মন্ত্রিপরিষদ বিভাগের কোটাভুক্ত সরকারি বাসা বা ফ্ল্যাট এখন থেকে আর কাউকে ভাড়া বা সাবলেট দেওয়া যাবে না। এমনকি ফ্ল্যাটের একটি নির্দিষ্ট রুমও অন্য কারো কাছে ভাড়া দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। যারা ইতিমধ্যে এই ধরনের বাসা বা ফ্ল্যাটের কোনো অংশ ভাড়া দিয়েছেন, তাদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে ভাড়াটিয়া সরিয়ে নেওয়ার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ভাড়াটিয়া অপসারণ না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসন ও শৃঙ্খলা শাখা থেকে সিনিয়র সহকারী সচিব মো. ইমরান হোসেনের স্বাক্ষরিত একটি সংশোধিত বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন আদেশ জারি করা হয়।
সংশোধিত বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, ‘সরকারি আবাসন পরিদপ্তর কর্তৃক গত ২৯ অক্টোবর সরকারি আবাসন পরিদপ্তরের অধীন বাসা/ফ্লাটে সাবলেট/ভাড়া বন্ধকরণ বিষয়ক গণবিজ্ঞপ্তি এবং মন্ত্রিপরিষদ বিভাগের কোটাভুক্ত বাসা বরাদ্দ কমিটির ৯ নভেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মন্ত্রিপরিষদ বিভাগের কোটাভুক্ত কোনো বাসা/ফ্ল্যাটের বরাদ্দপ্রাপক কর্তৃক তার নামে বরাদ্দকৃত বাসা/ফ্ল্যাটের সম্পূর্ণ বা আংশিক (এক বা একাধিক রুমসহ) কোনোভাবেই সাবলেট/ভাড়া প্রদান করতে পারবেন না।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘যারা ইতোমধ্যে সাবলেট/ভাড়া প্রদান করেছেন, তাদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে সাবলেট/ভাড়াটিয়াকে আবশ্যিকভাবে অপসারণ করে যথানিয়মে বরাদ্দকৃত বাসায় অবস্থান/ বসবাস করার জন্য নির্দেশনা প্রদান করা হলো।’
ভাড়াটিয়া অপসারণে ব্যর্থ হলে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে যে, ‘উল্লিখিত সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর কোনো বাসায় সাবলেট/ভাড়া পাওয়া গেলে কোনো কারণ দর্শানো ব্যতিরেকে বাংলাদেশ বরাদ্দ বিধিমালা, ১৯৮২ অনুযায়ী সংশ্লিষ্ট বরাদ্দপ্রাপকের বরাদ্দ বাতিলসহ বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এর আগে গত ২৯ অক্টোবর সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক মো. জাহিরুল ইসলাম খানের স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে সরকারি বাসা ও ফ্ল্যাটে সাবলেট বা ভাড়া দেওয়ার বিষয়টি নিষিদ্ধ করা হয়েছিল। পরবর্তীতে গত ৯ নভেম্বর মন্ত্রিপরিষদ বিভাগের কোটাভুক্ত বাসা বরাদ্দ কমিটির সভায় গৃহীত সিদ্ধান্তের আলোকে বর্তমান সংশোধিত বিজ্ঞপ্তিটি জারি করা হলো।