ঘূর্ণিঝড় ও প্রতিকূল আবহাওয়ার কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে সুন্দরবনের দুবলার চরের ঐতিহ্যবাহী শুঁটকি পল্লী। সাগরে মাছ ধরতে না পারা, রোদের অভাবে চাতালে মাছ পচে যাওয়া, দস্যু আতঙ্ক এবং মহাজনের ঋণের চাপে দিশেহারা হয়ে পড়েছেন চরের প্রায় ১০ হাজার জেলে, বহদ্দার ও ব্যবসায়ী। ব্যবসায়ীদের দাবি অনুযায়ী, চলতি মৌসুমের শুরুতেই শুঁটকি উৎপাদন প্রায় ৭০ শতাংশ কমে গেছে।
বঙ্গোপসাগরের তীরবর্তী দুবলার চরে প্রায় এক শতাব্দীর ঐতিহ্য ধরে প্রতিবছর শুঁটকি আহরণ ও উৎপাদনের বিশাল কর্মযজ্ঞ চলে। কোরাল, লাক্ষ্যা, রূপচাঁদা, রইট্যা ও ছুরিসহ বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ থেকে তৈরি এই শুঁটকি দেশের অভ্যন্তরীণ বাজারের চাহিদা মেটানোর পাশাপাশি ভারত, মিয়ানমার ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। তবে চলতি মৌসুমের শুরুতেই ১৫ দিনের ব্যবধানে তিনটি ঘূর্ণিঝড়ের প্রভাবে এই পুরো প্রক্রিয়ায় ছন্দপতন ঘটেছে। সাগরে মাছ ধরতে না পেরে অলস সময় কাটাচ্ছেন জেলেরা। অন্যদিকে, রোদ না থাকায় চাতালে শুকাতে দেওয়া মাছ পচে নষ্ট হয়ে যাচ্ছে।
গত ৩০ অক্টোবর পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি আহরণ মৌসুম শুরু হয়। এর আগে ২৯ অক্টোবর দেশের বিভিন্ন প্রান্ত থেকে জেলে ও বহদ্দাররা প্রয়োজনীয় প্রস্তুতি ও বন বিভাগের অনুমতিপত্র নিয়ে সেখানে পৌঁছান। কিন্তু ৩১ অক্টোবর ঘূর্ণিঝড় অর্ণব এবং ৩ নভেম্বর ঘূর্ণিঝড় মুড়াশুর প্রভাবে বৈরী আবহাওয়া শুরু হয়। এর ফলে ৫ নভেম্বর পর্যন্ত জেলেরা সাগরে মাছ ধরতে পারেননি। প্রচণ্ড ঝোড়ো হাওয়ায় অনেকের তাঁবু উড়ে যায়, ছিঁড়ে যায় জাল এবং ক্ষতিগ্রস্ত হয় নৌকা। বৃষ্টির কারণে চাতালে শুকাতে দেওয়া মাছ ভিজে নষ্ট হয়ে যায়।
পাঁচ থেকে ১৫ নভেম্বরের মধ্যে আবহাওয়া কিছুটা স্বাভাবিক হওয়ায় জেলেরা পুনরায় মাছ আহরণ ও শুঁটকি তৈরির কাজ শুরু করেন। কিন্তু ১৬ নভেম্বর থেকে ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে পরিস্থিতির আবারও অবনতি ঘটে। টানা বৃষ্টি ও মেঘাচ্ছন্ন আকাশের কারণে মাছ শুকানোর কাজ বন্ধ হয়ে যায়। জেলেরা জানিয়েছেন, গত তিন দিন ধরে কোনো ট্রলার মাছ ধরতে যেতে পারেনি। ফলে বিভিন্ন খালে নৌকা ও ট্রলার নোঙর করে বসে থাকতে হচ্ছে তাদের।
জেলে শফিকুল ইসলাম বলেন, “গত ২০ বছরে এমন পরিস্থিতি দেখেননি তিনি। মৌসুমের শুরুতেই তিনটি ঝড় এসেছে। ১৫ জন জেলে একসঙ্গে বসে আছেন। তাদের প্রতিদিন খাবারের পেছনে খরচ হয় পাঁচ হাজার টাকা। মাছ ধরতে না পারলে এই টাকা আসবে কোথা থেকে? মহাজনের কাছ থেকে আর কত ঋণ নেবেন?”
জেলে আবুল কালাম বলেন, “মহাজনের কাছ থেকে ৮০ হাজার টাকা দাদন নিয়ে দুবলার চরে এসেছেন। এখন সাগরে যেতে পারছেন না। বসে বসে ঋণের পরিমাণ বাড়ছে। বাড়িতে স্ত্রী-সন্তানের জন্য টাকাও পাঠাতে পারছেন না। ছেলেটি ফোন করে জানতে চায়, আব্বু কবে টাকা পাঠাবে?”
শাহবাজ হোসেন বলেন, “আমরা সাগরে মাছ ধরতে এসেছি, এখন সাগরই আমাদের খেতে আসছে। রোদ না উঠলে এই মৌসুমে আর ঘুরে দাঁড়ানো যাবে না।” অন্যদিকে, জেলে ফারুক হোসেন জানান, তারা মাছ কাটা ও শুকানোর কাজ করেন এবং দিনে ৩০০ টাকা মজুরি পান। কিন্তু কাজ না থাকলে সেই মজুরিও নেই।
দুবলার চরের পাঁচটি প্রধান চর—আলোর কোল, মেহের আলীর চর, মাঝের কেল্লা, অফিস কেল্লা ও নারকেলবাড়িয়ায় এবার প্রায় ১০ হাজার জেলে, বহদ্দার ও শ্রমিক অবস্থান নিয়েছেন। প্রতিবছর এসব এলাকায় প্রায় ৩০ থেকে ৩৫ হাজার মেট্রিক টন শুঁটকি উৎপাদিত হয়। তবে ব্যবসায়ীদের মতে, এবার মৌসুমের শুরুতেই উৎপাদন প্রায় ৭০ শতাংশ কমে গেছে। এক ব্যবসায়ী জানান, গত বছর এই সময়ে তার চাতালে ২০ মণ মাছ শুকানো হয়েছিল, কিন্তু এবার পেয়েছেন মাত্র তিন মণ; সেগুলোও বৃষ্টিতে পচে যাচ্ছে।
শুঁটকি উৎপাদনের এই সংকটের পাশাপাশি জেলে ও মহাজনদের জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে দস্যু আতঙ্ক। গত মৌসুমে চাঁদাবাজি, জেলে অপহরণ ও মুক্তিপণ আদায়ের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে তারা বিপর্যস্ত হয়েছিলেন। অনেক মহাজন বিনিয়োগের অর্থ তুলতে পারেননি। কেউ ব্যবসা গুটিয়ে নিয়েছেন, আবার কেউ ঋণ পরিশোধ করতে জমিজমা পর্যন্ত বিক্রি করেছেন।
শুঁটকি পল্লীর জেলে সমিতির সাধারণ সম্পাদক মো. জাকির শেখ বলেন, “অনেক জেলে এখনও গত বছরের ঋণের বোঝা টানছেন। এবার ভালো কিছু হবে, এমন আশায় আবার ঋণ করে শুঁটকি পল্লীতে এসেছিলেন তারা। কিন্তু দস্যুদের আতঙ্ক ও বৈরী আবহাওয়া তাদের সব স্বপ্ন নষ্ট করে দিয়েছে।”
মৎস্য সমবায় সমিতির সভাপতি আব্দুর রউফ মেম্বর বলেন, “আবহাওয়া কবে স্বাভাবিক হবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এভাবে আরও চার-পাঁচ দিন চলতে থাকলে মাছ আহরণ বন্ধ থাকার পাশাপাশি চাতালে থাকা মাছও নষ্ট হয়ে যাবে। এতে জেলেদের ক্ষতির পরিমাণ আরও বাড়বে।”
দুবলা জেলেপল্লি টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার খলিলুর রহমান বলেন, “এ ক্ষতি শুধু জেলেদের নয়, সরকারেরও। দুবলার চরে শুঁটকি আহরণের জন্য বন বিভাগের কাছ থেকে পারমিট নিতে হয়। প্রতি মৌসুমে এখান থেকে প্রায় আট কোটি টাকা রাজস্ব আদায় হয়। পরপর তিনটি ঘূর্ণিঝড়ের কারণে এবার রাজস্ব আদায়ে বড় ধরনের ঘাটতির আশঙ্কা রয়েছে। তবে জেলেদের নিরাপত্তাই এখন সবচেয়ে বড় অগ্রাধিকার। তাদের সাগরে না নামার জন্য বারবার মাইকিং করা হচ্ছে।”
খুলনা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. মিজানুর রহমান বলেন, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। শনিবার সকাল ৯টা পর্যন্ত খুলনায় ৩৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।