে যান, অথবা বাঁহাতি থেকে ডানহাতি। এটি রিভার্স সুইপ শটের মতো মনে হলেও এখানে ব্যাট ধরার হাতও বদলে ফেলা হয়। অনেকটা বেসবলের সুইচ হিটিংয়ের মতো এই কৌশলের শুরুটা হয়েছিল কেভিন পিটারসেনের হাত ধরে। বর্তমানে এটি গ্লেন ম্যাক্সওয়েলের ‘গো টু শট’। এই শট ব্যবহার করে একশ মিটার দূরত্বের ছক্কা মারার উদাহরণও রয়েছে তাঁর। ম্যাক্সওয়েলের সতীর্থ ডেভিড ওয়ার্নারও এই শটটি খেলে থাকেন।

মহেন্দ্র সিং ধোনির হেলিকপ্টার শটের এক উন্নত রূপ দেখা যায় সূর্যকুমার যাদবের খেলায়। ধোনির বিখ্যাত হেলিকপ্টার শটকে নতুন মাত্রায় নিয়ে গেছেন টি-টোয়েন্টি ক্রিকেটের একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর সূর্যকুমার যাদব। সূর্য এই শটটি মূলত মিডউইকেট লক্ষ্য করে খেলেন এবং কবজির নিখুঁত ব্যবহারের মাধ্যমে এটি সম্পন্ন করেন।

র‍্যাম্প শটের ক্ষেত্রে ব্যাটসম্যান শরীরের কাছে আসা বলকে ব্যাট নিচু করে উইকেটকিপারের মাথার ওপর দিয়ে বা পাশ দিয়ে থার্ডম্যান অঞ্চলে পাঠান। এবি ডি ভিলিয়ার্স এবং সূর্যকুমার যাদবরা এই শট খেলেছেন। তবে হার্দিক পান্ডিয়া এই শটটিকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছেন।

প্যাডল স্কুপে ব্যাটসম্যান স্টাম্পের দিক থেকে সরে গিয়ে ব্যাট চামচের মতো ধরে বলকে উইকেটকিপারের মাথার ওপর দিয়ে তুলে দেন। জিম্বাবুয়ের ডগলাস ম্যারিলিয়ার এই শট খেলতেন, তবে তিলকারত্নে দিলশান একে ‘দিলস্কুপ’ নামে জনপ্রিয় করেন। বর্তমানে টি-টোয়েন্টিতে দ্রুত রান তোলার জন্য অনেকেই এই শটটি ব্যবহার করেন। ইংলিশ কিংবদন্তি জো রুট খেলেন রিভার্স স্কুপ, যা তিনি টেস্ট ক্রিকেটেও নিয়মিত খেলেন।

সুইপ শট এখন প্রায় সব ব্যাটসম্যানই খেলেন, তবে ওলি পোপের ধরনটি আলাদা। তিনি ব্যাকফুট দিয়ে এমনভাবে সামনে এগিয়ে আসেন যে মনে হয় সামনে হাঁটছেন, তারপর ওই অবস্থাতেই সুইপ করেন। এটি সাধারণ সুইপ হলেও তাঁর ভঙ্গিটি একেবারে নতুন। রশিদ খান ও শাদাব খানের বিপক্ষে ভাইটালিটি ব্লাস্টে তিনি এই শটটি খেলেছেন।

ফুল লেংথের বলের ক্ষেত্রে যখন ব্যাটসম্যানের সামনে খেলার সুযোগ থাকে না এবং যথেষ্ট জায়গা না থাকায় সামনে খেলতে গেলে বিপদের সম্ভাবনা থাকে, তখন সোজা ব্যাট চালানোর সুযোগ না পেয়ে পা দুটি ফাঁক করে পায়ের মাঝ দিয়ে বল পাঠান বাউন্ডারিতে। এই অদ্ভুত শটের নামই ‘নাটমেগ’। ইংল্যান্ডের নারী ক্রিকেটার ন্যাটালি শিভার-ব্রান্ট এই শটটিকে বিখ্যাত করেছেন।

তবে এই শটটি শিভার প্রথম খেলেন তা নয়। এর আগেও ছেলেদের ক্রিকেটে এমন শট দেখা গেছে এবং একে একসময় ‘ড্র শট’ বলা হতো। অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথও আগে এই শটটি খেলেছেন। তবে বর্তমানে এটি শিভারের শট নামেই বেশি পরিচিতি লাভ করেছে।