ইসলামী আন্দোলন বাংলাদেশ নিয়ে পরিকল্পিতভাবে মিথ্যাচার চালানো হলে তার বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে। দলের সহকারী মহাসচিব এবং মিডিয়া বিভাগের প্রধান শেখ ফজলুল করীম মারুফ এই হুঁশিয়ারি দিয়েছেন।

শনিবার (২১ নভেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে তিনি এই বিষয়ে বিস্তারিত জানান।

বিবৃতিতে শেখ ফজলুল করীম মারুফ বলেন, “ইসলামী আন্দোলনের বিরুদ্ধে নোংরা মিথ্যাচার করে যাচ্ছে একটি মহল। স্বনামে কথা বলার সাহস না থাকায় অধিকাংশ ক্ষেত্রেই এসব প্রচারণা বেনামে ও ছদ্মবেশে চালানো হয়। সাম্প্রতিক ফাহিম ফারুকী নামে এক ব্যক্তি সংবাদ সম্মেলন করে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে সুনির্দিষ্ট বিষয়ে মিথ্যা ছড়িয়েছে।”

এই ধরনের অপপ্রচার রাজনৈতিক সংস্কৃতিকে কলুষিত করছে বলে মন্তব্য করেন তিনি। সেই সঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, “এসব মিথ্যাচারের বিরুদ্ধে ইসলামী আন্দোলন দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেবে।”

রাজনৈতিক আদর্শ ও কর্মপন্থার ভিন্নতার কারণেই দেশে বিভিন্ন রাজনৈতিক দলের জন্ম হয় এবং এটাই রাজনীতির প্রকৃত সৌন্দর্য্য বলে মনে করেন শেখ ফজলুল করীম মারুফ। তিনি উল্লেখ করেন যে, দলগুলোর মধ্যে পারস্পরিক প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতা থাকা স্বাভাবিক, তবে নোংরা ও তীব্র মিথ্যাচার কোনোভাবেই সহনীয় নয়।

মিথ্যাচারের বিরুদ্ধে রাজনৈতিক প্রচেষ্টার পাশাপাশি এখন আইনি পদক্ষেপ নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই বলে জানান দলের এই সহকারী মহাসচিব।