সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সম্প্রতি ‘ফেতনায়ে মামুনিয়া ও মাওলানা আব্দুল হক আজাদের গর্জন’ শীর্ষক একটি বই নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ওই বইটির লেখা এবং মুদ্রণ প্রক্রিয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং দলটির শীর্ষ পর্যায়ের নেতাদের সংশ্লিষ্টতার কথা দাবি করে ফেসবুকে বিভিন্ন পোস্ট করা হয়েছে। তবে এই অভিযোগ নাকচ করে দিয়ে জানিয়েছেন যে, বিতর্কিত এই বইটির সঙ্গে ইসলামী আন্দোলনের কোনো সম্পর্ক নেই। দলের সহকারী মহাসচিব ও প্রচার বিভাগীয় প্রধান শেখ ফজলুল করীম মারুফ এই বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার (১৪ অক্টোবর) বিকেল ৩টা ৪১ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একটি পোস্টে তিনি এই তথ্য জানান।
ফেসবুক পোস্টে শেখ ফজলুল করীম মারুফ লিখেছেন, ‘ফেতনায়ে মামুনিয়া ও মাওলানা আব্দুল হক আজাদের গর্জন’ নামে শাকের হোসাইন শিবলী একটি বই লিখেছেন বলে অনলাইনে দেখা যাচ্ছে।
এই বইয়ের শিরোনামে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মাওলানা আব্দুল হক আজাদ হাফিজাহুল্লাহর নাম উল্লেখিত থাকলেও আমরা পরিস্কার করে জানাচ্ছি যে, এই বইয়ের সঙ্গে দলগতভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো ধরনের সম্পর্ক নেই। ব্যক্তিগতভাবেও মাওলানা আব্দুল হক আজাদ হাফিজাহুল্লাহ বা অন্য কারও কোনো সম্পর্ক নেই।’
তিনি আরও উল্লেখ করেন যে, রাজনৈতিক মতপার্থক্য থাকা এবং সেই বিষয়ে নানা যুক্তি-তর্ক চলমান থাকলেও ইসলামী আন্দোলন রাজনীতিতে সৌহার্দ্য বজায় রাখা এবং পারস্পরিক সম্মান প্রদর্শনের নীতিতে বিশ্বাসী।
বইটির সম্পাদক মাওলানা শাকের হোসাইন শিবলীর সঙ্গে কথা হয়েছে বলে জানিয়ে শেখ ফজলুল করীম মারুফ লেখেন, ‘এই বই নিছকই লেখকের নিজস্ব চিন্তা ও উদ্যোগ। লেখক নিজেও কোনোভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত নয়।’
পরিশেষে, এই বইটিকে কেন্দ্র করে ইসলামী আন্দোলন বাংলাদেশ বা দলটির সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি বা পক্ষকে সমালোচনার বিষয়ে পরিণত না করার জন্য অনুরোধ জানিয়েছেন শেখ ফজলুল করীম মারুফ।